মানবাধিকারের মূলকথা হচ্ছে গণতন্ত্র, ন্যায়বিচার ও শান্তি। সেখানে থাকবে না অভাব, থাকবে না শঙ্কা। কোনো অন্যায় না করেও কেবল জাতিগত ও ধর্মীয় পরিচয়ের কারণে কারও অধিকার খর্ব করা হবে—গণতান্ত্রিক সমাজে সেটি হতে পারে না। যেহেতু আমি মানুষ হয়ে জন্মেছি, আমার কতগুলো অধিকার প্রাপ্য আছে। সেগুলো দেওয়ার বিষয় নয়, আমার প্রাপ্য। সেই অধিকার থেকে বঞ্চিত করাই হলো মানবাধিকারের লঙ্ঘন। আমরা যদি মানবাধিকারের কথা বলি, তবে এই শর্তগুলো, এই সূত্রগুলো আমাদের গভীরভাবে অনুধাবন করতে হবে, এর প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। আমাদের আচার-আচরণে, চালচলনে-নীতিতে, আমাদের সংস্কৃতিতে, আমাদের সামাজিকতায়, আমাদের অর্থনৈতিক ব্যবস্থায় এর প্রতিফলন থাকতে হবে। আমাদের মুক্তিযুদ্ধের মূলকথাও ছিল সেটি। অনেক কষ্ট, অনেক হতাশার মধ্যেও আমাদের জীবনে আশাবাদী হওয়ার মতো কিছু ঘটনা আছে। আমাদের আছে গৌরবময় ভাষা আন্দোলন। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা দেশ স্বাধীন করলাম, পাকিস্তানি রাষ্ট্রকাঠামো থেকে বেরিয়ে এলাম—এও তো একটা বড় পাওয়া। ধর্মের নামে গঠিত দেশ পাকিস্তানে কী অধর্ম ও হানাহানি চলছে, আমরা জানি। সেখানে মানুষকে একেবারে ছোট্ট একটা গণ্ডিতে নিয়ে আসা হয়েছে, তার দরজা-জানালা সব বন্ধ করে দেওয়া হয়েছে; এভাবে তো মানুষ বাঁচতে পারে না। পাকিস্তান থেকে যে আমরা আলাদা হলাম সেটি তো শুধু ভৌগোলিক ব্যাপার ছিল না, ছিল আদর্শের বিষয়ও।২.আমরা নতুন সহস্রাব্দে পা রেখেছি। মুক্তিযুদ্ধের পরে প্রায় চার দশক পার করেছি। নানা চড়াই-উতরাইয়ের পর একটা আবহ তৈরি হয়েছে, যেখানে আমরা গণমুখী ও অসাম্প্রদায়িক রাজনৈতিক পরিবেশ আশা করতে পারি। কিছু কিছু রাষ্ট্রীয় নীতি এর সপক্ষে বলে ধারণা করি। আমরা বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে পারব, যেখানে মুক্তিযুদ্ধের মূল চেতনাগুলো সন্নিবেশিত হয়েছিল মৌলিক নীতি হিসেবে। যেগুলো স্বৈরতান্ত্রিকভাবে বিভিন্ন সময় কলমের খোঁচায়, কোনো আলাপ ব্যতিরেকে বদলে দেওয়া হয়েছিল। যে আকাঙ্ক্ষা ও প্রত্যাশা নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম, তার বিপরীতমুখী ধারায় সবকিছু চলছিল। রাষ্ট্রীয়ভাবে এমন সব নীতি নেওয়া হয়েছিল, যাতে মনে হতো একজন ইসলামধর্মাবলম্বী পুরুষই কেবল নাগরিক অধিকার ভোগ করতে পারবে। অন্যদের সে অধিকার নেই। এখন পর্যন্ত নারীরা যে পারিবারিক আইনের আওতায় বাস করে, তাতে তারা পুরুষের অধস্তন। যারা ধর্মীয় ও নৃতাত্ত্বিকভাবে সংখ্যালঘু, তাদের সংখ্যাগরিষ্ঠের কথাই মেনে চলতে হয়। অন্যদিকে, রাষ্ট্র সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারেনি। এই যে কদিন আগে তুরাগ নদে বাসটা পড়ে গেল, সময়মতো তোলা না যাওয়ায় অনেকগুলো মানুষ মারা গেল (যদিও সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে