তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির চেয়ারম্যান শেখ মুহাম্মদ শহীদুল্লা বলেছেন, মার্কিন বহুজাতিক কোম্পানি কনোকোফিলিপসের সঙ্গে তেল-গ্যাস চুক্তি বিনা ক্ষতিপূরণে বাতিল করতে হবে। সুনেত্র গ্যাসক্ষেত্র ও সদ্য আবিষ্কৃত রশীদপুর গ্যাসক্ষেত্র শুধু বাপেক্সের মাধ্যমে উত্তোলন করতে হবে।কমিটির চেয়ারম্যান গতকাল মঙ্গলবার বিকেলে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক সমাবেশে এ কথা বলেন।গ্যাস-বিদ্যুতের সংকট সমাধানে জাতীয় কমিটির সাত দফা বাস্তবায়নের দাবিতে ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ গতকাল সকালে কুমিল্লা থেকে যাত্রা শুরু করে সোনাগাজী ও চৌদ্দগ্রামে পথসভা করে বিকেলে ফেনীতে সমাবেশ করে।শেখ মুহাম্মদ শহীদুল্লা বলেন, ফুলবাড়ী চুক্তি পূর্ণাঙ্গভাবে ও অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধ আইন অবিলম্বে সংসদে পাস করতে হবে। ভবিষ্যতে কোনো উৎপাদন অংশীদারি চুক্তি করা চলবে না। শতভাগ মালিকানার শর্তে জাতীয় সংস্থার মাধ্যমে সব অনুসন্ধান ও উত্তোলন করতে হবে।সমাবেশে কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, ‘বিশ্বব্যাংক, আইএমএফ দানবীয় শক্তি। মানুষ বুকের রক্ত দিয়ে ফুলবাড়ী থেকে তাদের বিতাড়িত করেছে। মার্কিনরা এখনো ফুলবাড়ীতে উন্মুক্তভাবে কয়লা উত্তোলন করতে চায়। দেশের সম্পদ বিদেশিরা লুটে নিচ্ছে, আর আমাদের বেশি দামে তাদের কাছ থেকে কিনতে হচ্ছে। জ্বালানি মন্ত্রণালয় আজ কাশিমবাজার কুঠিতে পরিণত হয়েছে। যাঁরা পুঁজি ও প্রযুক্তির অভাবের কথা বলেন, তাঁরা সত্য বলেন না।’আনু মুহাম্মদ বলেন, আগামী ২৮ ও ২৯ অক্টোবর সুনেত্র অভিমুখে লংমার্চ করা হবে। এভাবে জাতীয় জাগরণ সৃষ্টির মাধ্যমে দেশকে আগ্রাসী শক্তির হাত থেকে মুক্ত করতে হবে।সিপিবির সহকারী সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর বলেন, ৪০ বছর পর যদি যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরু হতে পারে, তাহলে আজ যারা দেশের প্রাকৃতিক সম্পদ অন্যের হাতে তুলে দিয়ে দেশকে পঙ্গু করছে, তাদেরও একদিন বিচার হবে।ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় তেল-গ্যাস রক্ষা কমিটি ফেনীর আহ্বায়ক ফয়েজুল হক মিলকী। বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোজাম্মেল হক তারা, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য জাহেদুল হক মিলু, জাতীয় গণফ্রন্টের প্রধান সমন্বয়ক টিপু বিশ্বাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইদুল হক প্রমুখ।সমাবেশের আগে শহীদ মিনার চত্বরে গণসংগীত ও নাটক মঞ্চায়ন করা হয়।দুপুর ১২টায় রোডমার্চ কুমিল্লা থেকে ফেনী এসে পৌঁছায়।সমাবেশ শেষে সন্ধ্যায় রোডমার্চ বহর চট্টগ্রামের মিরসরাইয়ের উদ্দেশে ফেনী ত্যাগ করে। জাতীয় কমিটির নেতারা মিরসরাইয়ে রাত যাপন করবেন। আজ বুধবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের উদ্দেশে রওনা হওয়ার কর্মসূচি রয়েছে।