কদমতলীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
রাজধানীর কদমতলীতে র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ গোপাল চন্দ্র দাস (২৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। র্যাব ও পুলিশের দাবি, গোপাল র্যাব ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ডাকাতি, চাঁদাবাজি, রাহাজানি, ধর্ষণসহ মোট ১১টি মামলা রয়েছে।র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সম্প্রতি নামা শ্যামপুর, কদমতলী ও পার্শ্ববর্তী এলাকায় বেশ কটি চাঞ্চল্যকর খুনের ঘটনা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তাই এ অপরাধের সঙ্গে জড়িত চক্রটিকে ধরতে র্যাব-১০ কয়েক দিন ধরে ওই এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল রাত আড়াইটার দিকে র্যাব-১০-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১-এর টহল দলটি অভিযান চালানোর সময় কদমতলীর ওয়াসা বটতলায় কয়েকজন লোককে বসে থাকতে দেখে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে বসে থাকা লোকগুলো র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। সন্ত্রাসীরা একপর্যায়ে পিছু হটতে বাধ্য হয়। পরে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে কদমতলী থানার পুলিশ ও স্থানীয় লোকজন তাঁকে (গোপাল) শনাক্ত করে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি গুলি এবং দুটি গুলির খালি খোসা উদ্ধার করা হয়।কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপালের বাসা শ্যামপুর থানার পশ্চিম জুরাইনে।