ছুটে গেছেন। সর্বোচ্চ পর্যায়ে এটার জন্য একটা উদ্বেগ প্রকাশ করা হয়েছে)। কারণ, সেই বাসটা তোলার মতো যন্ত্রপাতি ও কৌশল আমাদের নেই। এই ঘটনাই কি আমাদের বলে দিচ্ছে না যে সাধারণ মানুষের প্রাপ্য সুযোগ-সুবিধা, বিপদে পড়লে তাকে উদ্ধারের জন্য যে প্রস্তুতি প্রয়োজন, তার প্রতি যথেষ্ট মনোযোগ দেওয়া হয়নি? এখানেই কিন্তু মানবাধিকারের বিষয়টি সামনে আসে। এর আগে আমরা দেখেছি গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে আগুন লাগছে, ভবন ভেঙে পড়ছে, কিন্তু মানুষকে উদ্ধার করা যায়নি। সাধারণ মানুষ প্রতিদিনই এই নিরাপত্তাহীনতার মধ্যে বাস করছে। শুধু যাঁরা সমাজে সচ্ছল, যাঁরা গাড়ি কিনতে পারেন, তাঁরা নিজেদের নিরাপদ ভাবছেন। অন্যদের সুবিধার কথা চিন্তা করছেন না। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে হবে—এই বোধটাই বোধ হয় আমাদের রাষ্ট্রপরিচালনার চিন্তা থেকে উবে গেছে। বৃহত্তর জনগণের অসুবিধার প্রতি মনোযোগ দেওয়া হচ্ছে না, সেখান থেকে তাদের বের করে নিয়ে আসার কোনো চেষ্টা নেই। সামগ্রিকভাবে এটি দেশের জন্য বিপদ ডেকে আনছে। অল্প কিছু মানুষের সুবিধা করে দিয়ে একটি দেশ চলতে পারে না। যেখানে মানবাধিকার লঙ্ঘিত হয়, মানবতা লাঞ্ছিত হয়, সেখানে তো গণতন্ত্র চলতে পারে না। আমাদের সমাজটা এখন অনেক বেশি আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে। সবাই ভাবছে, ‘যেখানে যা পাও হাতিয়ে নাও, ভালো-মন্দের দিকে তাকাতে হবে না।’ অথচ মুক্তিযুদ্ধের মূলকথা ছিল সবাইকে নিয়ে বাঁচা। ৩.এই যে সমাজে এত অন্যায়-অত্যাচার হচ্ছে, আমরা তার প্রতিবাদ করছি না। তাহলে মানবাধিকার রক্ষা পাবে কী করে? অভিজ্ঞতায় দেখি, পরিবারের মধ্যেও নৃশংসতা বাড়ছে। একই ছাদের নিচে বাস করেও যে মানুষটা একটু দুর্বল তাঁর ওপর সবল কী পরিমাণ নির্যাতন করছে! যাঁরা নিয়োগকর্তা তাঁরা গৃহকর্মীদের ওপর নির্যাতন করছেন। আজকে নারীদের উত্ত্যক্ত করার বিষয়টি এমন জায়গায় গেছে যে অনেকে আত্মহত্যা পর্যন্ত করছে। কোনো মানুষ যদি সেখানে প্রতিবাদ করার জন্য দাঁড়াচ্ছে, তার ওপর দুর্বৃত্তরা হামলা চালাচ্ছে। অবার অনেকে গা বাঁচিয়ে চলছেন, ভাবছেন তাঁর ওপর তো আক্রমণ আসেনি। এই প্রতিবাদ না হওয়ার কারণে সমাজে ন্যায় ও মূল্যবোধ তৈরি হচ্ছে না। আগে অন্যায়কারীরা লুকিয়ে-ছাপিয়ে অপরাধ করত। এখন প্রকাশ্যে ও দল বেঁধে, সংগঠিতভাবে করছে। তার চেয়েও বড় কথা, এসবের জন্য তারা লজ্জিত হচ্ছে না। সত্যি বলতে কি, সামাজিক ও রাজনৈতিকভাবে আমরা ভীষণ স্বার্থপর ও নিষ্ঠুর হয়ে পড়েছি। যে যেভাবে পারছে আইন নিজের হাতে তুলে নিচ্ছে, শাস্তি দিচ্ছে। এই যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চলছে, সাধারণ মানুষ প্রতিবাদ না করে তাকে সমর্থন করছে। আমরা যাঁরা এ ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে, তাঁদের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। এখানেও মৌলিক মানবাধিকারের প্রশ্নটি জড়িত। বিচার না করে কাউকে শাস্তি দেওয়া যায় না। সমাজে মৌলিক অধিকার ও মানবাধিকারের প্রতি মানুষের যে শ্রদ্ধাবোধ ছিল, সেটি এখন প্রায় অবসিত।