কতটা প্রস্তুত ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটখাটো ভূমিকম্প এসে প্রায়ই কাঁপিয়ে দিয়ে যাচ্ছে ঢাকা মহানগর। এখন বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতেও আছে নগর—এ আশঙ্কার কথা বলছেন বিশেষজ্ঞরা। এমন ভূমিকম্পে নগরের ভবনগুলো টিকে থাকতে পারবে তো, পরিষেবা অবকাঠামোর দশাই বা কেমন হবে? ভূমিকম্প বিষয়ে জনসচেতনতা কার্যক্রম কতদূর? উদ্ধারকারী কর্তৃপক্ষের প্রস্তুতি কেমন? এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন আজহার হোসেন।কতটুকু ঝুঁকিবিশেষজ্ঞদের মতে, ঢাকা মহানগর বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে আছে। এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ও বাংলাদেশ নেটওয়ার্ক অফিস ফর আরবান সেফটি (বিএনইউএস) প্রকল্পের পরিচালক ড. মেহেদী আহম্মদ আনসারী জানান, বাংলাদেশে অতীতে যেসব ভূমিকম্প হয়েছে, এর ধারাবাহিক কোনো রেকর্ড নেই। ফলে বিচ্ছিন্ন কিছু তথ্য দিয়ে ভূমিকম্প হওয়ার বিষয়টি নিরূপণ করা সম্ভব নয়। আবার এমন কোনো প্রযুক্তিও নেই যে ভূমিকম্প হওয়ার আগে তার পূর্বাভাস পাওয়া যাবে। ঢাকা যে বড় মাত্রার কোনো ভূমিকম্পের উৎস হবে না, সে কথা বলা যায়। তবে ঢাকার আশপাশের কোনো জেলায় হওয়া ভূমিকম্পে ঢাকা নগরই বেশি ক্ষতিগ্রস্ত হবে। সিলেট, আসাম কিংবা টাঙ্গাইলে ছয় থেকে সাত মাত্রার ভূমিকম্পে ঢাকা নগরের ৩০ শতাংশ ভবনই ধসে পড়বে।সম্প্রতি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক জাতীয় সংসদে এক প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন, টাঙ্গাইলের মধুপুরে সাত মাত্রার একটি ভূমিকম্প হলে রাজধানীর প্রায় ৭২ হাজার ভবন পুরোপুরি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। ঢাকা ওয়াসা থেকে জানা যায়, তাদের উত্তোলিত সরবরাহ করা পানির ৮৭ শতাংশ আসে ভূগর্ভ থেকে। নগরের ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে, মাটির নিচে তৈরি হচ্ছে শূন্যস্থান। ভূমিকম্পের প্রচণ্ড ঝাঁকুনিতে মাটি সহজেই শূন্য স্থানে ধসে পড়বে বলে জানান মেহেদী আহম্মদ আনসারী।গত ৩০ জুন এক মতবিনিময় সভায় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান জানিয়েছেন, আগামী ১০ বছরে ভূগর্ভের পানির ব্যবহার বর্তমানের তুলনায় ৭০ শতাংশ কমিয়ে আনবে ঢাকা ওয়াসা। এ জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।পরিষেবার কী হবে?বড় ধরনের ভূমিকম্প হলে নগরের পানি, বিদ্যুৎও গ্যাসের মতো পরিষেবাগুলোর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে মেহেদী আহম্মদ আনসারী জানান, ভূমিকম্প-পরবর্তী সময়ে সুপেয় পানির সংকট হতে পারে। ভূগর্ভস্থ পয়োনিষ্কাশনের নল ফেটে তরল বর্জ্য মাটির ওপরে এসে পরিবেশ অস্বাস্থ্যকর করে ফেলতে পারে। এ বিষয়ে ঢাকা ওয়াসার ‘ঢাকা মহানগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্প’-এর পরিচালক শহীদ উদ্দিন বলেন, ‘নগরে বড় ধরনের ভূমিকম্পের ক্ষতি মোকাবিলার অভিজ্ঞতা ওয়াসার নেই। ভূমিকম্পের মতো দুর্যোগে ক্ষয়ক্ষতির ধরন বুঝে ব্যবস্থা নেওয়া হবে।’ভূমিকম্পের পরপরই গ্যাস সরবরাহের ক্ষেত্রে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি থেকে যায়। তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেড থেকে বলা হয়েছে, নগরের প্রায় ৯৫ শতাংশ গ্যাসের চুলা সব সময় জ্বালিয়ে রাখা হয়। একটি সাধারণ মানের ভূমিকম্প হলে জ্বলন্ত চুলা থেকে আগুন গ্যাস সরবরাহ নলে ছড়িয়ে পড়তে পারে। এ বিষয়ে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল আজিজ খান জানান, তিতাস গ্যাসনিয়ন্ত্রণ স্টেশনগুলো থেকে যেকোনো এলাকার গ্যাস সরবরাহব্যবস্থা চালু কিংবা বন্ধ রাখার মতো ব্যবস্থা তাদের আছে। কিন্তু বড় ধরনের দুর্যোগে স্টেশন যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন তাৎক্ষণিকভাবে কিছু করা সম্ভব না-ও হতে পারে। এ জন্য সব গ্রাহককে সচেতন হতে হবে, যাতে করে দুর্যোগের সময়ে ঠান্ডা মাথায় বিপদ কাটানো যায়।এলোমেলো বিদ্যুৎ সরবরাহ তারে জড়িয়ে সাধারণ নাগরিক, এমনকি উদ্ধারকর্মীও বিদ্যুৎস্পৃষ্ট হতে পারেন। এ ক্ষেত্রে উদ্ধারকাজ শুরুর আগে অবশ্যই বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। দুর্যোগ-পরবর্তী সময়ে বিদ্যুতের সরবরাহব্যবস্থার বিষয়ে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সোবহান জানান, বৈদ্যুতিক তারে ‘আর্থ ফল রিলে’ ও ‘ওভার কারেন্ট রিলে’ নামে দুটি স্বয়ংক্রিয়ব্যবস্থা রয়েছে। ‘আর্থ ফল রিলে’ প্রযুক্তিতে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এমন তার মাটির সংস্পর্শে এলে আশপাশের বিদ্যুৎ সরবরাহব্যবস্থা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আবার ট্রান্সফরমার বিকল হয়ে উচ্চমাত্রার বিদ্যুৎ প্রবাহিত হলে ‘ওভার কারেন্ট রিলে’ প্রযুক্তিতে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এ ছাড়া নির্দিষ্ট স্টেশন থেকে বিদ্যুৎ বন্ধ করার ব্যবস্থা তো রয়েছেই। এসব ব্যবস্থা থাকায় দুর্যোগের সময় বৈদ্যুতিক দুর্ঘটনা সহজেই এড়ানো যাবে বলে তিনি মনে করেন।এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচিতে (সিডিএমপি-১) ভূমিকম্প-পরবর্তী উদ্ধারকাজসহ বিভিন্ন পরিকল্পনায় পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে রাখা হয়েছে। কর্মসূচির একটি সেমিনারের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। এরপর তাঁদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়েছে কি না জানতে চাইলে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর উপপরিচালক (প্রশিক্ষণ) জানান, এ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে (সিডিএমপি-২) পরিষেবা সংস্থাগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।চলছে স্বেচ্ছাসেবক প্রশিক্ষণভূমিকম্পের ক্ষতি কমাতে এ বিষয়ে জনসচেতনতা তৈরি ও এলাকাভিত্তিক স্বেচ্ছাসেবক গড়তে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর রয়েছে সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি (সিডিএমপি)। এর প্রথম পর্যায়ে (সিডিএমপি-১) ভূমিকম্প-ঝুঁকির মানচিত্র তৈরি করা হয়েছে। নগরে ভূমিকম্প-ঝুঁকি কতটুকু, এই মানচিত্রে তা নির্ণয় করা হয়েছে। এর আলোকে নানা রকম পরিকল্পনা ও উদ্ধারকাজের প্রস্তুতির বিষয়টি রয়েছে। এতে দমকল বাহিনী, সেনাবাহিনী, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো, স্বাস্থ্যসেবা, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর, পানি, গ্যাস, বিদ্যুৎ ও পয়োনালা-নিয়ন্ত্রণ সংস্থাকে অন্তর্ভুক্ত করা হয়।এখন সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির দ্বিতীয় পর্যায় (সিডিএমপি-২) বাস্তবায়িত হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে সারা দেশে পর্যায়ক্রমে ৬২ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শাহিদ উল্লাহ জানান, দেশের সিটি করপোরেশনগুলোর প্রতিটি ওয়ার্ডে ২০০ স্বেচ্ছাসেবককে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ছাড়া বিভাগীয় পর্যায়ে ২০০ জন করে স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ পাচ্ছেন। সরকার থেকে স্বেচ্ছাসেবকদের হালকা উদ্ধার সরঞ্জাম দেওয়া হবে, যাতে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে এসব স্বেচ্ছাসেবক সবার আগে উদ্ধারকাজে নেমে যেতে পারেন।এদিকে নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভূমিকম্প বিষয়ে সচেতন করা, এর ঝুঁকি ও পরবর্তী উদ্ধারকাজের বিষয়ে শিক্ষাদানের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, ছয়টি ধাপে এই প্রশিক্ষণ চলছে। এর মধ্যে বিপৎসংকেত গ্রহণ, সংকেতে সাড়া দেওয়া, বিপদপূর্ণ এলাকা ছেড়ে যাওয়া, খোলা জায়গায় আশ্রয় নেওয়া, জনগণনা আর প্রশিক্ষণের মূল্যায়ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর ডিজাস্টার অ্যান্ড ভালনারবেলেটি স্টাডিজ’-এর সমন্বয়ক মাহবুবা নাসরীন জানান, ভূমিকম্পের ভয়াবহতা নিয়ে মডেল তৈরি করে নাগরিকদের সচেতন করছে তাদের সেন্টার।