কথা দিয়েছি, এর সুরাহা হবেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ‘সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকারীদের অবশ্যই ধরা পড়তে হবে। আমি যেহেতু আশ্বাস দিয়েছি, এর প্রতিফলন দেখতে পাবেন।’আজ মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত ধীরগতিতে চলছে এবং এ ঘটনার ক্লু উদঘাটনে কোন অগ্রগতি আছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আপনারা ধৈর্য ধরুন, আমি যেহেতু কথা দিয়েছি এর একটা সুরাহা হবেই ইনশাল্লাহ।’দেরিতে হলেও সাংবাদিক ফরহাদ দম্পতির হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে সাহারা খাতুন বলেন, এ হত্যাকাণ্ডে জড়িতদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ মামলার তদন্ত কাজের অগ্রগতি হয়েছে। আপনারা তদন্তকারী কর্মকর্তাদের ওপর বিশ্বাস রাখতে পারেন।’সাহারা খাতুন বলেন, মাদক দ্রব্যের ছোঁবল থেকে শিশু ও তরুণদের রক্ষা করতে এবং মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা ও বিজিবি সদস্যদের আরো তাত্ত্বিক ও প্রায়োনিক জ্ঞানের প্রয়োজন রয়েছে। এ দু’টি সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে প্রশিক্ষণের কোন বিকল্প নেই বলে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) খন্দকার মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা অংশ নেন। বাসস।