‘লাল টুকটুকে বউ যায় গো লাল নটের ক্ষেতে, গো লাল নটের ক্ষেতে...’। আমাদের টুকটুকে মেয়েরা কি বউ হয়েও এমন মিষ্টি থাকে? ছেলেবেলা থেকেই নিজের মতো চিন্তা করতে শেখে না এ দেশের মেয়েরা। সেই সুযোগ তৈরি হয় না। মা-বাবা, স্বামী, শ্বশুরবাড়ি সবার কাছে তারা চায় এক গৎবাঁধা নিরাপত্তা। অন্য কিছু ভাবতে মানা। বড় হয়ে তারা স্বামীর ঘরে যায় বা সংসার পাতে। সেখানে তাদের জীবন কেমন হবে, তা অধিকাংশ ক্ষেত্রেই নির্ভর করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের ওপর। মেয়েটার ভূমিকা সেখানে গৌণ। অনেক সচ্ছল, সুন্দর পরিবারেও মেয়েটি তার ইচ্ছা ও পছন্দের কথা বলতেই পারে না। অথবা সংসারের প্রয়োজনে ছাড় দিতে হয় মেয়েটাকেই। বাচ্চার জন্য চাকরি ছেড়ে দেওয়াটা খুবই সাধারণ ঘটনা।কিছুদিন আগে একটি টিভি বিজ্ঞাপনে দেখলাম, বাঙালি শাশুড়ি ফরাসি ভাষা শিখছেন, ফরাসি পুত্রবধূকে খুশি করতে। বধূও মায়ের হাতে খাবার খেয়ে বলছেন, ভালো হয়েছে, মা। এমন পারস্পরিক সম্মানবোধ থাকলে নতুন পরিবেশে মানিয়ে নেওয়া কঠিন হয় না মেয়েদের জন্য।আবার অন্য রকম উদাহরণও আছে ভূরি ভূরি। পছন্দ করে বিয়ে করেছিলেন। কলেজে পড়ার সময়ই তাঁদের বিয়ে হয়। শ্বশুর মেয়েটিকে বলেছিলেন, ছেলে-বউ দুজনই যাতে প্রতিষ্ঠিত হয়, সে দায়িত্ব তোমার। শাশুড়িকে খুশি রাখতে হতো ঘরের সব কাজ করে। স্বামী অবশ্য তার এত সব দায়িত্বপরায়ণতা বুঝতে রাজি ছিলেন না। তিনি চাইতেন, স্ত্রী কাছে কাছে থাকবে তাঁর। মেয়েটিকে বোঝেনি কেউ।আবার বিয়ের পর একজন জানলেন, তাঁর স্বামীর স্ত্রী-পুত্র রয়েছে। আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী মেয়ে। তাঁর আর্থিক সক্ষমতার জন্যই তাঁকে বিয়ে করেছেন স্বামী। বিয়ে হলেও সংসার হয়নি। কিন্তু সামাজিক চাপের কথা ভেবে তিনি একাকিত্বই মেনে নিয়েছেন।এমন অথবা এরও চেয়ে অনেক বেশি সমস্যা নিয়ে মানিয়ে চলছে আমাদের মেয়েরা। নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের কথা আমরা সারাক্ষণই শুনতে পাই। প্রাকৃতিক ও সামাজিক কারণে পরিবার গড়ে ওঠে। মাতৃত্বের কারণে এর সব দায় চিরদিন নারীদের ওপর দেওয়া হয়েছে। সে কারণে বিয়ের পর অবস্থা যা-ই হোক, মেয়েরা মানিয়ে নেবে—এমন ধারণা থেকে নতুন পরিবেশে আসা মেয়েটিকে সহযোগিতা করে খুব কম মানুষ। অনেক ক্ষেত্রে তাদের যৌতুকের দাবি বা অন্যান্য কারণে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। চরম অসহনীয় অবস্থাও নারীরা মেনে নেন আর্থিক ও সামাজিক নিরাপত্তাহীনতার কারণে।নতুন পরিবারে একটি মেয়ে কীভাবে মানিয়ে নেবে, তা অনেকখানি নির্ভর করে ওই পরিবারের মানুষগুলোর দৃষ্টিভঙ্গির ওপর। দুই পক্ষই যদি পারস্পরিক প্রয়োজনগুলো বুঝে চলে, তাহলে সাধারণত অভ্যাসের অমিলগুলো একসময় সহনীয় হয়। ফারহা তানজীম