সমাজের বিদ্যমান সমস্যাগুলো তরুণেরাই পারে রুখতে। যুবসমাজের প্রতিনিধি তরুণেরাই পারে দেশের নারী নির্যাতন, এসিড-সন্ত্রাস ও ইভ টিজিংয়ের মতো সামাজিক সমস্যাগুলো রোধ করতে। নগরের আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ মিউজিকাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (বামবা) এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) আয়োজিত কনসার্টে এসে দেশের প্রখ্যাত ১২টি ব্যান্ডের সদস্যরা গানে গানে এ কথাগুলোই জানিয়ে গেলেন হাজারো তরুণের উদ্দেশে।খোলা মাঠে বামবার কনসার্ট মানেই নগরের সেরা ব্যান্ডগুলোকে সামনাসামানি দেখার সুযোগ। একই মঞ্চে জেমস, আইয়ুব বাচ্চু, পার্থ বড়ুয়া, শাফিন আহমেদ, বিপ্লব, সুমনের মতো বাঘা বাঘা ব্যান্ড গায়কদের গাইতে দেখার মুহূর্ত। তাই গত শুক্রবারে আর্মি স্টেডিয়ামের মাঠে ঢল নেমেছিল হাজারো তরুণের। কনসার্টের মঞ্চে উপস্থিত দেশের শীর্ষস্থানীয় ১২টি ব্যান্ডের গিটারের তালে মাতোয়ারা তরুণের দল ‘নারীর প্রতি সকল সহিংসতা রোধ’ এই প্রত্যয়ে শপথ নিলেন এখান থেকেই।বিকেল থেকে শুরু হয়ে কনসার্ট চলে রাত ১১টা অবধি। হেমন্তের কুয়াশা ভেজা বাতাসকে গৌণ করে নেচে-গেয়ে মাঠ মাতালেন নগর বাউল, এলআরবি, মাইলস, সোলস, ওয়ারফেইজ, প্রমিথিউস, অর্থহীন, আর্টসেল, ক্রিপটিক ফেজ, মেটাল মেজ, পাওয়ার সার্জ ও লালন। আর দর্শকেরাও বা কম যান কিসে? কখনো আকাশ ফাটানি চিৎকারে, কখনো উন্মাতাল নাচের দোলায় মুখরিত করলেন নগরের আকাশ-বাতাস।কনসার্টে আসা দর্শকদের মধ্যে তরুণের সংখ্যাই বেশি। উত্তরা থেকে কনসার্টে আসা নাজিয়া ফৌজিয়া বলছিলেন, ‘আমার ভীষণ ভালো লাগছে। আসলে ঢাকায় আজকাল বড় কনসার্ট তো তেমন একটা হয় না। তাই আজকে আসার লোভ সামলাতে পারলাম না।’ নাজিয়ার সুরের সঙ্গে সুর মিলিয়ে তাঁর পাশের এক বন্ধু অমিত বলছিলেন, ‘আরে ভাই, দেশে এত ইভ টিজিং, নারী নির্যাতন চলতাছে। এগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে, যদি তরুণদের বিনোদনের ব্যবস্থা করা যায়। মনে করেন, আজকে এই মাঠে আমরা কয়েক হাজার তরুণ একসঙ্গে আসছি। আমরা সবাই যদি সচেতন হই, তাহলে নারী নির্যাতন বন্ধ করা কোনো বিষয়ই নয়।’ দেশের বিদ্যমান রাজনৈতিক চর্চাও যে এটার জন্য দায়ী সেটা বললেন আর্মি স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে বসে থাকা সিনথিয়া নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁর সঙ্গে সুর মিলিয়েই প্রমিথিউসের বিপ্লবও বোধহয় গাইলেন তাঁদের নতুন অ্যালবাম ছায়াপথের গান ‘আমাদের দেশটা স্বপ্নপুরী, সুযোগ পেলেই চুরি করি’। আর দেশের বড়কর্তাদের পুকুর চুরির এই মহোৎসব দেখে হতাশাগ্রস্ত তরুণসমাজও। তাই তো তরুণদের অন্যতম প্রিয় ব্যান্ড ওয়ারফেইজ শুরুতেই গেয়ে শোনাল ‘হতাশা’। হতাশার রেশ মাঠে কাটতে না কাটতেই আবারও গর্জে উঠল ওয়ারফেজের গিটার। তরুণদের কাছে প্রশ্ন স্বরূপ তারা গাইল, ‘এ কেমন সুখ/ যখন দেখি ক্ষুধার্ত মুখ?’