কথায় নয়, কাজে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করতে হবে
শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, ‘আমরা মুখে মুখে বঙ্গবন্ধু ও তাঁর আদর্শের কথা বলি, কিন্তু বেশির ভাগের কাজকর্মেই তাঁর প্রতিফলন নেই। যত দিন না আমরা আমাদের কাজকর্মে প্রতিফলন ঘটাতে পারব, তত দিন পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা হবে না।’জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার পেশাজীবী সমন্বয় পরিষদ আয়োজিত ‘বঙ্গবন্ধুর জীবনদর্শন ও বাংলাদেশের বর্তমান রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় আনিসুজ্জামান এ কথা বলেন।সভার প্রধান আলোচক হিসেবে আনিসুজ্জামান বলেন, ‘বঙ্গবন্ধুর লক্ষ্যের দৃঢ়তা ছিল। পাকিস্তান সৃষ্টির পরেই তিনি বাঙালির স্বার্থ রক্ষার জন্য আন্দোলন করেছেন। শত অত্যাচার সহ্য করেও তিনি এই আন্দোলনের সঙ্গে আপস করেননি।’ বঙ্গবন্ধুর আদর্শ কর্মে প্রতিফলন ঘটানোর জন্য অনুসারীদের প্রতি আহ্বান জানিয়ে আনিসুজ্জামান বলেন, ‘বঙ্গবন্ধু বলতেন, দেশের জন্য কিছু করতে হলে আত্মত্যাগ করতে হবে। তিনি সারা জীবন সেই আত্মত্যাগ করেছেন। আজকে যারা বঙ্গবন্ধুর আদর্শের কথা বলেন, তারা নিজেদের আচরণ ও কথাবার্তা দেখুন।’ আনিসুজ্জামান আরও বলেন, বঙ্গবন্ধু তাঁর লক্ষ্য থেকে কখনো সরেননি। তাঁর আত্মবিশ্বাস ছিল দৃঢ়; দেশপ্রেমে তিনি ছিলেন অবিচল। সারা জীবন তিনি মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেছেন। বঙ্গবন্ধুর এসব আদর্শ প্রতিষ্ঠা করতে হলে কাজকর্মে তার প্রতিফলন ঘটাতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর জাতিসংঘ, কমনওয়েলথসহ আন্তর্জাতিক যেসব ফোরামে বঙ্গবন্ধু ভাষণ দিয়েছেন, তাতে তিনি নিরস্ত্রীকরণ, খাদ্যনিরাপত্তাসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের ওপর গুরুত্ব দেন। এভাবেই তিনি বিশ্বমানুষের বন্ধুতে পরিণত হন।আরেফিন সিদ্দিক বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আসার কথা ছিল। কিন্তু ঘাতকেরা সেদিনই তাঁকে হত্যা করে। বঙ্গবন্ধু আজ নেই; কিন্তু তাঁর আদর্শ আছে। সেই আদর্শ জাগ্রত রাখতে হবে। নতুন প্রজন্মকে সেই আদর্শের কথা জানাতে হবে। বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ‘স্বাধীনতার পর প্রথম সাহিত্য সম্মেলনে আমন্ত্রণ জানাতে ১৯৭৪ সালের ৬ ফেব্রুয়ারি বাংলা একাডেমীর সেই সময়ের মহাপরিচালকের সঙ্গে আমরা কয়েকজন বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সে সময় বঙ্গবন্ধু বলেন, “আপনারা দেশের ইতিহাস লিখবেন। গবেষণা করবেন। আপনাদের আজ ইতিহাসের কতগুলো ঘটনা জানাচ্ছি। আমি সত্যি সত্যি আগরতলায় গিয়েছিলাম। সেখানকার নেতাদের সঙ্গে কথা বলেছি। ২৫ মার্চের আগেই আমি ভারতে সবার সঙ্গে কথা বলে রেখেছি। কোথায় গেলে অস্ত্র পাওয়া যাবে, কীভাবে কী হবে—সবই বলে গিয়েছিলাম। ২৫ মার্চে গ্রেপ্তারের আগেই আমি দেশের সব জেলায় স্বাধীনতার ঘোষণা পাঠিয়ে দিয়েছি।” নিজের গ্রেপ্তার প্রসঙ্গে বঙ্গবন্ধু বলেন, “আমাকে না পেলে ওরা আরও অত্যাচার চালাত। আর এই যুদ্ধও বিচ্ছিন্নতাবাদী হিসেবে দেখানো হতো বিশ্বের কাছে”।’বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া বলেন, আজ বঙ্গবন্ধুর নামে যাঁরা রাজনীতি করেন, তাঁদের উচিত বঙ্গবন্ধুর জীবনাদর্শের দিকে তাকানো। কারণ, আজকে অনেকেই রাজনীতি করেন ধনী হওয়ার জন্য, ব্যবসা করার জন্য। কিন্তু বঙ্গবন্ধু সারা জীবন ত্যাগের রাজনীতি করেছেন। তাঁর নিজের কিছুই ছিল না। পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি বিচারপতি এ এফ এম মেসবাহউদ্দীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আখতারুজ্জামান, জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের সভাপতি কাজী ফারুক আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুছ, প্রকৌশলী খাবিরুজ্জামান প্রমুখ।