কনটেইনারে কী, জানে না বন্দর কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে বিভিন্ন কনটেইনারে বিদেশ থেকে কী মালামাল আসছে, তা জানে না খোদ বন্দর কর্তৃপক্ষ। নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে উত্থাপিত বন্দর কর্তৃপক্ষের প্রতিবেদনে এই অভিযোগ করা হয়।আজ মঙ্গলবার সংসদ ভবনে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বন্দর কর্তৃপক্ষের প্রতিবেদন জমা দেওয়া হয়।বন্দর কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয়েছে, বন্দরের চারটি স্ক্যানিং মেশিনই কাস্টমস কর্তৃপক্ষের অধীনে। বন্দরের নিরাপত্তা বিভাগ তাদের কাছে কনন্টেইনার স্ক্যানিং-সংক্রান্ত তথ্য চাইলে তা পাওয়া যায় না। যে কারণে কার্গোতে কী ধরনের মালামাল আসছে, সে সম্পর্কে নিরাপত্তা বিভাগ অন্ধকারে আছে। বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ ছাড়া সম্প্রতি মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য পরিবহন করার প্রবণতা বেড়েছে। যে কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।বৈঠক সম্পর্কে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি বন্দরের সার্বিক নিরাপত্তাব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করার সুপারিশ করেছে। এ ছাড়া কর্ণফুলী সেতু থেকে চট্টগ্রাম বিমানবন্দর পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি।এ বিষয়ে কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম বন্দরের নিজস্ব নিরাপত্তা বাহিনীর সদস্য অপ্রতুল। তাই কমিটি বন্দরের নিরাপত্তা বিভাগের জনবল বাড়ানোর সুপারিশ করেছে। বিশাল এলাকায় এত অল্পসংখ্যক সিসিটিভি দিয়ে কাজ চালানো সম্ভব নয়। এ জন্য কমিটি ১৭০টি সিসিটিভি কেনার সুপারিশ করেছে।নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, মোস্তাফা কামাল পাশা, হাবিবুন নাহার, সামশুল হক চৌধুরী, নসরুল হামিদ ও নজরুল ইসলাম অংশ নেন।