আরেকটা বিষয়, আমরা ভীষণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। আমার পাশের ফ্ল্যাটে কোন মানুষটা আছে আমি জানি না। আমি সমাজের মধ্যে কোনো একটা সামাজিক সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে যুক্ত হতে পারছি না, কাউকে বিশ্বাস করতে পারছি না। ক্ষমতাকাঠামোর ভেতরে গিয়ে কীভাবে একজন আরেকজনকে হটিয়ে দেবে, কীভাবে সুযোগ-সুবিধা আদায় করবে, সেটি নিয়েই ব্যস্ত থাকছে সবাই। কেউ কাউকে এতটুকু জায়গা ছেড়ে দিতে রাজি নন। এর ফলে যাঁরা একটু দুর্বল, তাঁরা কিছুতেই এগোতে পারছেন না। গণতন্ত্রের যে একটা বিরাট সুযোগ, শাসন-প্রক্রিয়ায় সব মানুষের অংশগ্রহণ, সেটা ঘটছে না। নারী, ধর্মীয় সংখ্যালঘু, নৃতাত্ত্বিক সংখ্যালঘু যারা, যারা অর্থনৈতিক-সামাজিক-সাংস্কৃতিকভাবে দুর্বল—তাদের অধিকার রক্ষিত হচ্ছে না। এসব নেতিবাচক ঘটনার মধ্যেও কিছু কিছু আশার আলো দেখা যাচ্ছে। তরুণ প্রজন্ম কিন্তু কখনো দায়িত্ব এড়িয়ে চলে না। সব গণতান্ত্রিক ও রাজনৈতিক আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছে। সরকার যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়া শুরু করেছে। মুক্তিযুদ্ধের যে নৈতিক অবস্থান, যুদ্ধাপরাধীরা তার বিরোধিতা করেছিল, হত্যা-ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধে জড়িত ছিল। সমাজে, রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠার জন্যই যুদ্ধাপরাধের বিচার হওয়া প্রয়োজন। এই বিচারের মধ্য দিয়ে আমরা এই বার্তাটা সবার কাছে পৌঁছাব এবং নিজেদের জন্যও গ্রহণ করব—মুক্তিযুদ্ধের যে মৌলিক আদর্শ ছিল, সেটার বিরোধিতা করা অপরাধ।মুক্তিযুদ্ধে যেভাবে আমরা ঝাঁপিয়ে পড়েছি, কষ্ট ও ত্যাগ স্বীকার করেছি, বড় একটা অনুপ্রেরণায় নিজেদের নিয়োজিত করেছি; সেই উদ্দীপনা ও প্রতিজ্ঞা নিয়ে আমাদের এই কাজগুলো করতে হবে। আমরা এও দেখেছি, দেশের মানুষই বিদেশে একটা মুক্ত আবহাওয়ায় গিয়ে কত সফলতা অর্জন করেছে; দেশের ভেতরে কেন পারবে না। আমি নতুন প্রজন্মকে বাহবা দিতে চাই, তারা দেশের চেহারাটা বদলে দিতে চাইছে, তারা নিজেরা স্বপ্ন দেখছে, অন্যদেরও স্বপ্ন দেখাচ্ছে।৪.