কথা রেখেছেন ওঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসির পর এইচএসসিতেও সেরা ফল জিপিএ-৫। দারিদ্র্য ওঁদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এসএসসি পাসের পর কলেজে পড়া নিয়ে ওঁদের অনিশ্চয়তা ছিল। এ সময় অর্থ-সহায়তা নিয়ে এই মেধাবীদের পাশে দাঁড়ায় প্রথম আলো। এই উদ্যোগে সহায়তা করে ট্রান্সকম, আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সামিট গ্রুপ ও ম্যাডোনা।কলেজে ভর্তি হয়ে নবোদ্যমে পড়াশোনা শুরু করেন এই শিক্ষার্থীরা। অঙ্গীকার করেন, আবার ভালো ফল উপহার দেবেন। সেই অঙ্গীকার পূরণ করতে এবার ২০১০ সালে ৩০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন। অন্যরা জিপিএ-৫ না পেলেও কাছাকাছি অবস্থানে রয়েছেন। শুনুন তাঁদের সাফল্যের কাহিনি।সানারুল হক: বাবা আবদুল আউয়াল রিকশা চালান। মা সাজেদা বেগম কাজ করেন অন্যের বাড়িতে। তাঁদের আয় দিয়ে সংসারই চলে না, এর মধ্যে পড়াশোনার খরচ আসবে কোত্থেকে? বাধ্য হয়ে মোহাম্মদ সানারুল হক স্কুলজীবনেই বাবার পেশাকে বেছে নেন। রিকশা চালিয়ে তিনি পড়াশোনার খরচ জুগিয়েছেন, সংসারে করেছেন সহায়তা। এভাবে এসএসসিতে ভালো ফল করার পর এইচএসসিতেও একই ফল করেছেন। গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষা দিয়েছিলেন তিনি।বাবা আবদুল আউয়াল বলেন, ‘চেয়ারম্যান-মেম্বরদের কাছে ম্যালা ঘোরাঘুরি করচি। কাইয়ো হামার ছোলট্যার নেকাপড়ার খরোচ দ্যায় নাই। পোত্তম আলো নেকাপড়ার খরোচ দিয়া বাপ-মায়ের কাম করচে।’আরিফ হোসেন: বরিশালের গৌরনদী উপজেলার বার্থী কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছিলেন মো. আরিফ হোসেন। দিনমজুর বাবা মো. শাহজাহান মিয়ার আয়ে সংসার চলত না বলে আরিফও একই কাজ করে পড়াশোনার খরচ চালিয়েছেন। তিনি বলেন, দিনমজুরি ও প্রথম আলোর মাসিক অনুদান মিলিয়ে যে টাকা পেতেন, তা থেকে কিছু বাঁচিয়ে ছোট ভাইবোনদের পড়াশোনায় সহায়তা করেছেন তিনি। ভবিষ্যতে রসায়নে উচ্চশিক্ষা নিতে চান আরিফ।জয়ন্ত রায়: সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছিলেন জয়ন্ত রায়। বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার রহিমাপুর গ্রামে। পরীক্ষার ফল প্রকাশের আগের দিন রাতে মনটা দুরুদুরু করছিল জয়ন্ত রায়ের। এ সময় কান্নাজড়ানো কণ্ঠে বাবাকে বলেন, ‘ভালো ফল করতে না পারলে কেউ আমাকে আর সাহায্য করবে না। যাঁদের সহযোগিতা নিয়ে পড়াশোনা করেছি, তাঁদের সামনে গিয়েও দাঁড়াতে পারব না।’ দিনমজুর বাবা খগেন্দ্রনাথ রায় ও মা আরতী রানী রায় তাঁকে সান্ত্বনা দেন। পরদিন বাবার কাছে জয়ন্তর কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম ফোন করে তাঁর জিপিএ-৫ পাওয়ার কথা জানান। জয়ন্ত বলেন, ভবিষ্যতে তিনি শিক্ষক হয়ে গ্রামের দরিদ্র শিক্ষার্থীদের পড়াতে চান।উম্মে সালমা: তাঁর জন্য এটা অকল্পনীয় এক ব্যাপার। পরীক্ষার ফলের ব্যাপারে তিনি খোঁজ নিতে যাবেন কি, কলেজের শিক্ষকেরাই তাঁর বাড়িতে গিয়ে হাজির। শিক্ষকদের কাছে মেয়ের কৃতিত্বের কথা শুনে চোখে পানি এসে যায় সালমার মা আনোয়ারার। প্রতিবেশীদের ভিড়ে সালমাদের বাড়িতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জয়পুরহাটের আক্কেলপুর মহিলা কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষা দিয়েছিলেন সালমা। বাবা বেঁচে নেই। উচ্চশিক্ষা নিয়ে পরিবারের হাল ধরতে চান তিনি।গোলাম মোস্তফা: সেই পঞ্চম শ্রেণী থেকে বাবার সঙ্গে চা বিক্রি করে আসছেন পটুয়াখালী শহরের ব্যায়ামাগার এলাকার ছেলে মো. গোলাম মোস্তফা। সংসারে আর্থিক সহযোগিতা করার পাশাপাশি পড়াশোনাও করে গেছেন নিয়মিত। পটুয়াখালী সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছিলেন তিনি।