কনকর্ড গ্র্যান্ড টাওয়ার নিরাপদ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শান্তিনগরে আজ শনিবার সকালে ফাটল ধরা কনকর্ড গ্র্যান্ড টাওয়ারটিকে নিরাপদ ঘোষণা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞ দল। আজ সন্ধ্যায় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ফখরুল আমিন এ তথ্য জানান।সংবাদ সম্মেলনে জানানো হয়, ভবনটি ঝুঁকিপূর্ণ নয়। ভবনটিতে গ্যাস, পানি ও বিদ্যুতের লাইনের সংযোগ দিতে সুপারিশ করা হয়েছে। ভবনটিতে কেন ফাটল দেখা দিয়েছে, ফখরুল আমিনের নেতৃত্বে বুয়েটের একটি দল কাল থেকে জরিপ করে দেখবে।সকালে শান্তিনগরের ১৬৯/১ নম্বরের ২২তলা ভবনটিতে ফাটল দেখা দেয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কনকর্ড গ্র্যান্ড টাওয়ার ভবনে সকালে ফাটল দেখা দেয়। ভবনটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সার্বিক পরিস্থিতি তদারক করেন। তাঁরা ভবনের চারপাশ ঘিরে রাখেন। ফাটলের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে দুপুরে বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ফখরুল আমিনের নেতৃত্বে একটি দল সেখানে যায়। পূর্তসচিব, রাজউকের চেয়ারম্যান, কনকর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অনেকেই ঘটনাস্থল পরিদর্শন করেন।রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়িতে ১ জুন ভবন উপড়ে পড়ে ২৫ জনের মৃত্যু, ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে অগ্নিকাণ্ডে ১১৭ জনের মৃত্যু এবং ৪ জুন বেগুনবাড়ির আরেকটি বাড়ি হেলে পড়ার ঘটনায় মৃত্যুভয়ে আতঙ্কিত লোকজন অনেকটাই দিশেহারা।