কন্ডোমিনিয়ামে বসবাস...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই নগরে বাঁশের বেড়া আর টিনের চালা দিয়ে তৈরি বস্তিরও যেমন অভাব নেই, তেমনি ইট-কাঠ-পাথরের দালানের সংখ্যাও অগুনতি। আলিশান বাংলো কিংবা একচিলতে অ্যাপার্টমেন্টের সজ্জায়ও এসেছে বদলের ছাপ। নগরজীবনকে আরও অভিজাত ও আরামদায়ক করতে উচ্চবিত্তরা এখন ঝুঁকছেন বিলাসবহুল বাসাবাড়ির দিকে। অভিজাত হোটেলের সুযোগ-সুবিধাসংবলিত এই অ্যাপার্টমেন্টগুলোর সেবার ধরন আর মানের প্রতি আকৃষ্ট হচ্ছেন ক্রেতা ও বিক্রেতা উভয়ই। অ্যাপার্টমেন্টে বসে কেবল রান্না করা, খাওয়া আর ঘুমানো বাদেও যে আরও অনেক কিছু করা যেতে পারে, সেই ধারণা থেকেই এ ধরনের আবাসিক ভবন নির্মাণ শুরু হয়। স্থাপত্যবিদ্যার ভাষায় এই ভৌত কাঠামোটির নাম কন্ডোমিনিয়াম। এখানে একই ভবনে গলাগলি করে থাকে সুইমিং পুল, শরীরচর্চাকেন্দ্র, হাঁটার জায়গা, ছাদের বাগান, লাইব্রেরি, পার্টি হাউস ও গাড়ি রাখার জায়গা। আকার-আকৃতিতে সাধারণ ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের সঙ্গে খুব একটা তফাত না থাকলেও সুযোগ-সুবিধার দিক দিয়ে রয়েছে বিশাল ফারাক। আধুনিক নগরজীবনে স্বল্প পরিসরে হলেও বিলাসবহুল এই আবাসস্থলটি জনপ্রিয় হচ্ছে। এত দিন কেবল আমেরিকার মিয়ামি, সানফ্রান্সিসকো, শিকাগো, নিউইয়র্ক সিটি, লস অ্যাঞ্জেলেস, ওয়াশিংটন ডিসির মতো এলাকায় কন্ডোমিনিয়ামের জয়জয়কার থাকলেও দিনে দিনে তা ছড়িয়ে পড়ছে এ উপমহাদেশেও। ভারতের নয়াদিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাইয়ের মতো শহরেও কন্ডোমিনিয়ামের ভিত্তি স্থাপিত হয়েছে। আবাসনে উন্নত সেবা দিতে নগরের গুলশান, বনানী, বারিধারা, পরিবাগ ও ইস্কাটনে নির্মিত হচ্ছে কন্ডোমিনিয়াম।ক্রেতা কেবল একটি নির্দিষ্ট বর্গফুট জায়গার মালিকানা পান। সেই সঙ্গে ভবনের নিচে গাড়ি রাখার জায়গা আর ‘কমন স্পেস’-এর রিসিপশনের কিঞ্চিৎ সেবা। অন্যদিকে কন্ডোমিনিয়ামে একটি বিলাসবহুল বসবাসের জায়গার পাশাপাশি ভবনের বিভিন্ন তলায় অবস্থিত সুইমিং পুল, লাইব্রেরি, শরীরচর্চাকেন্দ্র, পার্টি হল, হাঁটার পথ, এমনকি ছাদের ওপর বাগানের জায়গাটুকুতেও ক্রেতার মালিকানা থাকে। এভাবেই একটি বহুতল ভবনের বাসিন্দারা নিজেদের মধ্যকার পারস্পরিক সহযোগিতা আর মালিকানার ভিত্তিতে বসবাস করেন।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের অধ্যাপক কাজী আজিজুল মওলা বলেন, ‘অনেকটা বিলাসবহুল হোটেলের মতোই হয়ে থাকে কন্ডোমিনিয়ামগুলো। এখানে অ্যাপার্টমেন্টে থাকার পাশাপাশি অন্যান্য সেবা যেমন সুইমিংপুলে সাঁতার কাটা, পার্টি হলে অনুষ্ঠান আয়োজন করা, বাস্কেট বল কোর্টে খেলার সুযোগ, শরীরচর্চাকেন্দ্র ব্যবহারের সুযোগ ও মালিকানা পেয়ে থাকেন কন্ডোমিনিয়ামের ক্রেতারা।’ তবে নগরে সম্পূর্ণ কন্ডোমিনিয়ামের ধারণা এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি বলেও জানালেন তিনি।গুলশানে নাভানা রিয়েল এস্টেট কোম্পানি এরই মধ্যে সুইমিংপুল-সমৃদ্ধ প্লাটিনাম রেসিডেন্টস তৈরি করে ফেলেছে। এখানে সুইমিংপুলের পাশাপাশি জিমনেশিয়াম, হাঁটার পথ, ছাদের বাগানের সুবিধাও রয়েছে বলে জানালেন কোম্পানির ব্যবসায় উন্নয়ন বিভাগের সহকারী ব্যবস্থাপক ফয়সাল হোসেন। বসবাসের স্থলে এ ধরনের সুযোগ-সুবিধার প্রতি ক্রেতাদের চাহিদা বাড়ছে বলেও জানালেন একাধিক রিয়েল এস্টেট কোম্পানির কর্তারা।পরীবাগে নির্মীয়মাণ ১৪ তলা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সকে বাংলাদেশের প্রথম সত্যিকারের কন্ডোমিনিয়াম বলে দাবি করলেন এই প্রকল্পের প্রধান প্রকৌশলী মামুনুর রশিদ। তিনি বলেন, এখানে শেরাটনের মতো একটি সুইমিংপুল করা হয়েছে। একইভাবে উন্নতমানের জিমনেশিয়াম, লাইব্রেরি, পার্টি হল থাকার ফলে বাসিন্দাদের সময় ও অর্থ দুটোই বেঁচে যাচ্ছে। তাই তুলনামূলকভাবে কন্ডোমিনিয়ামের দাম একটু বেশি হলেও বসবাসের সুবিধা আর সামাজিক মর্যাদাও কিন্তু বেশি।কোম্পানিটির মার্কেটিং ম্যানেজার তাওহীদুুর রহমান জানান, পরীবাগে নির্মাণাধীন দিগন্ত কন্ডোমিনিয়ামে আরও থাকবে ছাদের বাগান, সনা, যাকুজি, টেবিল টেনিস কোর্ট, স্নুকার খেলার জায়গা, গ্র্যান্ড রিসিপশন, ওয়াকওয়ে ও পর্যাপ্ত খোলা জায়গা। এ ছাড়া থাকবে ১৫০ পরিবারের জন্য ২৫৩টি গাড়ি রাখার জায়গা।কসমোপলিটন জীবনযাপনের সব সুযোগ-সংবলিত কন্ডোমিনিয়ামের দামটা যে সাধারণের ধরাছোঁয়ার বাইরে হবে এটাই স্বাভাবিক। তার পরও বিলাসী কন্ডোমিনিয়ামে জীবনযাপনের মান আর রুচির মূল্যও কম নয়।