মোস্তফা বলেন, ‘প্রথম আলোর কাছ থেকে নিয়মিত যে আর্থিক সহায়তা পেয়েছি, তা দিয়ে বইপত্র কেনেছি। ছোট ভাইবোনের পড়াশোনার খরচও চালিয়েছি।’ তিনি চিকিৎসক হতে চান।আসমা আক্তার: পটুয়াখালীর কলাপাড়া মহিলা কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষা দিয়েছিলেন আসমা। কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকায় বেড়িবাঁধের বাইরে একটি ঝুপড়িঘরে তাঁদের বাস। আসমা বলেন, ‘বাবা মাছ বিক্রি করেন। তাঁর আয়ে কোনোমতে সংসার চলে। তিন বেলা খাওনে এ্যাহনও আমাগো কষ্ট হয়। হেইয়ার মধ্যে কলেজের ল্যাহাপড়া, প্রাইভেট চালাইয়া যাইতে হইছে। জিদ ছিল, যেভাবেই হোক ভালো ফল করতে হইবে। এ্যাহন মনডায় শান্তি লাগতাছে।’শারমিন আক্তার: চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছিলেন শারমিন আক্তার। সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালিয়াডাঙ্গা মোহনপুন গ্রামের ভূমিহীন কৃষক হান্নানের মেয়ে তিনি। শারমিনের কথা, ‘প্রথম আলোর সহায়তা আমার খুব কাজে লেগেছে। না খেয়ে কখনো আর কলেজে যেতে হয়নি।’ ভবিষ্যতে তিনি চিকিৎসক হতে চান।খুশি খাতুন: কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে মানবিক বিভাগে পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছেন খুশি খাতুন। কুড়িগ্রাম পৌর এলাকার গাড়িয়ালপাড়া গ্রামে তাঁদের বাড়ি। বাবা খায়রুল ইসলাম ঠেলাগাড়ি চালান। বড় ভাই রবিউল মোটরসাইকেলের গ্যারেজে কাজ করেন। তাঁর কাছেই পরীক্ষার ফল জানতে পারেন খুশি। খুশি বলেন, ভবিষ্যতে শিক্ষক হতে চান। কিন্তু অর্থাভাবে সে আশা পূরণ হবে কি না, তা নিয়ে তিনি চিন্তিত। এ কারণে পরীক্ষায় ভালো ফল করার পরও তাঁর মনে আনন্দ নেই।ছামিনা: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মেয়ে ছামিনা। বাবা সুলতান আহম্মদ কাঠমিস্ত্রি। শশীদল আলহাজ্ব মুহম্মদ আবু তাহের কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছিলেন ছামিনা। ভবিষ্যতে চিকিৎসক হতে চান তিনি। সুলতান আহম্মদ বলেন, ‘মাইয়া যহন এসএসসিতে জিপিএ-৫ পাইছিল, তহন এই ভালো ফলের মর্মটা বুঝি নাই। তাই ওরে বিয়া দিতে ছাইছিলাম। অহনে জানি, এইটা বড় ধরনের পাস। প্রথম আলোয় মাইয়ার ছবি ও খবর ছাপনে আমরিকা থাইক্যা শাজাহান নামে এক ভদ্রলোক ৩০ হাজার টাকা দিছেন। সরকার দিছে ১২ হাজার টাকা। প্রথম আলো থিকা প্রত্যেক মাসে দেড় হাজার কইরা টাকা দিছে। এতে মাইয়ারে পড়ার খরচ দেওন লাগে নাই। অহনে আমি ছামিনারে বিয়া দিতে চাই না, কিন্তু কী দিয়া ওরে পড়ামু?’মাসুদ রানা: নীলফামারীর ডোমার উপজেলার খাটুরিয়া গ্রামের দিনমজুর মিলান হকের ছেলে মাসুদ রানা। পঞ্চগড়ের দেবীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছিলেন তিনি। মাসুদ রানা বলেন, ‘এত দিন প্রথম আলো ও এক্সিম ব্যাংকের সহযোগিতায় পড়াশোনা করেছি। আগে স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার। কিন্তু এত টাকা পাব কোথায়? তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টায় আছি।’সরল শেখ: নাটোরের লালপুর মহাবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছিলেন সরল শেখ। বাবা দিনমজুর মো. আজিবর শেখ, মা আফরোজা বেগম। বাবার সঙ্গে অন্যের বাড়িতে কামলা খেটে, ঘাস কেটে তা বেচে পড়াশোনার খরচ জুগিয়েছেন সরল। প্রথম আলোর অর্থ-সহায়তা কলেজে পড়াশোনার ব্যাপারে বিশেষভাবে কাজে লেগেছে বলে জানান তিনি।