কতিপয় দুশ্চরিত্রের জন্য শিক্ষকসমাজের মাথা হেট: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কতিপয় দুশ্চরিত্র শিক্ষকের জন্য শিক্ষকসমাজের মাথা হেট হয়ে পড়েছে। এসব চরিত্রহীন শিক্ষক নামধারীদের থেকে সাবধান ও সজাগ থাকতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রতি তিনি আহ্বান জানান। আজ শুক্রবার সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদ মিলনায়তনে বিয়ানীবাজার উপজেলার আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রী, ক্লাব, ব্যক্তি ও প্রতিষ্ঠানে অনুদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সরকার মেয়েদের সম্মান বৃদ্ধি করতে চায় এবং এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। তিনি বখাটে, দুশ্চরিত্র যুবক ও শিক্ষক নামধারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, মেয়েদের নিরাপত্তার জন্য সরকার আইন করে শাস্তির বিধান করেছে। বখাটেদের ভয়ে ভীত না থেকে মেয়েদের আরও সাহসী হতে হবে। বিয়ানীবাজার উপজেলা ভূমি কর্মকর্তা জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার অস্থায়ী চেয়ারম্যান রুমা চক্রবর্তী, বিয়ানীবাজার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাসিব মনিয়া প্রমুখ।