কথিত হারবালের আট মালিক ও হেকিমকে কারাদণ্ড
রাজধানীর ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকার কথিত পাঁচটি হারবাল চিকিত্সালয়ের আটজন মালিক ও হেকিমকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আরও চারটি কথিত চিকিত্সালয়ের পাঁচ কর্মকর্তাকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টা থেকে বিকেলে সাড়ে চারটা পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ ফরহাদ এই অভিযান চালান। র্যাব-২-এর সহযোগিতায় পরিচালিত এই অভিযানে ওষুধ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মোহাম্মদ ফরহাদ বলেন, হারবাল প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে লাইসেন্সবিহীন ব্যবসা, অননুমোদিত ও লেবেলবিহীন ওষুধ বাজারজাতকরণ এবং কুরুচিপূর্ণ বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। কারাদণ্ড ও জরিমানা ছাড়াও একটি প্রতিষ্ঠানের পলাতক মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।র্যাবের কর্মকর্তারা বলেন, দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত প্রথমে ফার্মগেটের হারবি হাউসে অভিযান চালায়। এ সময় ওই প্রতিষ্ঠানের দুই মালিক মুজিবুল হক ও নুরুল আনোয়ারকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এরপর একে একে আদি ইউনানির মোস্তফা কামালকে এক বছরের কারাদণ্ড, নবজীবন ইন্ডিয়ান হারবালের সুনীল দেবনাথ ও ইয়াসিন মিয়াকে এক বছর করে কারাদণ্ড, সিঙ্গাপুর হারবালের আশিকুর রহমানকে এক বছর কারাদণ্ড ও দুই কর্মকর্তা সুব্রত শিকদার ও বিধান কুমার হালদারকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া, দেশ হারবালের নুরুল আজিম ও স্বপন দেবনাথকে এক বছর করে কারাদণ্ড এবং হারবাল থেরাপির রুহুল আমীন ও শফি হোমিওর মেহেদী হাসানকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়। একই সঙ্গে জেনুইন হারবালের কর্মকর্তা দিদারুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং পলাতক মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়।র্যাব-২-এর অতিরিক্ত পুলিশ সুপার রায়হানউদ্দীন খান বলেন, হারবাল প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। একই সঙ্গে তাদের সরবরাহ করা কথিত ওষুধের উপাদানগুলো ঝুঁকিপূর্ণ ও অননুমোদিত।