কন্যাশিশু জন্ম নিলে এখনো মরতে হয় মাকে!
বিশ্ব যখন নারী দিবসের শতবর্ষ উদ্যাপন করছে, তখন বাংলাদেশের মফস্বলের এক নারীকে নির্যাতন সয়ে জীবন দিতে হলো। কারণ, চতুর্থ কন্যাসন্তান জন্ম দিয়েছেন তিনি। রাখি রানীর (৩০) মৃতদেহ সবাইকে যেন প্রশ্ন করে গেল—কন্যাশিশু জন্ম দেওয়া আমার অপরাধ? কেন তিনি পুত্রসন্তান জন্ম দিতে পারেন না, সেই অক্ষমতার দায় নিয়ে জীবন দিতে হলো তাঁকে। সন্তানদের মুখের দিকে তাকিয়ে স্বামী-শ্বশুরের কটূক্তি আর নির্যাতন সয়ে যাওয়া রাখির মৃত্যু হয় ৮ মার্চ বিশ্ব নারী দিবসে।রাখি রানী রায়ের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উজান জামালগড় গ্রামে। বাবার বাড়ি সুনামগঞ্জ পৌর শহরের পূর্ব নতুনপাড়া এলাকায়। বাবা করুণা সিন্ধু তালুকদার প্রশ্ন করেন, ‘আমিও তো সেই কন্যাসন্তানেরই জনক, মেয়ে ছাড়া কি সন্তানের জন্ম হয়? তাহলে মেয়ের জন্মে মা কেন নির্যাতিত হবে?’ প্রশ্নগুলো কাকে করবেন জানেন না তিনি। শুধু জানেন, আজ থেকে ১১ বছর আগে রাখিকে ধুমধাম করে বিয়ে দেন উজান জামালগড় গ্রামের সনকুল রায়ের ছেলে ব্যবসায়ী সমীর রায়ের সঙ্গে। বিয়ের দুই বছরের মাথায় প্রথম কন্যাসন্তানের জন্ম দেওয়ার পর থেকে রাখির জীবন বদলে যেতে থাকে। চলতে থাকে নির্যাতন। এরপর পুত্রসন্তানের আশায় একটার পর একটা কন্যাসন্তানের জন্ম হয় আর বাড়তে থাকে রাখির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন। সঙ্গে ছিল শ্বশুরবাড়ির লোকজনের কটূক্তি। কন্যাশিশুর জন্মের অভিযোগে একসময় তিন কন্যা স্বর্ণা (৯), শর্মী (৭) ও শৈলীকে (৪) রাখি তাঁর বাবার বাড়ি পাঠিয়ে দেন। এরপর শুরু হয় সমীরের দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, যে বউ বংশে পুত্রসন্তান এনে দেবেন। প্রথমবারের মতো রাখি প্রতিবাদ করেন। তাতে লাভ হয় না। প্রতিবেশীরা জানিয়েছেন, রাখিকে মারধর করার বিষয়টি এলাকার সবার জানা। এমনকি ঘটনার চার দিন আগেও রাখিকে প্রচণ্ড শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলে জানান তাঁরা।রাখিকে কেন মরতে হলো, সেটা জানা গেল, কিন্তু কীভাবে মারা পড়লেন তিনি? ৮ মার্চ খুব সকালে সমীরের চাচা বিধান রায় রাখির বাবাকে মুঠোফোনে জানান, ‘রাখি খুবই অসুস্থ, যত তাড়াতাড়ি সম্ভব তাহিরপুরে আসুন।’ রাখির বাবা-মা শঙ্কা বুকে নিয়ে দুপুরের দিকে পৌঁছান মেয়ের বাড়িতে। ফাঁকা বাড়িতে খাটের ওপর পড়ে আছে রাখির প্রাণহীন দেহ। বাড়ির সদস্যরা কেউ নেই। ফোনে অসুস্থতার খবর দেওয়া সেই চাচা বিধান রায় জানান, রাখি আত্মহত্যা করেছেন। তাঁকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেছে। অনেক কষ্টে বড় করা মেয়ের শরীরজুড়ে আঘাতের চিহ্ন যেন ১১ বছরের সংসারজীবনের নির্মমতার স্বাক্ষর দিচ্ছে। নির্যাতনে মৃত্যু বনাম আত্মহত্যামেয়ে যখন বাবা-মায়ের ঘর ছেড়ে শ্বশুরবাড়ি যায়, তখন সেখানে কাউকে সে চেনে না। নতুন মানুষ, নতুন কাজ, নতুন ঘর—সবকিছু নতুন। ফেলে আসা সব ভুলে এক অন্য মোড়কে ঢেকে রাখা প্রচেষ্টাই তখন তার একমাত্র কাজ। কার শ্বশুরবাড়ির চাহিদা কী, সেটা অনুযায়ী নিজেকে সাজাতে না পারলেই সে মেয়ে খারাপ, সে মেয়ে কাজের না। এর সঙ্গে যোগ হয় শারীরিক নির্যাতন। অনেক ক্ষেত্রেই হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়। এসব প্রসঙ্গে জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক গৌরী ভট্টাচার্য বলেন, ‘মৃত্যুর পর বিচারের ভয়ে সেটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়।একজন মানুষের ওপর দিনের পর দিন অত্যাচার চালানোর কারণে নির্যাতনকারীর অনুভূতি-ক্ষমতা মরে যায়। ফলে বউ বা বৌমা বা ভাবি আত্মহত্যা করেছে বলে যে দাবিটা করে, সেটা হাস্যকর হয়ে ওঠে।’সুনামগঞ্জ থেকে তাহিরপুরের যোগাযোগব্যবস্থা খারাপ হওয়ায় মামলার ব্যাপারে বাদী খোঁজখবর নিতে পারছেন না বলেও তিনি উল্লেখ করেন। তিনি মনে করেন, সবার আগে আসামিদের গ্রেপ্তার নিশ্চিত করা উচিত। বিজ্ঞানের ব্যাখ্যা: ছেলে, না মেয়ে—এর জন্য দায়ী বাবামা ছেলে না মেয়েসন্তান জন্ম দেবেন, তা তাঁর ওপর নির্ভর করে না। মায়ের ক্ষেত্রে দুটো ক্রোমোজম একই ধরনের (এক্সএক্স) আর বাবার ক্ষেত্রে সেটা একটা এক্স আর একটা ওয়াই (এক্সওয়াই)। যখন শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয়, তখন বাবা এক্স দিলে মেয়ে আর বাবা ওয়াই দিলে ছেলে হয়। অথচ প্রসব যেহেতু মা করেন, তাই আমাদের সমাজে মাকে অভিযুক্ত করা হয়। অন্তত এই বিষয়টার প্রচারণা বাড়ানোর পক্ষে কথা বলেন সাংসদ তারানা হালিম। তিনি বলেন, বিজ্ঞানের কথা এমনভাবে বোঝাতে হবে, যাতে করে সাধারণ কৃষক-শ্রমিকও বুঝতে পারেন। সামাজিক আন্দোলনের বিকল্প নেই। আমরা প্রচারণা চালিয়ে এইডস সম্পর্ক তথ্য জানাতে পেরেছি, তাহলে এটা পারব না কেন?