কনকর্ডিয়া দুর্ঘটনায় ২৯ যাত্রী এখনো নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির প্রমোদতরী কোস্টা কনকর্ডিয়ার নিখোঁজদের খোঁজে উদ্ধারকর্মী ও ডুবুরিরা এখনো অভিযান চালিয়ে যাচ্ছে। বিভিন্ন দেশের ২৯ জন যাত্রী এখনো নিখোঁজ রয়েছে। স্থানীয় কোস্টগার্ড-প্রধান মার্কো ব্রাসকো বলেন, নিখোঁজ যাত্রীদের খুঁজে পাওয়ার আশা ক্ষীণ। গত শুক্রবার জাহাজটি ডুবে যাওয়ার পর এ পর্যন্ত ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। জাহাজের মালিক এ দুর্ঘটনার জন্য ক্যাপ্টেনকে দায়ী করেছেন। তিনি বলেন, ক্যাপ্টেন জাহাজটির গতিপথ একটি দ্বীপের দিকে ঘুরিয়ে দেন। জাহাজের ক্যাপ্টেন ফ্রান্সিসকো স্কেতিনোকে হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত করা হয়েছে। তবে ৫২ বছর বয়সী এই ক্যাপ্টেন অভিযোগ অস্বীকার করেন। তাঁর পক্ষের আইনজীবী ব্রুনো লেপোরাত্তি বলেন, ক্যাপ্টেন এই দুর্ঘটনায় শোকাহত। তিনি এই ভয়ংকর বিপদ থেকে যাত্রীদের রক্ষার ব্যাপারে আন্তরিক ছিলেন।দুর্ঘটনার ফলে পরিবেশ দূষণের আশঙ্কা করেন দেশটির পরিবেশ মন্ত্রী। তিনি বলেন, জাহাজ থেকে একধরনের তরল পদার্থ নির্গত হচ্ছে। এটা জ্বালানি তেল কি না, এটা বোঝা যাচ্ছে না। চারর হাজার ২০০ জন যাত্রী নিয়ে জাহাজটি গত শুক্রবার ডুবে যায়। সর্বশেষ সংবাদে জানা গেছে, ১২ জন জার্মান, দুজন মার্কিন, ছয়জন ইতালীয়, দুই ফরাসি দম্পতি এবং একজন পেরুর নাগরিক এখনো নিখোঁজ।