‘দীর্ঘদিন পর এত বড় একটা কনসার্টে এসে সত্যিই মনটা ভালো হয়ে গেল।’ বলছিলেন মাঝবয়সী এক গৃহিণী আয়েশা আক্তার। তিনি তাঁর ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে এসেছিলেন কনসার্টে। আর যাঁরা মাইলসের ভক্ত, তাঁরা নিশ্চয় এরই মধ্যে জেনে গিয়েছেন, শাফিন মাইলসে ফিরে এসেছেন। বামবার প্রধান হামিন আহমেদ আর শাফিন আহমেদ দুজনই গিটার হাতে গোটা মাইলসকে নিয়ে এসে একে একে গাইলেন, ‘সে কোন দরদি’, ‘জ্বালা জ্বালা এই অন্তরে’ এবং ‘ফিরিয়ে দাও আমারই প্রেম, তুমি এভাবে চলে যেও না।’নারীর প্রতি সহিংসতা বন্ধের আহ্বান জানানো এই কনসার্টের থিম সং বাজছিল একটু পরপরই। নর-নারীর মধ্যকার পারস্পরিক বন্ধুত্ব এবং লেনাদেনার কথা উঠে আসা এই গানের ফাঁকে ফাঁকেই চলছিল মঞ্চ সাজানোর কাজ। উপস্থাপক আলিফ তো সরাসরি বলেই ফেললেন, কারা গার্ল ফ্রেন্ড চাই, সেটা হাত তুলে জানাতে। তাঁর এই আহ্বানে সাড়া দিয়ে অনেকেই হাতও ওপরে তুললেন। তবে শর্ত হলো, গার্ল ফ্রেন্ডের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। তাহলেই হওয়া যেতে পারে ‘রিয়েল ম্যান’। এ পর্যায়ে মঞ্চে এল অর্থহীন। অর্থহীনের সুমন বোধহয় যাঁরা হাত তোলেননি তাঁদের উদ্দেশেই গাইলেন ‘চাইতেই পারো’ গানটি। এ ছাড়া বিপথগামী তরুণদের নিজের প্রতিভার কথা মনে করাতে গাইলেন, ‘অদ্ভুত সেই ছেলেটি’, যে কি না ক্ষুধার্ত শরীরে কালো এলোমেলো চুল মাথায় নিয়েও তার সৃষ্টিশীলতাকে থামায়নি।তারণ্য সব সময়ই প্রতিবাদী, তারুণ্য মানেই জোয়ার। তাই তো আইয়ুব বাচ্চুর দল এলআরবি যখন গাইলেন, ‘মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি’, তখন গোটা স্টেডিয়ামেই জেগেছিল প্রতিবাদের মাতম। আকাশপানে হাত উঁচিয়ে আইয়ুব বাচ্চুর সঙ্গে গলা মিলিয়ে কয়েক লাইন গেয়েও ফেললেন অনেকেই।নারী নির্যাতন বন্ধের জন্য কনসার্ট অথচ নারীশিল্পীর দেখা নেই। তাই বুঝি লালন ব্যান্ডের ভোকাল সুমি উঠে এলেন মঞ্চে। ‘সময় গেলে সাধন হবে না’ ও ‘আমি অপার হয়ে বসে আছি’ গাইলেন বেইজ গিটার আর ড্রামসের সঙ্গে।লালনের গানে একটু ঝিমমারা দর্শকদের এক চুমুতেই তৃপ্তি দিতে হাজির হলেন নগরবাউল জেমস। নারীর প্রতি শ্রদ্ধাভরে প্রথমেই তিনি গাইলেন, লেইস ফিতা লেইস। মাঠের উপস্থিত দর্শকেরা ততক্ষণে গুরু গুরু বলে চিৎকার শুরু করেছে। তাই তো জেমসও তাঁর প্রিয় ‘দুষ্টু ছেলের দল’ গেয়ে শুরু করলেন ‘মীরাবাঈ’ ও ‘বন্ধু আসছে বহুদিন পরে’। ‘ভিগি ভিগি বাতে’ গেয়ে জেমস বিদায় নিলে মঞ্চে আসেন সোলস ও আর্টসেল। আর্টসেলের ‘নষ্ট সময়’ শুনতে শুনতে মাঠের দর্শক ততক্ষণে অনেকেই স্টেডিয়ামের দরজার পথে পা বাড়িয়েছেন। একসময় রাত নেমে এলে সব কোলাহল থেমে গেল। নিভে গেল গমগমা শব্দের স্পিকারগুলো। এক বুক আশা আর প্রত্যয় নিয়ে ঘরের পথে পা বাড়াল নগরের তরুণেরা। নতুন ভোরের প্রত্যাশায় তাঁদের বিদায় জানাল কনসার্টের মাঠ।