কদমতলীতে গৃহবধূ ও তাঁর শিশুকন্যা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলী থানার পলাশপুরে গৃহবধূ ইয়াসমিন আক্তার (২৬) ও তাঁর শিশুকন্যা ইরিনা আলম তানহাকে (৪) শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে কদমতলী থানার পুলিশ তাঁদের লাশ উদ্ধার করেছে।পুলিশ ধারণা করছে, ইয়াসমিনের সত্-ছেলে ড্যানিই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ড্যানি ইয়াসমিনের সঙ্গে থাকলেও আজ সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিহত গৃহবধূ ইয়াসমিনের স্বামী প্রকৌশলী শাহ আলম চাকরিসূত্রে সিলেটের ছাতকে থাকেন। ইয়াসমিন তাঁর শিশুকন্যা তানহা ও সত্-ছেলে ড্যানিকে নিয়ে পলাশপুর রেনেসাঁ স্কুলের পাশে নিজ বাড়িতে থাকতেন। আজ সকালে ইয়াসমিনের মা বেড়াতে এসে ইয়াসমিন ও তানহার লাশ খাটের সঙ্গে হাত-পা বাঁধা ও গলায় কাপড় পেঁচানো অবস্থায় দেখতে পান। তিনি কদমতলী থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন জানিয়েছেন, ড্যানি শাহ আলমের প্রথম ঘরের সন্তান। ইয়াসমিন তাঁর তৃতীয় পক্ষের স্ত্রী। প্রথম দুই স্ত্রী মারা গেলে শাহ আলম ইয়াসমিনকে বিয়ে করেন। তানহা তাঁর তৃতীয় পক্ষের সন্তান। শাহ আলমের অন্য সন্তানেরা অন্যত্র থাকলেও ড্যানি পলাশপুরে ইয়াসমিনের সঙ্গেই থাকত। এ ব্যাপারে কদমতলী থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। ড্যানিকে ধরতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।