এখন এমন একটা অবস্থায় আমরা পৌঁছেছি, যেখানে কথা বলাতেও বড় ভয়। এখন অনেকেই বলছেন, কথা না বললে হবে না। কথাগুলো যদি আমরা অনেক দিন আগে থেকে বলতে শুরু করতাম, তাহলে এই জায়গায় এসে পৌঁছাতাম না। এই যে কথা না-বলার সংস্কৃতি, এই যে ভয় বুকে চেপে নিয়ে নিজের পিঠ বাঁচানোর সংস্কৃতি—এ থেকে বেরিয়ে আসতে হবে। আমরা দেখতে পাই কথা কেবল তাঁরাই বলবেন, যাঁদের হাতে ক্ষমতা আছে। আর কেউ যেন কথা বলতে পারবেন না। ক্ষমতাকাঠামোর বাইরে যে বিপুলসংখ্যক মানুষ আছে, তাদেরও কিছু বলার আছে। সে কথাগুলো কে বলবে? যাঁরা ক্ষমতার ভাগাভাগিতে আছেন, তাঁরা হুমকি-ধমকি দিয়ে চলেছেন। তাঁরা বেশ গুছিয়ে-গাছিয়ে নিজেদের জায়গা তৈরি করে নিয়েছেন, সেটার বাইরে যেন বাংলাদেশ নেই। দেশটা যেন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। যেমন আমরা দেখেছি, বিএনপি ক্ষমতায় এলে সব চাকরি বিএনপির লোকের হবে আর আওয়ামী লীগ এলে সব আওয়ামী লীগের লোকের হবে। এর বাইরে যাঁরা আছেন, তাঁরা কি চাকরি পাবেন না? এখানে নাগরিক সমাজেরও একটা বড় ভূমিকা রয়েছে যে তারা যেন সরকারকে, রাষ্ট্রকে, সমাজকে সঠিক পথে চলতে বাধ্য করে। জবাবদিহি আদায় করাটা নাগরিক সমাজের কর্তব্য। অনেকেই ভাবেন, কথা না বলে, অন্যায়ের প্রতিবাদ না করে ঝুঁকি এড়াচ্ছেন। সেটা আসলে ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। অতএব আমাদের কথা না বলার সংস্কৃতিটা বদলাতে হবে। যারা দুর্বল, সুবিধাবঞ্চিত তাদের পক্ষে কথা বলতেই হবে। পৃথিবীর সব গণতান্ত্রিক সমাজে নাগরিক সমাজের একটা বড় ভূমিকা থাকে এবং নাগরিক সমাজকে মানুষও সম্মান করে চলে। সেই বিষয়টা যদি আমাদের সমাজে না হতে পারে, রাজনৈতিক দলগুলো সারাক্ষণ নাগরিক সমাজকে প্রতিপক্ষ ভাবে কিংবা ষড়যন্ত্রকারী মনে করে, তার ফল ভালো হতে পারে না। নাগরিক সমাজই তাদের সচেতন করে দেয়, ভুলত্রুটি ধরিয়ে দেয়। তাদের মুখ বন্ধ করলে, রাজনীতিকদের ভুলত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার কেউ থাকবে না। যাঁরা ক্ষমতায় থাকেন তাঁদেরই বেশি নজর দেওয়া উচিত, কান পেতে রাখা উচিত নাগরিক সমাজের প্রতি। এ ক্ষেত্রে নাগরিক সমাজকেও স্বাতন্ত্র্য ও স্বাধীন সত্তা নিয়ে চলতে হবে, সব ধরনের চাপ প্রতিহত করার শক্তি রাখতে হবে। গণতন্ত্রে নাগরিক সমাজের মুখপত্র হিসেবে কাজ করে এই গণমাধ্যমগুলো। তাদের তো পার্লামেন্ট নেই, সংগঠন নেই। তাদের কথাগুলো কীভাবে বলবে, কোথায় বলবে? গণমাধ্যমই হতে পারে তাদের প্লাটফরম। গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের জন্যও অপরিহার্য। যাঁরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যান, তাঁদের মনে রাখতে হবে, জবাবদিহি ছাড়া গণতন্ত্র হয় না। অনেক সময় ক্ষমতাসীনেরা ভাবেন, আমরা যা খুশি করতে পারি, কেউ সমালোচনা করতে পারবে না। এটা গণতন্ত্রের পরিপন্থী। আবার যাঁরা ক্ষমতার বাইরে আছেন, তাঁরা মনে করেন যেনতেন প্রকারে সরকারকে উৎখাত করতে হবে। সেটিও সুস্থ চিন্তা নয়। গণতন্ত্রচর্চার যে রীতিনীতি, সেগুলো সবাইকে মানতে হবে। যাতে মানুষ নির্ভয়ে তার গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার ভোগ করতে পারে। নিজের গণতান্ত্রিক অধিকার ভোগ করার নামে কেউ অন্যের অধিকার খর্ব করতে পারে না। জনগণের মৌলিক অধিকার রক্ষায় এরপর যে মাধ্যমটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটি হলো গণমাধ্যম। নাগরিক সমাজের চিন্তাভাবনা, সাধারণ মানুষের দুঃখ-কষ্ট-বঞ্চনার কথা প্রকাশের অন্য কোনো মাধ্যম নেই। গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের জন্যও অপরিহার্য।