পরিচালক অনিমেষ আইচ ও অভিনয়শিল্পী দীপান্বিতার বিয়ে হয়েছে ছয় বছর হলো। কিন্তু এ সময়ে অনিমেষ পরিচালিত মাত্র দুটি ধারাবাহিকে অভিনয় করেছেন দীপান্বিতা—মানুষ বদল ও পথ গেছে বেঁকে। আর এক ঘণ্টার নাটক হলো আমাকে ভুল বুঝবেন না প্লিজ, কাঁটা, ধাক্কা ও অজ্ঞাতনামা। দুজনই ভালো কাজ করেন, কিন্তু একসঙ্গে মাত্র এই কয়টা কাজ? দীপান্বিতা বললেন, ‘আমি একদমই চাই না ওর কাজ করতে। যে কয়টি করেছি, সেগুলো একেবারেই না পারতে করেছি। অনিমেষের অনুরোধ আর ফেলতে পারিনি।’অনিমেষ তো ভালো কাজ করেন। তাঁর সঙ্গে কাজ করতে সমস্যা কোথায়?আমি কিন্তু সেই ছোটবেলা থেকে অভিনয়ের সঙ্গে আছি। মঞ্চে কাজ করছি। অভিনয়শিল্পী হিসেবে আমার একটা আলাদা সত্তা আছে। কেউ বলবে আমি স্বামীর কাজ বেশি বেশি করছি—এটা আমি চাই না। নিশ্চয়ই আমার তা শুনতেও ভালো লাগবে না। তবে এটা ঠিক, অনিমেষ কিন্তু ভালো কাজ করে। ‘স্বামীর কাজ বেশি বেশি করছেন’—কথাটা কবে শুনেছেন?কাঁটা নাটকটির জন্য আমি গত বছর ‘মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার’ পেয়েছিলাম। এর পরই কথাটা প্রথম আমার কানে আসে। আপনি ‘মানুষ বদল’ ধারাবাহিকে কাজ করেছেন। সেদিক থেকে এনটিভির ‘পথ গেছে বেঁকে’ কেমন মনে হয়েছে?ব্যস্ততার কারণে একটি পর্বও দেখতে পারিনি। সম্পাদনার সময় কিছুটা দেখেছি। অনিমেষ যে মানের কাজ করে, পথ গেছে বেঁকে তেমনটি নয়। এতে আমি সিজোফ্রেনিয়া রোগীর চরিত্রে অভিনয় করেছি। দুটি ধারাবাহিকের মধ্যে তুলনা করাটাও ঠিক হবে না। মানুষ বদল অনিমেষের সৃজনশীলতার একটি নমুনা। ‘না মানুষ’ অনিমেষের প্রথম চলচ্চিত্র। এখানে তো থাকতে পারতেন।ও যে এবারও অনুরোধ করেনি, তা কিন্তু নয়। তবে আমার নিজের একটু ব্যস্ততা আছে। এই যেমন আমি পড়াশোনা করেছি সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে। সামনে এ বিষয়ের ওপর উচ্চতর পড়াশোনার জন্য যুক্তরাজ্যে যাব। চলচ্চিত্রের কাজ নিয়ে অনিমেষ খুব ব্যস্ত, আর আমি সংসার সামলাচ্ছি।