কথিত প্রেমিকের ছুরিকাঘাতে স্কুলছাত্রী আহত
সাইদুর রহমান (২০) নামে এক যুবকের ছুরিকাঘাতে শারমিন আক্তার (১৫) নামে পুরান ঢাকার এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। শারমিন আগাসাদেক স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ে । কথিত প্রেমিক সাইদুরও নিজের ছুরিকাঘাতে আহত হয়েছেন। তিনি এখন পুলিশ পাহারায় এবং শারমিন ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিত্সাধীন। শারমিন আক্তারের ভাই আরিফ জানায়, তারা ৬৯/১ নবাব কাটরায় একটি দোতলা বাসায় ভাড়া থাকে। ওই বাসারই নিচতলায় মেসে থাকে সাইদুর। আজ সকালে সাইদুর তাদের বাসায় গিয়ে শারমিনের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। শারমিন জানায়, কয়েক দিন ধরে সাইদুর তাকে বিরক্ত করে আসছিলেন এবং বলছিলেন, শারমিন যদি তাকে ভালো না বাসে, তাহলে তিনি মরে যাবেন। একপর্যায়ে শারমিন বিষয়টি তার মা-বাবাকে জানাতে বলে। সাইদুরের বন্ধু ও মেসের সদস্য মোস্তফা কামাল জানান, সাইদুরের বাড়ি গাইবান্ধায় আর শারমিনের গ্রামের বাড়ি ফরিদপুরে। এ কারণে শারমিনের মা মেয়েকে এত দূরে বিয়ে দিতে রাজি হননি। মোস্তফার দাবি, বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে প্রেম চলছিল।শারমিন আরও জানায়, আজ সকাল আটটার দিকে সে স্কুলে যাওয়ার সময় সাইদুর তাদের বাড়িতে আসেন এবং তাকে স্কুলে না গিয়ে তাঁর সঙ্গে গাইবান্ধায় যেতে বলেন। শারমিন বিষয়টি তার মাকে বলতে বললে সাইদুর ক্ষিপ্ত হয়ে প্রথমে ছুরি দিয়ে নিজের হাত কাটেন এবং একপর্যায়ে ‘আমি মরব তোমাকে মারব’ এই কথা বলে তাঁর পেটে একবার ও শারমিনের পেটে দুইবার ছুরি ঢুকিয়ে দেন।