কথাশিল্পী রশীদ করিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রশীদ করিম কথাসাহিত্যিক। তাঁর বিখ্যাত উপন্যাসের মধ্যে আছে উত্তম পুরুষ, প্রসন্ন পাষাণ, আমার যত গ্লানি, প্রেম একটি লাল গোলাপ, সাধারণ লোকের কাহিনী। তাঁর একমাত্র গল্পগ্রন্থ প্রথম প্রেম; তিনটি প্রবন্ধগ্রন্থ হলো আর এক দৃষ্টিকোণ, অতীত হয় নূতন পুনরায় ও মনের গহনে তোমার মুরতিখানি। তাঁর সম্পর্কে শামসুর রাহমান বলেছিলেন, ‘রশীদ করিম আমাদের দেশের অন্যতম সেরা গদ্যকার। তাঁর উত্তম পুরুষ উপন্যাসের ভাষা আশ্চর্য সহজ-সরল ও আধুনিক। রশীদ করিমকে আমি আমার সেরা বন্ধু মনে করি।’রশীদ করিমের জন্ম ১৯২৫ সালের ১৪ আগস্ট কলকাতায়। সেখানেই বেড়ে ওঠা। ১৯৪২ সালে সওগাত পত্রিকায় তাঁর ‘আয়েশা’ গল্পটি প্রকাশিত হয়। তারপর নিয়মিত লিখেছেন ‘একটি মেয়ের আত্মকাহিনী’। বুদ্ধদেব বসু এই গল্পের প্রশংসা করেছেন। দেশ বিভাগের পর কলকাতা ছেড়ে ঢাকায় চলে আসেন তেল কোম্পানির চাকরি নিয়ে।রশীদ করিমের প্রিয় ঔপন্যাসিক শরত্চন্দ্র চট্টোপাধ্যায়। প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও সুধীন্দ্রনাথ দত্ত। স্বাধীনতার পর সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, সমরেশ বসু প্রমুখ সাহিত্যিক ঢাকায় এলে রশীদ করিমের বাসায় যেতেন। এখন কলকাতার বড় সাহিত্যিকদের সঙ্গে তাঁর যোগাযোগ নেই। তবে রশীদ করিম তাঁদের দেখতে চান। এখন অনেক তরুণ লেখক রশীদ করিমকে দেখতে আসেন। তাঁর উপন্যাস, গল্প নিয়ে তরুণেরা খুব আগ্রহী। রশীদ করিমের সাহিত্যকর্ম কয়েকটি খণ্ডে প্রকাশ করেছে সাহিত্য প্রকাশ।রশীদ করিম শাস্ত্রীয় সংগীত পছন্দ করেন। সুচিত্রা মিত্র, কানন বালা দেবী, কুন্দলাল সায়গল, রাজেশ্বরী দত্ত ও পাপিয়া সারোয়ারের গান তাঁর ভালো লাগে। রশীদ করিমের প্রিয় ক্রিকেটার ভারতের মুস্তাক আলী। বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর প্রিয় বিষয়। এসব বিষয় রশীদ করিমের সাহিত্যে উঠে এসেছে। রশীদ করিম থাকেন ধানমন্ডির ভাড়া বাড়িতে। এখন বেশ অসুস্থ। ১৯৯২ সালে পক্ষাঘাতে আক্রান্ত হন। তখন থেকেই বাসার মধ্যে আবদ্ধ তাঁর জীবন। হুইলচেয়ারে চলাফেরা করেন। এখন রশীদ করিমের দেখভাল করছেন স্ত্রী ফুল। তাঁদের একমাত্র সন্তান নাভিলা মোর্শেদ আমেরিকাপ্রবাসী। ওখানে বড় চাকরি করছেন। রশীদ করিমের চিকিত্সা, বাসা ভাড়াসহ সব খরচ নাভিলা দিয়ে থাকেন। সময় পেলেই বাবাকে দেখতে দেশে চলে আসেন তিনি।ঢাকায় রশীদ করিমের প্রিয় বন্ধু কবি আবুল হোসেন, শামসুর রাহমান, জিল্লুর রহমান সিদ্দিকী, খান সারোয়ার মুর্শিদ প্রমুখ। শামসুর রাহমানের মৃত্যুর পর তিনি খুব ভেঙে পড়েন। প্রতিদিন প্রিয় বন্ধুদের দেখার জন্য অপেক্ষা করেন রশীদ করিম।