বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান বার্থ অপারেটররা বিনা দরপত্রে প্রায় তিন বছর ধরে প্রতিটি কনটেইনার ওঠানো-নামানোর জন্য আদায় করছিল ৭৩০ টাকা। অথচ এই কাজের জন্য গতকাল সোমবার দরপত্র জমা দেওয়ার শেষ দিনে সর্বনিম্ন দরপ্রস্তাব পাওয়া গেছে ৭৫ টাকা। কিউসি শিপিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান এই দর প্রস্তাব করেছে। প্রতিষ্ঠানটির সঙ্গে কিছু স্টিভিডোরিং প্রতিষ্ঠান কাজটি ভাগাভাগি করতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এসব জানা গেছে।বন্দর সূত্রে জানা যায়, আগামী তিন বছরের জন্য ছয়টি কনটেইনার জেটি (বার্থ) এবং ছয়টি সাধারণ পণ্যবাহী জেটিতে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর জন্য গতকাল মোট ৫১টি দরপ্রস্তাব জমা পড়ে। এর মধ্যে ছয়টি কনটেইনার বার্থের জন্য ২৩টি এবং ছয়টি সাধারণ পণ্যের বার্থের জন্য ২৮টি দরপত্র জমা পড়ে।সূত্র জানায়, দরপত্র খোলার পর দেখা যায়, ছয়টি কনটেইনার বার্থের প্রতিটির জন্য কিউসি শিপিং লিমিটেড এক কোটি ৭২ লাখ টাকা দরপ্রস্তাব করে। তিন বছরে ছয়টি বার্থে প্রায় ১২ লাখ ৯০ হাজার কনটেইনার ওঠানো-নামানোর সম্ভাব্য হিসাব নির্ধারণ করে প্রতিষ্ঠানটি এই দরপ্রস্তাব করেছে। এ হিসাবে প্রতিটি কনটেইনার ওঠানো-নামানোর জন্য দরপ্রস্তাব করা হয়েছে ৭৫ টাকা।সূত্র জানায়, দরপত্র ছাড়া ২০০৭ সালের ১৬ মে থেকে বার্থ অপারেটররা প্রতিটি কনটেইনার ওঠানো-নামানোর জন্য চট্টগ্রাম বন্দরের কাছ থেকে ৭৩০ টাকা করে আদায় করেছে। চারদলীয় জোট সরকারের শুরুর দিকে এই কাজ করা হতো ২২০০ টাকায় এবং শেষ দিকে ১২০০ টাকায়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে একই কাজের জন্য কনটেইনারপ্রতি নেওয়া হচ্ছে ৭৩০ টাকা। বন্দর সূত্র জানায়, আগামী তিন বছরে ছয়টি সাধারণ পণ্যের (জিআই) বার্থে পণ্য ওঠানো-নামানোর কাজের জন্য দরপত্রে সর্বনিম্ন দরপ্রস্তাব করেছে খুলনার এম এ হাশেম অ্যান্ড কোম্পানি নামের একটি স্টিভিডোরস প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান প্রতি টন পণ্য ওঠানো-নামানোর জন্য দরপ্রস্তাব করেছে ১০ থেকে ১২ টাকা, তিন বছরের জন্য এই দরপ্রস্তাব করা হয়েছে দুই কোটি টাকা। বার্থ অপারেটররা একই কাজের জন্য দরপ্রস্তাব করেছে দুই কোটি ৪৪ লাখ টাকা বা টনপ্রতি ১২ থেকে ১৪ টাকা। এত দিন বার্থ অপারেটররা এই কাজ টনপ্রতি ৭২ টাকায় করেছেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এ আর ইউ আহমেদ দরপত্রে কম দর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, এই অস্বাভাবিক কম হারের দর প্রমাণ করে, অতীতে যারা এ কাজ করেছিল, তারা অনেক বেশি মুনাফা করেছে। এই মুনাফার খেসারত দিতে হয়েছে দেশের অর্থনীতিকে। দু-এক দিনের মধ্যে দরপত্রগুলোর কারিগরি দিক পরীক্ষা করে কার্যাদেশ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে তিনি জানান।