কিছু কিছু ক্ষেত্রে আমরা ভালো করেছি, আবার অনেক ক্ষেত্রে ক্ষমতাসীনদের আচরণে গণতন্ত্রচর্চার প্রতিফলন দেখতে পাই না। যে যেভাবে ক্ষমতায়িত হচ্ছেন—অর্থনৈতিক, রাজনৈতিক বা সামাজিকভাবে—নিজেদের ক্ষমতা বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। বিচার বিভাগকেও প্রভাবিত করার প্রয়াস আমরা দেখতে পাই। যাঁরা অর্থনৈতিকভাবে শক্তিশালী তাঁদের যদি বলা হয় যে গণমুখী অর্থনীতি হোক, তাঁরা দেশ অচল করে দেওয়ার হুমকি দেবেন। যাঁরা সামাজিকভাবে ক্ষমতাবান, তাঁরাও জনগণের ওপর দাপট দেখাতে পিছপা হন না। যাঁরা রাজনৈতিকভাবে ক্ষমতাবান, তাঁরা মনে করেন, একমাত্র রাজনীতিকেরাই জনগণের কথা বলবেন। অন্য কেউ কিছু বলতে পারবেন না। তাঁরা নিজেদের সুবিধামতো আইন করবেন, তার সঙ্গে নির্বাচনী প্রতিশ্রুতির মিল থাকুক আর না-ই থাকুক, সেটি সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হোক না-হোক, তাতে কিছু আসে-যায় না। গণতান্ত্রিক সমাজে এই একগুঁয়েমি চলতে পারে না। এই যে তরুণ প্রজন্ম, এত যে ভোট দিয়ে সরকারকে আনল, তাদের কাছে মানুষের প্রত্যাশাও বেশি। তবে কিছু কিছু কাজ হয়েছে। যেমন নারীনীতি হয়েছে, পারিবারিক নির্যাতন রোধে আইন হয়েছে, শিশুশ্রম রোধে যে আইন হয়েছে—এগুলো অবশ্যই ভালো পদক্ষেপ। কিন্তু সমস্যা তৈরি হচ্ছে বাস্তবায়নে। বাংলাদেশে মানুষ কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের প্রতি শ্রদ্ধাশীল। একাধিকবার অগণতান্ত্রিক শাসন এসেছে, নানাভাবে মুক্তিযুদ্ধের চেতনা থেকে জনগণের দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা চলেছে। কিন্তু সাধারণ মানুষ তাতে বিভ্রান্ত হয়নি। একটা মুক্ত পরিবেশ পেলে তারা ধর্মবর্ণ-নির্বিশেষে শান্তি ও সম্প্রীতিতে বসবাস করতে চায়। একজন আরেকজনকে হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যখনই একটুখানি নিঃশ্বাস ফেলার অবকাশ পেয়েছে মানুষ, তখনই তারা অসাম্প্রদায়িক, গণমুখী এবং সবার জন্য মঙ্গলকর সমাজ গড়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে। আমরা আশা করব, মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে, মানবাধিকারের যে চিন্তাগুলো আছে, সেগুলোর প্রতি সামাজিক ও রাজনৈতিক নেতৃত্ব শ্রদ্ধাশীল হবে। সব নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষা হবে—স্বাধীনতার চার দশকের দ্বারপ্রান্তে এসে এটাই আমাদের প্রত্যাশা। সুলতানা কামাল, মানবাধিকার নেত্রী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা