কদমতলীতে ডায়িং কারখানায় আগুন, ৮ শ্রমিক নিহত
রাজধানীর কদমতলীর শিল্প এলাকায় আজ বৃহস্পতিবার ভোরে সোনারগাঁও ফেন্সি অ্যান্ড ডায়িং লিমিটেড নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডে আটজন শ্রমিক নিহত হয়েছেন। নিহতেরা হলেন—চয়ন (২৫), হাবিল (২৫), কাবিল (২৫), আসমাউল (১৭), আবদুল আজিজ (২০), কবির (২২), নয়ন (১৫) ও আলমাস (২০)। লাশগুলো বর্তমানে মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রফিকুল ইসলাম জানান, আজ ভোর পৌনে পাঁচটার দিকে ওই শিল্প এলাকার ৮ নম্বর সড়কের ১৪ নম্বর প্লটে অবস্থিত ওই কারখানার ছাদে আগুন লাগে। ওই কারখানার চার তলা ভবনের ছাদে শ্রমিকদের থাকার জন্য টিনশেডের ঘরে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় ওই কক্ষে ঘুমিয়ে থাকা ওই আট শ্রমিক দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিসের পোস্তগোলা ও সদর দপ্তরের কর্মীরা পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ নিহত শ্রমিকদের লাশ উদ্ধার করে।