কনের পলায়নকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিয়ের আসর থেকে কনের পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের কয়েক দফা সংঘর্ষে ৫০ জন আহত হয়েছে। উপজেলার রত্নপুর ইউনিয়নের মোহনকাঠী গ্রামে গতকাল বৃহস্পতিবার এ সংঘর্ষ শুরু হয়ে চলে আজ শুক্রবার পর্যন্ত। আহত ব্যক্তিদের ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আহত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার মোহনকাঠী গ্রামের একটি মেয়ের সঙ্গে গত ১৩ মে একই উপজেলার বারপাইকা গ্রামের এক পাত্রের বিয়ে ঠিক হয়। কিন্তু পাত্রী পাশের বাড়ির শ্রীকান্ত হালদারের ছেলে রিপন হালদারের সঙ্গে পালিয়ে যায়। মেয়েকে ফিরিয়ে দিতে মেয়ের বাবা রিপনের পরিবারকে সাত দিনের সময় দেন। এ সময়ের মধ্যে মেয়েকে ফেরত না দেওয়ায় গতকাল রিপনের পরিবারের সঙ্গে মেয়ের পরিবারের সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় এ সংঘর্ষ চলে আজ পর্যন্ত। এতে আহত ৫০ জনের মধ্যে ৩০ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রিপনের চাচা সুশান্ত হালদার অভিযোগ করেন, মেয়ের বাবা সন্ত্রাসীদের নিয়ে তাঁর পরিবারের ওপর হামলা চালিয়েছে। তবে মেয়ের বাবা এ অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁরা নিজেদের অপরাধকে আড়াল করার জন্য আমাদের ওপর হামলা চালিয়েছে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, এ ঘটনায় দুটি পাল্টাপাল্টি মামলা হয়েছে। মামলার তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।