কথায় কথায় রাস্তায় গাড়ি ভাঙচুর করা কাম্য নয়: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথায় কথায় রাস্তায় নির্বিচারে গাড়ি ভাঙচুর এবং উচ্ছৃঙ্খল আচরণ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কোনো কিছু হলেই রাস্তায় নেমে ভাঙচুর ও উচ্ছৃঙ্খল আচরণ কারও কাম্য হতে পারে না। সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আজ সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী নিহত ছাত্রের রুহের মাগফেরাত কামনা এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।বিশ্বকাপ ক্রিকেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, খেলায় হারজিত্ থাকবে। জিতলে ফুলের মালা আর হারলে ঢিল নিক্ষেপ—এ রকম আচরণ দুঃখজনক। উচ্ছৃঙ্খল আচরণের কারণে অনেক দেশ বিশ্বকাপের ভেন্যু পায়নি। তাই সবাইকে খেলোয়াড়সুলভ মনোভাব নিয়ে ক্রিকেট খেলা দেখতে হবে। বাংলাদেশের মর্যাদা ও সম্মান সবাইকে রক্ষা করতে হবে। ভবিষ্যতে এ ধরনের আচরণ দেশের কোনো মানুষ আর দেখতে চায় না। বিরোধী দলের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেতা বলেছেন, ক্ষমতায় গেলে তিনি নাকি আমাদের সকল কর্মকাণ্ড অবৈধ ঘোষণা করবেন! তাহলে কী আমরা এত বিদ্যুত্ উত্পাদন করছি, তা বন্ধ করে দিয়ে দেশকে তিনি অন্ধকার করে দেবেন? আমাদের করা এত রাস্তা-ঘাট, পুল-কালভার্ট সবই ভেঙে দেবেন?’ তিনি বলেন, বিরোধী দল মনে করেছিল, লুণ্ঠিত হাজার হাজার কোটি টাকা দিয়েই ক্ষমতা কেনা যায়। কিন্তু তা যে হয় না, তা দেখেছে দেশবাসী। বাংলাদেশের মানুষকে অর্থ দিয়ে কেনা যায় না, ভবিষ্যতেও যাবে না।আলোচনায় অংশ নিয়ে মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিভিন্ন জাতীয় পত্রিকায় মনগড়া সংবাদ পরিবেশনের অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, জাতীয় সংবাদ পত্রগুলোকে বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ পরিবেশন করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদপত্র গণতন্ত্রের রক্ষাকবচ।সৈয়দ আশরাফ আরও বলেন, ‘ইউনূস প্রসঙ্গ নিয়ে যুক্তিহীনভাবে আমাদের ওপর আক্রমণ করা হচ্ছে। আমরাও জবাব দিতে পারি। তবে সময়মতো অবশ্যই দেব।’সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মহিউদ্দিন খান আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন প্রমুখ।৭ মার্চ পালিত: আজ ঢাকাসহ সারা দেশেই যথাযোগ্য মর্যাদায় পালিত হয় ঐতিহাসিক ৭ মার্চ। শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। রাজধানী থেকে শুরু করে গ্রামে-গঞ্জে, রাস্তা-ঘাট, অলি-গলিতে দিনভর প্রচারিত হয় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাদের নিয়ে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।