‘নারীর প্রতি সহিংসতাকে না বলুন, সত্যিকার পুরুষ হউন’ স্লোগান নিয়ে আজ ঢাকার আর্মি স্টেডিয়ামে কনসার্ট হতে যাচ্ছে। যৌথভাবে আয়োজন করেছে ইউএনএফপিএ ও বামবা। বিকেল তিনটায় শুরু হবে এই কনসার্ট। চলবে রাত পর্যন্ত। এই কনসার্ট নিয়ে কথা হলো বামবার সভাপতি হামিন আহমেদের সঙ্গে। খুব কাছাকাছি সময়ে বামবা আবার কনসার্ট আয়োজন করেছে।হ্যাঁ। মাত্র দেড় মাস আগে এই আর্মি স্টেডিয়ামেই আমরা ‘কনসার্ট ফর সুন্দরবন’ আয়োজন করেছিলাম। এবারেরটি নারীর প্রতি সহিংসতা রুখতে। একটু খেয়াল করলে দেখবেন, ২২ বছরে বামবা যে কয়টি কনসার্ট আয়োজন করেছে, এর সব কটিই হয়েছে বিভিন্ন ইস্যুর ওপর ভিত্তি করে। নিছক বিনোদন দেওয়াই সেখানে একমাত্র উদ্দেশ্য ছিল না। আমরা সামাজিক ও নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে এসব কনসার্ট আয়োজন করছি।এই কনসার্ট আয়োজনের উদ্দেশ্য কী?নারীর প্রতি সহিংসতা আশঙ্কাজনক হারে বেড়েছে। ইভ টিজিং কিন্তু এখন আর দুষ্টামির পর্যায়ে নেই। এর দ্বারা মৃত্যু পর্যন্ত ঘটছে। এ ব্যাপারে সবাইকে সচেতন করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের ছেলেদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। এ ব্যাপারগুলো সবাইকে বোঝানোর জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি।এই কনসার্ট উপলক্ষে নতুন কিছু করেছেন?হ্যাঁ, আমরা একটি থিম সং তৈরি করেছি। এর শিরোনাম হলো ‘আর নয়’। এটি লিখেছেন রাজিব হাসান। সুর করেছেন মানাম আহমেদ। সংগীতায়োজন করেছেন অর্থহীনের রাফা। কনসার্টে অংশ নেওয়া সব কটি ব্যান্ডের সদস্য গানটিতে কণ্ঠ দিচ্ছেন। এরই মধ্যে গানটির ধারণকাজ শেষ হয়েছে। আজ কনসার্টের শুরুতে এবং বিভিন্ন সময় গানটি গাওয়া হবে। কনসার্টটি তো রাতেই শেষ হয়ে যাবে, কিন্তু গানটি থেকে যাবে সবার মনে।