অপ্রাপ্তবয়স্ক মেয়েকে (১৪) বিয়ে দেওয়ার অপরাধে গোপালগঞ্জের মুকসুদপুরে কনের বাবা ও কাজিকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত কনের বাবা সিরাজ শেখকে ৫০০ টাকা জরিমানা এবং কাজিকে ১৫ দিনের কারাদণ্ড দেন। আজ বুধবার দুপুরে কাজি আবুল হোসেন মুন্সিকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে মুকসুদপুর উপজেলার সালিনাবক্স গ্রামে গিয়ে ভ্রাম্যমাণ আদালত এই রায় দেন। মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ রায়হান জানান, সিরাজ শেখ তাঁর অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দিয়েছেন—এই খবর পেয়ে তাঁর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সালিনাবক্স গ্রামে গিয়ে মেয়ের বাবা সিরাজ শেখকে ৫০০ টাকা জরিমানা করেন। একই সঙ্গে কাজি আবুল হোসেন মুন্সিকে তাঁর অনুপস্থিতিতে ১৫ দিনের কারাদণ্ড দেন।আজ বুধবার দুপুরে কাজী আবুল হোসেন মুন্সি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গত মঙ্গলবার রাতে পাশের কৃষ্ণপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে রকিবুল ইসলামের (২০) সঙ্গে সিরাজ শেখের মেয়ের বিয়ে হয়।