কনেপক্ষের মাইক্রোবাস পুকুরে মা-মেয়ে-ছেলেসহ নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি মাইক্রোবাস পুকুরে পড়ে মা, মেয়ে ও ছেলেসহ নয়জন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন। মৃত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে। একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কনের স্বজনেরা ওই মাইক্রোবাসে করে যাওয়ার সময় উপজেলার মঘাদিয়া ইউনিয়নের তিনঘরিয়াটোলা এলাকার ডোমখালী-বিষুমিয়ারহাট সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসের কাচ ভেঙে চালক পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। তাঁর পরিচয় জানা যায়নি।নিহত ব্যক্তিরা হলেন উপজেলার মিঠানালা গ্রামের লায়লা বেগম (৩২), মলিয়াইশে গ্রামের পারুল আক্তার (৮), সাহারা সুলতানা (১১), তানভীর হোসেন (৪), কামরুল (৮), নূরজাহান (৪০) এবং একই পরিবারের মা আলেয়া বেগম (৪০), মেয়ে এসএসসি পরীক্ষার্থী তাহমিনা আক্তার (১৪) ও ছেলে ইসরাফিল শরীফ (৮)। আহত ব্যক্তিরা হলেন ফাহমিদা (১৪), প্রমি (১২) ও জামসেদ আলম (৬৮)। ফাহমিদা ও প্রমিকে স্থানীয় মাতৃকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনায় সামান্য আহত কনের চাচা জামসেদ আলম জানান, উপজেলার দক্ষিণ মিঠানালা এলাকার হাজি নূরুল হুদার মেয়ে শারমিন আক্তারের সঙ্গে ৪ নম্বর ধুম ইউনিয়নের বাংলাবাজার এলাকার বাদশা মিয়াবাড়ির মোজাফফর আহমদের ছেলে লুত্ফুর হায়দারের বিয়ের অনুষ্ঠান ছিল গতকাল দুপুরে। বড় তাকিয়ার আফরোজা গার্ডেন কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে যাওয়ার জন্য তাঁরা ১২ জন কনের স্বজন ভাড়া করা ওই মাইক্রোবাসে করে রওনা হন। দুপুর ১২টার দিকে মাইক্রোবাসটি ডোমখালী-বিষুমিয়ারহাট সংযোগ সড়কে পৌঁছানোর পর এ দুর্ঘটনা ঘটে। জামসেদ জানান, মোড় নেওয়ার সময় বেপরোয়া গতিতে চালাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।এতে মাইক্রোবাসটি সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এ সময় যাত্রীদের চিত্কারে স্থানীয় লোকজন ছুটে আসে। গাড়ির কাচ ভেঙে ১১ জন যাত্রীকে তারা অজ্ঞান অবস্থায় উদ্ধার করে স্থানীয় মাতৃকা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক নয়জনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার কারণে আনন্দের বদলে বিষাদময় পরিবেশে খুব সংক্ষেপে বিয়ের আনুষ্ঠানিকতা সারা হয়। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির প্রথম আলোকে জানান, মাইক্রোবাসটি উদ্ধার করার পর উত্তেজিত জনতা এতে আগুন লাগিয়ে দেয়। তবে এতে তেমন ক্ষতি হয়নি। মাইক্রোবাসটি এখন থানায় রয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করার প্রস্তুতি চলছে। নিহত নয়জনের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।