বিপুল মিয়া: ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছিলেন বিপুল মিয়া। তাঁর বাড়ি জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের বারুয়ামারী গ্রামে। বাবা বাবুল মিয়া কৃষিশ্রমিক। বিপুল মিয়া বলেছেন, ‘ভবিষ্যতে চিকিৎসক হয়ে গ্রামের মানুষের সেবা করতে চাই। বাবা-মায়ের কষ্ট দূর করতে চাই।’সাজেদা আকতার: বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছিলেন সাজেদা আকতার। বগুড়ার শিবগঞ্জ উপজেলার বগিলাগাড়ী গ্রামের আবদুল খালেকের মেয়ে তিনি। বৃদ্ধ বাবা তেমন কিছুই করেন না। কাজেই পড়াশোনা চালাতে বেশ বেগ পেতে হয়েছে সাজেদাকে। মা রওশন আরা বেগম বলেন, ‘আপনাকেরে পোরথম আলোর জন্যি হামার মিয়াডা আজ আবারও এ পেলাচ এজাল্ট করিচে। সকলি দোয়া করবেন মিয়াডা যেন ডাকতোর হবার পারে।’ সাজেদারও স্বপ্ন চিকিৎসক হওয়া।সুরাইয়া হুদা: যশোরের ঝিকরগাছা উপজেলার শেখ আকিজ উদ্দীন কলেজিয়েট স্কুল থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষা দিয়েছিলেন সুরাইয়া হুদা শিউলি। উপজেলার বাদে নাভারণ গ্রামে তাঁদের বাড়ি। ছয় বছর বয়সে পোলিও রোগে আক্রান্ত হওয়ার পর থেকে তাঁর হাঁটাচলায় সমস্যা। এ সমস্যা নিয়েই তিনি প্রায় এক কিলোমিটার পথ হেঁটে স্কুলে যেতেন। তাঁর বাবা নেই। মা লতিফুন নেছা তাঁর অভিভাবক। বাড়িতে গবাদিপশু থাকলেও তা দিয়ে সংসার ঠিকমতো চলে না। শিউলি বলেন, প্রতি মাসে প্রথম আলোর দেওয়া টাকা থেকে কিছু রেখে দিতেন। সেই টাকা দিয়ে এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কোচিং করছেন। তিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে চান।মেহেদী হাসান: ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছিলেন মেহেদী হাসান। ভাঙ্গা পৌরসভার মধ্যপাড়া হাসামদিয়া গ্রামে তাঁর বাড়ি। বাবা কামরুল ইসলাম ছোটখাটো কাঠ ব্যবসায়ী। মা হাফিজা খাতুন পল্লী উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পে কাজ করতেন। একাধিকবার স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর এখন তিনি মানসিক ভারসাম্যহীন। তাঁর চিকিৎসা করতে গিয়ে পরিবার এখন প্রায় সর্বস্বান্ত। মেহেদী বলেন, ‘এসএসসি পাস করার পর ভাঙ্গার বাইরে কোনো ভালো কলেজে আমাকে পড়ানোর ক্ষমতা পরিবারের ছিল না। প্রথম আলোর বৃত্তি পাওয়ার পর রাজেন্দ্র কলেজে ভর্তি হই। বাবাও ভরসা পান।’ লক্ষ্মী রানী: নড়াইল সদর উপজেলার রামসিদ্ধি গ্রামের ভূমিহীন কৃষক অরুণ বিশ্বাসের মেয়ে লক্ষ্মী রানী বিশ্বাস। কালিয়া উপজেলার মনোরঞ্জন কাপুড়িয়া কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষা দিয়েছিলেন তিনি। ভবিষ্যতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে চান। লক্ষ্মী রানী বলেন, প্রথম আলোর সহযোগিতার পাশাপাশি অধ্যক্ষ তাপসী কাপুড়িয়া তাঁকে বিনা বেতনে পড়ার সুযোগ দেন। শিক্ষকেরাও তাঁকে সাধ্যমতো সহযোগিতা করেছেন।জিপিএ-৫ না পেলেও প্রথম আলোর সহায়তায় পড়ালেখা চালিয়ে আরও যেসব শিক্ষার্থী ভালো ফল করেছেন, তাঁরা হলেন নীলফামারীর রোকেয়া বেগম, সাতক্ষীরার কলারোয়ার যমজ দুই ভাই হাসান আলী ও হোসেন আলী, মাগুরার শালিখার গোবিন্দ মণ্ডল, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মো. রবিউল্লাহ, রংপুরের গঙ্গাচড়ার সৌরভ। [প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম ও চাঁপাইনবাবগঞ্জ; যশোর, পটুয়াখালী ও ফরিদপুর অফিস; নীলফামারী, জামালপুর, গাইবান্ধা, নড়াইল, তারাগঞ্জ (রংপুর), ব্রাহ্মণপাড়া (কুমিল্লা), আক্কেলপুর (জয়পুরহাট), শিবগঞ্জ (বগুড়া), লালপুর (নাটোর), গৌরনদী ও কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি]