কনে আমদানি!
আমদানি-রপ্তানি একটি সাধারণ ব্যাপার। কোনো দেশ নিজের উত্পাদিত পণ্যে যখন ঘাটতি মেটাতে পারে না তখনই অন্য দেশ থেকে ওই পণ্য আমদানি করতে হয়। আর এই তালিকায় সবার আগে চলে আসে যেসব পণ্যের নাম তার মধ্যে অন্যতম চাল-ডাল-তেল ইত্যাদি। কিন্তু তাই বলে কনে আমদানি! হ্যাঁ চীনে গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে কনের ঘাটতি। তাই দেশটির সরকার বিভিন্ন দেশ থেকে কনে আমদানি করে এ সমস্যার সমাধান করছে। কিন্তু সম্প্রতি এ সমস্যা দেশটিতে বড় আকার ধারণ করেছে।রাষ্ট্রীয় চীনা অ্যাকাডেমি অব সোস্যাল সায়েন্স পরিচালিত এক গবেষণায় দেখা যায়, ঝাজিয়াং প্রদেশে গত এক বছরে ৩৬ হাজার কনে আমদানি করেছে। চীনের দরিদ্র অন্য প্রদেশ এবং প্রতিবেশী রাষ্ট্র ভিয়েতনাম, লাওস এবং উত্তর কোরিয়া থেকে এসব কনেকে আমদানি করা হয়।ওই গবেষণায় আরও দেখা যায়, ১৯ বছর পর্যন্ত ছেলেমেয়ের মধ্যে মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যা দুই কোটি ৩০ লাখ বেশি। কিন্তু এতো বিপুল সংখ্যক ছেলের জন্য দেশে কনে খুঁজে পাওয়া দুরূহ একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।ক্রমবর্ধমান কনে আমদানি এবং এর ফলে জাতিগত যে মিশ্রণ ঘটছে তা ভাবিয়ে তুলছে চীনা কর্তৃপক্ষ। এ কারণে ছেলে-মেয়ের অনুপাতের ভারসাম্য রক্ষায় ব্যবস্থা নিতে তাদের ওপর চাপ সৃষ্টি হচ্ছে বলে টিএনএনের খবরে বলা হয়।চীনের মেয়েরা বিত্তবান স্বামীর খোঁজে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে ছুটে যায়। এ কারণে দেশটিতে জাতিগত মিশ্রণের সমস্যা আরও বেড়ে যাচ্ছে। চীনের কমিউনিস্ট পার্টি ভয় পাচ্ছে, এই সমস্যা না আবার সামাজিক ভারসাম্যহীনতায় পরিণত হয়!গবেষণায় আরও দেখা যায়, দেশটির বেশির ভাগ মায়েরা-ই অন্তঃসত্ত্বা অবস্থায় সন্তানের লিঙ্গ জানতে নানারকম পরীক্ষা করে। এ ধরনের পরীক্ষায় নিষেধাজ্ঞা থাকায় তারা আলট্রাসনোগ্রামের সাহায্য নেয়। আর গর্ভের সন্তান কন্যা বলে নিশ্চিত হলে অনেকে ভ্রূণ নষ্ট করে ফেলে। এই পরিস্থিতির উন্নতি হবে—সরকারের এমন আশ্বাসের পরও গত দুই দশক ধরে দেশটিতে ছেলে-মেয়ের আনুপাতিক হারে ভারসাম্যহীনতা বেড়েই চলেছে। সাম্প্রতিক আদমশুমারিতে দেখা যায়, চীনে মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যা ১৩ শতাংশ বেশি।