কদমতলীতে ৩ জনের গলাকাটা লাশ উদ্ধার
রাজধানীর কদমতলী থেকে পুলিশ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার করেছে। নিহতেরা হলেন জনি, বাবু ও হাসান। তাঁদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। লাশগুলো ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, এঁরা তিনজনই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।প্রত্যক্ষদর্শী জয়নাব বিবি জানান, তিনি কদমতলী থানার পশ্চিম মোহাম্মদবাগের নামাশ্যামপুর এলাকার একটি পুকুর পাড়ে শাক তুলতে যান। এ সময় একটি লাশ দেখতে পেয়ে তিনি চিত্কার করতে থাকেন। তখন এলাকাবাসী ঘটনাস্থলে আসে এবং পুলিশকে খবর দেয়।কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক জানান, দুপুর সাড়ে ১২টা দিকে নামাশ্যামপুর এলাকার একটি জলাশয়ের পাশ থেকে লাশগুলো উদ্ধার করা হয়। লাশ তিনটির গলাকাটা ছিল। এবং বাবুর মুখে ছুরির আঘাতের চিহ্ন ছিল। এলাকাবাসী জানায়, জনি ও বাবু দুই ভাই। তাঁদের বাসা কদমতলী থানার সবুজবাগে। আর হাসান কদমতলী থানার রসুলবাগের তিন নম্বর সড়কের ১৯৫০ নম্বর বাড়িতে থাকতো।