কথক আর ট্যাংগো...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্মসূত্রে ইসাবেলা অ্যানা ফরাসি। কিন্তু ভারতীয় কথক নাচে তাঁর পারদর্শিতা দেখে বোঝা যায় তিনি শুধু নাচেই নন, ভারতীয় সংস্কৃতিকে ধারণ করেছেন নিজের মধ্যেও। তা না হলে কথকের মতো জটিল ব্যাকরণনির্ভর নাচে পারদর্শিতা লাভ করা সহজ কথা নয়। তার চেয়েও বড় কথা হলো, ভারতীয় কথকের সঙ্গে পশ্চিমা ট্যাংগো নাচের ধাঁচ মিশিয়ে তিনি এমন একটা নৃত্যভঙ্গি তৈরি করেছেন, যা রীতিমতো দর্শনীয়। শুধু শৈল্পিক নয়, একটা অন্য রকম মোহনীয় আবেদন রয়েছে ইসাবেলা অ্যানার নাচে। ঢাকায় ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র আলিয়ঁস ফ্রঁসেজে ১০ ডিসেম্বর সন্ধ্যায় ইসাবেলার নৃত্যানুষ্ঠান দেখে দর্শকেরা শুধু যে মুগ্ধ হয়েছেন তা-ই নয়, সেই সঙ্গে স্বীকারও করে নিয়েছেন, নাচের ভাষা আসলেই সর্বজনীন।