কথাকাটাকাটি থেকে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে বাসশ্রমিকদের দফায় দফায় সংঘর্ষে গতকাল রোববার পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ সময় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শ্রমিকেরা ইনস্টিটিউটের শ্রেণীকক্ষ ও প্রশাসনিক ভবনে ভাঙচুর করেন। শিক্ষার্থীরা বেশ কয়েকটি বাস ভাঙচুর করে তাতে আগুন দেন। পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাস ভাড়া নিয়ে কথাকাটাকাটির জের ধরে এই সংঘর্ষ হয় বলে জানা গেছে। ভোলার বোরহানউদ্দিন উপজেলার জিয়ানগরে অবস্থিত ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ভোলা শহরের বাসস্ট্যান্ডে বাসের ভাড়া নিয়ে দুই শিক্ষার্থীর সঙ্গে বাস শ্রমিকদের কথাকাটাকাটি হয়। এর জের ধরে শিক্ষার্থীরা রোববার বেলা দুটার দিকে ইনস্টিটিউটের সামনে ভোলা-চরফ্যাশন রুটে একটি বাস থামিয়ে ওই ঘটনার বিচার দাবি করে। খবর পেয়ে ভোলা শহর থেকে দুই-তিনটি বাসে করে শ্রমিকেরা ইট ও লাঠি-সোঁটা নিয়ে ঘটনাস্থলে আসেন। শ্রমিকেরা বাস থেকে নেমে শিক্ষার্থীদের ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় বাসশ্রমিকেরা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রবেশ করে শ্রেণীকক্ষ, প্রশাসনিক ভবন, কর্মচারী হোস্টেল ও অধ্যক্ষের বাসভবন ব্যাপক ভাঙচুর করে। এ সময় শিক্ষার্থীরা কালমা-২ নামের একটি বাস পুড়িয়ে দেয়। তাঁরা সোমা ও ফাইভ স্টার নামের দুটি বাসে অগ্নিসংযোগ করে। প্রভাতী, নবারুন, হাওলাদার, সি-বার্ড, অনন্যা, চন্দ্রঘোনা ও জেপি নামের কয়েকটি বাস ভাঙচুর করে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের বোরহান উদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতাল সূত্র জানায়, শিক্ষার্থী অমিত, রেজাউল, রাকিব, শাহাদাত, কবির-১, আব্বাস, শোয়েব, কবির-২, আল আমিন, মোমিন, মোশারফ, তানজিদ, নুরনবী, শাহাদাত, জুয়েল, দিদার, আশিক, রায়হান, হুমায়ুন, আযাদ, আমিনুরসহ ৩৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের কেউ কেউ ভর্তি রয়েছেন। বাসশ্রমিকের মধ্যে বিল্লাল, জসিম, মো. কবির হোসেন, আবদুল হক, আনসার আলীসহ ১৫ জন এবং পুলিশ কনস্টেবল আবুল হাসেমসহ মোট ৫০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। ইনস্টিটিউটের অধ্যক্ষ হাসান মো. কামরুজ্জামান প্রথম আলোকে জানান, শনিবার রাতে দুই শিক্ষার্থী ভোলা থেকে দুই-তিনটি কম্পিউটার নিয়ে ইনস্টিটিউটে আসার জন্য বাসস্ট্যান্ডে যান। এ সময় বাসে ওঠা ও বাসের ভাড়া নিয়ে তাঁদের সঙ্গে শ্রমিকদের কথাকাটাকাটি হয়। তিনি অভিযোগ করেন, একপর্যায়ে বাসশ্রমিকেরা দুই শিক্ষার্থীকে মারধর করেন। পরে শিক্ষার্থীরা টেম্পোতে আসতে বাধ্য হন। এর জের ধরে ছাত্ররা ইনস্টিটিউটের সামনে একটি বাস থামান। খবর পেয়ে বাস মালিক সমিতি পরিকল্পিতভাবে শ্রমিকসহ তিনটি বাসে করে লাঠি-সোঁটা ও ইট-পাটকেল এনে আমাদের ওপর হামলা চালায়। তিনি দাবি করেন, হামলায় ৫০ ছাত্র আহত হয়েছে। অভিযোগ অস্বীকার করে ভোলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজউদ্দিন বলেন, ‘দুই-তিনজন ছাত্র কম্পিউটার নিয়ে বাসের সিটে বসে অর্ধেক ভাড়া দিতে চায়। বুঝিয়ে বললে তাঁরা গালাগাল করতে করতে নেমে টেম্পোতে করে চলে যায়। রোববার ইনস্টিটিউটের ছাত্ররা বাস থামিয়ে ভাঙচুর করলে সড়কের দুই পাশে অসংখ্য বাস আটকা পড়ে। ওই বাসের শ্রমিকেরাই ছাত্রদের হামলার মোকাবিলা করেছে।’ তিনি দাবি করেন, শিক্ষার্থীরা তিনটি বাসে অগ্নিসংযোগ ও আটটি বাস ভাঙচুর করেছেন। ছাত্রদের হামলায় ২৫ শ্রমিক আহত হয়েছেন।ভোলা পুলিশ সুপার (এসপি) বশির আহাম্মদ বলেন, পুলিশ কাঁদানে গ্যাসের ১২টি শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।