বাংলাদেশের সাহিত্য নিয়ে যাঁরা নাড়াচাড়া করেন, তাঁদের অনেকের কাছে প্রিয় নাম শওকত আলী। তাঁর উপন্যাসের মধ্যে রয়েছে প্রদোষে প্রাকৃতজন, ওয়ারিশ, শরিক, যাত্রা ও দলিল ।শওকত আলী ৪২/বি হাটখোলায় থাকেন। অনেক আগেই শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন। তাঁর বয়স এখন ৭৫। ১৯৯৪ সালে লন্ডনে তাঁর ওপেন হার্ট সার্জারি হয়েছিল। এখন আবার বুকের বাঁ-দিকে ব্যথা অনুভব করেন। প্রতিদিন তাঁকে তিন বেলা ওষুধ খেতে হয়। তাঁর বাসার দেয়ালে টাঙানো প্রতি বেলার ওষুধের তালিকা। ভোরে তিনি হাঁটতে বের হন। আধঘণ্টা হাঁটাহাঁটি করেন। মাঝেমধ্যে বাজার নিয়ে বাসায় ফেরেন। এরপর পত্রিকা পড়েন তিনি। নাশতা সেরে এটা-ওটা পড়া, লেখা নিয়ে ভাবা, নাতির সঙ্গে খেলা করা, টেলিভিশন দেখা—এসব করেই দিন কাটে তাঁর। কোথাও যাওয়া হয় না তাঁর। সর্বশেষ ওয়াহিদুল হকের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে পরিচিতি অনেকের সঙ্গে তাঁর দেখা হয়েছে। শওকত আলী বলেন, ‘আমার স্মৃতিশক্তি কমে যাচ্ছে।এখন আর কিছু মনে রাখতে পারি না। ঘটনা ও চরিত্র মনে রাখতে পারি না। তাই দুই বছর ধরে কিছু লিখতে পারছি না। এর মধ্যে দু-চারটা ছড়া লিখেছি।’শওকত আলীর শয়নকক্ষের দেয়ালে ছবি টাঙানো আছে। একটা ছবি দেখিয়ে তিনি বলেন, ‘এটা আমার স্ত্রীর ছবি। ১৯৬১ সালে ঢাকার নিউমার্কেটে এই ছবিটা তুলেছিলাম। আমার স্ত্রী তখন ঢাকা ইডেন কলেজে পড়ে। ১৩ টাকা দিয়ে শাড়িটা কিনে দিই। নতুন শাড়ি পরে ছবিটা তোলা হয়।’ আরেকটি ছবি দেখিয়ে তিনি বলেন, ‘এ ছবিটা আমার মায়ের। দেশ বিভাগের পর মা মারা যান।’ শওকত আলী তাঁর বাবা ডা. খোরশেদ আলী সরকার সম্পর্কে বলেন, ‘বাংলাদেশ সরকার আমার বাবার স্ট্যাম্প বের করেছিল। আমার ডাক্তার বাবাকে ১৯৭১ সালে রাজাকার, আলবদরের সহযোগিতায় পাকিস্তানি আর্মিরা নির্মমভাবে হত্যা করেছিল।’শওকত আলীর শয়নকক্ষের টেবিলে ছড়িয়ে-ছিটিয়ে আছে বই, পত্র-পত্রিকা। খাটের ওপর পাণ্ডুলিপি আর কলম পড়ে আছে। বেশ কটি পাতা লেখা আছে। তিনি এখন ইতিহাস ও নৃতত্ত্ব নিয়ে পড়ছেন। এ দুটো বিষয়ে সব সময় তাঁর আগ্রহ আছে। এ ছাড়া গল্প-উপন্যাস হাতের কাছে পেলেও তিনি পড়েন। সিরাজুল ইসলাম চৌধুরীর নতুন দিগন্ত ও কিছু লিটল ম্যাগাজিন নিয়মিত তিনি দেখেন। সেগুলোয় তরুণদের লেখা আগ্রহ নিয়ে পড়েন। ইমতিয়ার শামীমের গল্প তাঁর পছন্দ। শওকত আলী জানান, শাহাদত চৌধুরীর কথা প্রায়ই মনে পড়ে তাঁর। বিচিত্রায় অনেক উপন্যাস লিখেছেন।শওকত আলী বলেন, ‘এখনকার বাচ্চাদের মধ্যে কৌতূহল কম। তারা ঘরের ভেতরে থাকে। তাদের খেলার জায়গা নেই। এ কারণে বাচ্চাদের জানার আগ্রহ বাড়ছে না। তারা বই পড়ে না। এখলাস উদ্দিন ছোটদের পত্রিকা টাপুর-টুপুর সম্পাদনা করতেন। কী চমৎকার পত্রিকা ছিল! দাদাভাইয়ের কচিকাঁচার আসরও চমৎকার ছিল। এখন আর এমনটা দেখি না।’শওকত আলী বলেন, ‘আমি বরাবরই খুব অগোছালো মানুষ, আমার স্ত্রীই আমাকে নিয়মশৃঙ্খলার মধ্যে নিয়ে এসেছিল।’ তাঁর স্ত্রী ১৯৯৬ সালে মারা গেছেন। এখন ছেলের বউরা তাঁকে দেখাশোনা করেন। শওকত আলীর শখ রান্না আর বাজার করা। কিন্তু ছেলের বউরা তাঁকে রান্না করতে দেন না। তাঁর বড় ছেলে চিকিৎসক, যুক্তরাষ্ট্রে থাকেন; মেজো ছেলে সাংবাদিক আর ছোট ছেলে ব্যাংকার—তাঁদের নিয়েই হাটখোলায় থাকেন শওকত আলী।