কথা রাখেননি পিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি একজন মুক্তিযোদ্ধা এবং আমি ময়মনসিংহের ভালুকায় সোনার বাংলা ডিগ্রি মহাবিদ্যালয়, বাটাজোরের প্রস্তাবক, নামকরণকারী তথা প্রতিষ্ঠাতা সমন্বয়ক। আমি এবং সোনার বাংলা ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান দুজনেই সুনামের সঙ্গে মহাবিদ্যলয়ের কার্যক্রম পরিচালনা করে আসছিলাম। মহাবিদ্যালয়টির দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত সীমানাপ্রাচীর, শ্রেণীকক্ষ, বারান্দা, শিক্ষকদের বসার কক্ষ, পরীক্ষার হল, বিশ্রামাগার নির্মাণসহ অন্যান্য উন্নয়নমূলক কার্যাধি সফলভাবে বাস্তবায়িত করে আসা থাকাকালীন গত তত্ত্বাবধায়ক সরকারের সময় অপরিচিত ও অজানা ব্যক্তিদের সঙ্গে আমাদের দুজনকে আসামি করে জনৈক মো. মোশাররফ হোসেন বাদী হয়ে ভালুকা থানায় মামলা নং-২৮ তাং ১৯/০৮/২০০৭ ধারা ৩২৩/৫০৬/৩৮৫ দণ্ডবিধি এবং এস এম শরীফ বাদী হয়ে মামলা নং-২৯ তাং ১৯/০৮/২০০৭ ধারা ৪২০/৪০৬/৩৮৫ দণ্ডবিধি দায়ের করেন। মামলা দুটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, সাজানো, বানোয়াট ও হয়রানিমূলক।বর্তমান মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের পর বিভিন্নভাবে দায়ের করা রাজনৈতিক, হয়রানিমূলক মামলা যথাযথ নিয়মের মাধ্যমে প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করায় আমরা সে মতে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের জন্য আবেদন করি। আবেদনটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছানোর পর যথারীতি স্মারক নম্বর, সূত্র: (আইন: ১-শাখা) মামলা প্রত্যাহার-২/২০১০ (১৩তম সভা) ১৭৬১, ১৭৬২ তাং ১৫/০৪/২০১০ মামলাদ্বয় থেকে আমাদের দুজনের বিরুদ্ধে সরকার প্রসিকিউশন না চালানোর সিদ্ধান্ত গ্রহণ করে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন-১, শাখা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করে।সে মতে ময়মনসিংহের বিজ্ঞ পিপি (সরকারি কৌঁসুলি) মো.ওয়াজেদুল ইসলাম গত ২৩/০৫/২০১০ ইং তারিখে আমাদের নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ২৮ নম্বর মামলার জন্য ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালত ও ২৯ নম্বর মামলার জন্য দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতে আমাদের নাম প্রত্যাহারের দরখাস্ত দাখিল করেন এবং আদালত নথিভুক্ত করেন। ২৮ নম্বর মামলা বর্তমানে হাইকোর্ট বিভাগে আপিল অবস্থায় রয়েছে। আপিল নম্বর ১১৩৬ তাং ২০১০।বিজ্ঞ পিপি ২৯ নম্বর মামলায় আমাদের নাম প্রত্যাহারের জন্য দ্বিতীয় অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে আবেদন করায় আমরা বিজ্ঞ পিপিকে বিশ্বাস করি। বিজ্ঞ পিপি মহোদয়ের আশ্বাসে আমাদের জীবনের সব বেদনা, কালিমা, দুশ্চিন্তা দূরীভূত হয় এবং সুস্থ জীবন যাপনে ফিরে যাই।কিন্তু গত ১০/০৯/২০১২ উক্ত মামলার রায় ঘোষণার পর আমরা আশ্চর্য, হতভম্ব ও আশাহত হই। ফৌজদারি কার্যবিধি ৪৯৪ ধারা মতে আমাদের নাম ওই মামলা থেকে প্রত্যাহারের বিজ্ঞ পিপির আশ্বাসের পরও অন্যান্য আসামির সঙ্গে আমাদের বিরুদ্ধে শাস্তির রায় ঘোষণা করা হয়।আমরা বিজ্ঞ পিপির কথায় আশ্বস্ত থাকলেও পিপি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। কেন বিজ্ঞ পিপি আমাদের বিরুদ্ধে বৈরী হয়ে নাম প্রত্যাহার-সংক্রান্ত নির্দেশনা বিজ্ঞ আদালতে শুনানিতে অবহিত করেননি তা আমাদের কাছে অজানা। বিজ্ঞ পিপির এই বিশ্বাসঘাতকতায় আমাদের জীবন আজ চরমভাবে দুর্বিষহ, অসহায় ও বিপন্ন। আমাদের পরিবার-পরিজন নিরুপায়, হতাশাগ্রস্ত এবং ধ্বংসের সম্মুখীন।আমরা মুক্তিযোদ্ধা, দেশের স্বাধীনতাযুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশমাতৃকাকে স্বাধীন করেছি। অথচ স্বাধীন দেশে মিথ্যা, সাজানো, বানোয়াট মামলায় বিজ্ঞ পিপির অবহেলা ও কারচুপিতে আমাদের জীবন মৃত্যু-সমতুল্য। বিজ্ঞ পিপি তবে কেন আমাদের নাম মামলা থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত দিয়েছিলেন? আমরা আমাদের স্বাভাবিক জীবন ফিরে পেতে চাই। মামলা থেকে ৪৯৪ ধারায় আমাদের নাম প্রত্যাহারের সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন চাই।দুজন মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবার কী এভাবে মিথ্যা মামলার কাছে হার মানবে? ৪৯৪ ধারার সরকারি সিদ্ধান্তের বাস্তবায়ন না হলে আমরা কি আত্মাহুতি দিতে বাধ্য হব না? মিথ্যা ও সাজানো মামলা এবং সর্বশেষ বিজ্ঞ পিপির চরম বৈরিতা কি আমাদের জীবন শেষ হয়ে যাবে? এমন চরম মুহূর্তে সরকারের কাছে জিজ্ঞাসা, আমরা কি আত্মহত্যার পথই বেছে নিতে বাধ্য হব?মো. ফজলুল হক বেগ, সম্পাদকমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ।