কনটেইনার ওঠানো-নামানোর স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করার পরীক্ষামূলক কার্যক্রমের কারণে আগামী ১৪ ও ১৭ আগস্ট দুই দিন চট্টগ্রাম বন্দরের মাল ওঠানো-নামানোর কাজ আংশিক বন্ধ থাকবে। এরপর ১৯ আগস্ট থেকে পুরোপুরি চালু হবে স্বয়ংক্রিয় ‘কনটেইনার ট্রেকিং অ্যান্ড ম্যানেজমেন্ট পদ্ধতি (সিটিএমএস)’।গত শনিবার অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরের বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বন্দরের চেয়ারম্যান কমোডর এম আনোয়ারুল ইসলাম ও অন্য কর্মকর্তারা বৈঠক করেন সিটিএমএস পদ্ধতি স্থাপনে সহায়তাকারী সিঙ্গাপুরভিত্তিক সংস্থা ‘এসটি ইলেক্টনিক্স’ ও ‘নেভিসের’ কর্মকর্তাদের সঙ্গে। এই বৈঠকে চট্টগ্রাম বন্দরে সিটিএমএস-ব্যবস্থা ১৯ আগস্ট থেকে চালুর সিদ্ধান্ত চূড়ান্ত হয়।সূত্র মতে, নতুন পদ্ধতিতে কোন জাহাজ কনটেইনার-ভর্তি কোন ধরনের পণ্য নিয়ে কখন বন্দরে আসছে এবং সেই কনটেইনার জাহাজ থেকে খালাস করে বন্দরের কোথায় রাখা হচ্ছে, তা জানা যাবে অনলাইনে। একই সঙ্গে রপ্তানি পণ্যভর্তি কনটেইনার বিদেশি বন্দরের উদ্দেশে কোন জাহাজে তুলে দেওয়া হচ্ছে, সেটাও আগাম জানা যাবে। এই ব্যবস্থায় বন্দর জেটির অপারেশনাল কাজে কোন দিন কতজন শ্রমিক এবং কতটা যন্ত্রপাতি কোথায় নিয়োগ হবে, সেটার তথ্যও অনলাইনে দেওয়া থাকবে। পাশাপাশি কনটেইনার ও জাহাজভাড়া, শ্রমিক নিয়োগ ইত্যাদি কাজে কত খরচ হচ্ছে, সেটাও স্বয়ংক্রিয় পদ্ধতিতে হিসাব করে অনলাইনে ব্যাংকে পরিশোধের ব্যবস্থা থাকবে। আরও থাকবে বহির্নোঙর থেকে জেটিতে জাহাজ আনার নিয়মতান্ত্রিক ব্যবস্থা (বার্থিং)। ফলে ঘুষ-বকশিশ দিয়ে বহির্নোঙরে পরের ক্রমিকে থাকা কোনো জাহাজকে আগে জেটিতে ভেড়ানোর যে অভিযোগ দীর্ঘদিন ধরে ছিল, তা-ও বন্ধ হবে। এসব কারণে সিটিএমএস পদ্ধতি চালু হলে বন্দর আধুনিকায়নে নতুন দিক উন্মোচন হবে বলে বন্দর কর্মকর্তারা মনে করছেন।জানা গেছে, বন্দরের আধুনিক এসব সুযোগ-সুবিধা সংবলিত ব্যবস্থা চালুর জন্য পাঁচ বছর ধরে চেষ্টা হচ্ছিল। কিন্তু নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার কারণে নতুন ব্যবস্থা আরও আগে চালু করা সম্ভব হয়নি। তিন মাস ধরে নিরবচ্ছিন্নভাবে কাজ করে নতুন ব্যবস্থার চূড়ান্ত রূপ দেওয়া সম্ভব হয়। সিটিএমএস পদ্ধতি চালুতে ৪০ কোটি টাকা খরচ করা হচ্ছে বলে জানা যায়।সিটিএমএস প্রকল্পের পরিচালক প্রকৌশলী খায়রুল মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘নতুন ব্যবস্থায় বিশ্বের যেকোনো জায়গায় বসে পণ্য ভর্তি কিংবা খালি কনটেইনার চট্টগ্রাম বন্দরে কী অবস্থায় আছে, তা জানা যাবে। এ ব্যবস্থায় বন্দরের দক্ষতা ও কনটেইনার রাখার জায়গা এক ধাক্কায় ৫০ শতাংশ বেড়ে যাবে।বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রথমে চট্টগ্রাম বন্দর একটানা ২৪ ঘণ্টা বন্ধ রেখে নতুন ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু বন্দর বন্ধ থাকলে দেশের আমদানি-রপ্তানির ক্ষতি হবে মনে করে আলাদা দুই দিন বন্দর আংশিক বন্ধ রেখে সংশ্লিষ্ট কাজ শেষ করার সিদ্ধান্ত হয়। এর মধ্যে আগামী ১৪ আগস্ট রোববার সকাল আটটা থেকে পরদিন সোমবার সকাল আটটা পর্যন্ত বন্দরের সিসিটি এবং এনসিটি ইয়ার্ডে সব ধরনের কনটেইনার ওঠানো-নামানো বন্ধ রাখা হবে। একইভাবে ১৭ আগস্ট বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত জেসিবি ইয়ার্ডে কনটেইনার ওঠানো-নামানো বন্ধ থাকবে।এই সময়ের মধ্যে বন্দরে থাকা সব কনটেইনারের অবস্থান সরেজমিনে গিয়ে চিহ্নিত করে এ-সংক্রান্ত যাবতীয় তথ্য সনাতনী পদ্ধতিতে কাগজে-কলমে লিপিবদ্ধ করে সিটিএমএসের সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা হবে। এরপর শুক্রবার (১৯ আগস্ট) থেকে কনটেইনার ওঠানো-নামানো এবং বন্দর থেকে খালাস করে নেওয়ার (ডেলিভারি) সব কাজ চলবে অনলাইনে। এভাবে বন্দরের কাজ অন্তত এক মাস চলার পর যাবতীয় ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করে তা দূর করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এক মাস পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে এই ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করানোর পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। জানা যায়, বর্তমানে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন জেটিতে ৩৪ হাজার ইউনিট কনটেইনার রাখার সুবিধা আছে। সিটিএমএস চালু হলে এই সুবিধা আরও ৫০ শতাংশ বৃদ্ধি পাবে।সদ্য সমাপ্ত অর্থবছরে (২০১০-১১) চট্টগ্রাম বন্দর দিয়ে মোট ১৪ লাখ ৬৮ হাজার ইউনিট কনটেইনার ওঠানো-নামানো হয়। এ খাতে প্রবৃদ্ধি ধরা হয় ২১ শতাংশ।