কথায় নয়, কাজে প্রমাণ করতে হবে সাংসদেরা দারিদ্র্যবান্ধব আইন প্রণয়নে সক্ষম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পিকার আবদুল হামিদ বলেছেন, ‘কথায় নয়, কাজে প্রমাণ করতে হবে, সাংসদেরা দারিদ্র্যবান্ধব আইন প্রণয়নে সক্ষম। কারণ, দরিদ্র কিংবা অতিদরিদ্র যে শব্দই হোক না কেন, তা আমাদের শত্রু। এ জন্য দারিদ্র্য শব্দটি আমাদের আলোচনা থেকে মুছে ফেলতে দলমত-নির্বিশেষে সব সাংসদকে দৃঢ় অবস্থান নিতে হবে। সংসদ সদস্যদেরকে দরিদ্রজনের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে।’স্পিকার আজ শনিবার জাতীয় সংসদের শপথকক্ষে সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজি) ‘বাংলাদেশের চরম দারিদ্র্য’ বিষয়ে লিডারশিপ ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ কোর্সে বিভিন্ন দলের ২০ জন সাংসদ অংশ নেন।অনুষ্ঠানে বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি কাজী খলিকুজ্জমান আহমদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এ সাত্তার মণ্ডল ও যুক্তরাজ্যের বাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জো ডিভাইন পৃথক তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন। সাংসদেরা প্রবন্ধের বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন এবং বাংলাদেশ থেকে চরম দারিদ্র্য দূরীকরণে পরামর্শমূলক বক্তব্য দেন।স্পিকার বলেন, বিভিন্ন ওরিয়েন্টেশন কোর্সে অংশ নেওয়ার মাধ্যমে সাংসদেরা জলবায়ু পরিবর্তন, তথ্য অধিকার, বাণিজ্যনীতি, দারিদ্র্য দূরীকরণ, জনসংখ্যা নিয়ন্ত্রণসহ সমসাময়িক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে তাঁদের অভিজ্ঞতা, দক্ষতা ও জ্ঞানের পরিধি বহুলাংশে বৃদ্ধি করেছেন। সংসদের বিভিন্ন আলোচনা ও বিতর্কে এর প্রতিফলন পরিলক্ষিত হচ্ছে। তিনি সাংসদদের জন্য বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রাখারও ঘোষণা দেন।আবদুল হামিদ বলেন, অনেক কষ্টে অর্জিত গণতান্ত্রিক অগ্রযাত্রাকে জনমানুষের আকাঙ্ক্ষায় পরিণত করতে দারিদ্র্য হটাতে হবে। আর এ ক্ষেত্রে সাংসদদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি বাংলাদেশের অতিদরিদ্র পরিস্থিতি ও করণীয় সম্পর্কে তথ্যবহুল ও নির্দেশনামূলক প্রতিবেদন তৈরির জন্য সরকারি ও বিরোধী দলের সাংসদদের সমন্বয়ে একটি অতিদরিদ্রবিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপ গঠনের ঘোষণা দেন।