কথা না শোনায় চাকরি গেল
সরকারকে অর্থ দিতে অস্বীকার করায় চাকরি খোয়ালেন আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান। বৈদেশিক অর্থের মজুত থেকে ঋণ পরিশোধের জন্য সরকারকে অর্থ দিতে অস্বীকার করেন। এ জন্য প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফারনান্দেজ ডি কিরচনার দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মার্টিন রেডরাডোকে বরখাস্ত করেছেন। প্রেসিডেন্ট ফারনান্দেজ এক জরুরি অধ্যাদেশ জারি করে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর একজন সরকারি কর্মচারী হিসেবে তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তাই তাঁকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু দেশটির সংবিধান-বিশেষজ্ঞ ও বিরোধী দলের সমর্থকেরা জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে বরখাস্ত করার প্রক্রিয়াটি অবৈধ। কেননা, কেন্দ্রীয় ব্যাংকের প্রধানকে সরাতে হলে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।পরে প্রেসিডেন্ট রেডরাডোর ডেপুটি মিগুইল পেসসিকে ওই পদে মনোনীত করেন।ব্যাংকের নিয়মানুযায়ী সরকার ব্যাংকিং বোর্ডের যেকোনো সদস্যকে বরখাস্ত করতে পারে, তবে সে ক্ষেত্রে অবশ্যই কংগ্রেসের বিশেষ কমিটির সুপারিশ লাগবে।অর্থমন্ত্রী আমাদো বোউদোউ বলেন, যেহেতু কংগ্রেস সদস্যরা বর্তমানে ছুটিতে আছেন তাই প্রেসিডেন্টের এই নির্দেশ বৈধ।আর্জেন্টিনার এ বছর বৈদেশিক ঋণের পরিমান দাড়াবে প্রায় এক হাজার ৩০০ কোটি মার্কিন ডলার ।