কনের জন্মসনদ পরীক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট
বিয়ের ক্ষেত্রে কনের জন্মনিবন্ধন সনদ পরীক্ষা করতে কাজিদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ-সংক্রান্ত রিট খারিজ (রুল ডিসচার্জ) করে এ নির্দেশ দেন। ২০০৯ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে অপ্রাপ্তবয়স্ক দুই কনের বিয়ে পড়ানোর অভিযোগ ওঠে। আইন মন্ত্রণালয় ঘটনা তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে চলতি বছরের ১৮ মে সংশ্লিষ্ট কাজী মো. আবুল হোসেনের রেজিস্ট্রি সনদ বাতিল করা হয়। পরে এর বৈধতা চ্যালেঞ্জ করে আবুল হোসেন হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে গত ৭ জুন হাইকোর্ট রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত আজ ওই নির্দেশ দিয়ে তা খারজি করে দেন। উল্লেখ্য, ম্যারেজ রেজেস্ট্রি অ্যান্ড ডিভোর্স রুলস-২০০৯ অনুযায়ী ১৮ বছর না হলে মেয়েদের বিয়ে দেওয়া যায় না। এমনকি বিধি অনুযায়ী রেজিস্ট্রি ফরমে ভুল তথ্য দেওয়াও পেশাগত অসদাচরণ।চৌদ্দগ্রামের ওই দুই কনের বয়স ১৪ ও ১৬ বছর ছিল বলে জানা যায়।