কপাট খুলল নজরুল কমপ্লেক্সের
‘মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই...’ গানটি নিশ্চয়ই সবার পরিচিত। আর গানের রচয়িতার কথাও নিশ্চয়ই মনে পড়ছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই ইচ্ছানুযায়ী তাঁকে কবর দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে। গত বছর তাঁর সমাধি ঘিরে কাজী নজরুল ইসলাম স্মৃতি কমপ্লেক্স তৈরির কাজ শেষ হয়। তবে এত দিন এর ফটক বন্ধ ছিল। সড়ক থেকে উঁকি দিয়ে দেখতে হতো প্রিয় কবির কবর। এবার সুযোগ এসেছে কাছে গিয়ে দেখার। এই স্মৃতি কমপ্লেক্সের ফটক এখন খুলে দেওয়া হয়েছে সাধারণের জন্য।ফটক গলে ভেতরে ঢুকতেই কাচে ঘেরা তিনটি ছোট্ট কক্ষ দেখা যায়। একটি কাজী নজরুল ইসলামের স্মৃতিকক্ষ, আরেকটি শিল্পাচার্য জয়নুল আবেদিন ও পটুয়া কামরুল হাসানের স্মৃতিকক্ষ এবং অন্যটি শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিকক্ষ। আর এগোলেই রয়েছে সবুজ ঘাসের চত্বর। এর চারপাশে লম্বা সুপারিগাছের সারি। ফাঁকে ফাঁকে দু-একটি ফুলের গাছ। সবুজ এই চত্বরের দুই পাশ দিয়ে রয়েছে সমাধিতে পৌঁছানোর পথ। চত্বরটি পাশ কাটিয়ে সামনে পা বাড়াতেই চোখে পড়ে একটি গোলচত্বর। এখানে কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার (আমি সেই দিন হব শান্ত...) কয়েকটি পঙিক্ত পোড়ামাটির ফলকে লেখা হয়েছে। দুই পাশে দুটি কৃষ্ণচূড়ার গাছ সবুজ বিলিয়ে যাচ্ছে। আর একটু এগোলে কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ। বেশ উঁচুতে তাঁর সমাধি। লাল রঙের ধাপগুলোর ওপরে সবুজ ঘাস যেন হাতছানি দেয় দর্শনার্থীদের। সমাধির দক্ষিণে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ কয়েকজন বুদ্ধিজীবীর সমাধি। আর উত্তরে রয়েছে চারুকলা অনুষদের সীমানাসংলগ্ন শিল্পাচার্য জয়নুল আবেদিন ও পটুয়া কামরুল হাসানের সমাধি। প্রতিদিন অনেকেই প্রিয় কবির সমাধি দর্শন করতে পারছে এখন। তারা ঘুরছে, দেখছে এবং বিদ্রোহী কবির কবরের পাশে দাঁড়িয়ে ছবিও তুলছে। নারায়ণগঞ্জ থেকে ছোট্ট মেয়ে রিয়া এসেছে বাবার সঙ্গে। বাবা হারুন অর রশিদ বলেন, ‘মেয়েকে নিয়ে এর আগে আরেকবার এসেছিলাম নজরুলের কবর দেখাতে। কিন্তু ফটক বন্ধ থাকায় বাইরে থেকেই ফিরে যেতে হয়েছিল। এবার খুলে দেওয়ায় ভেতরে আসতে পেরেছি। তবে নজরুল সম্পর্কে আরও কিছু জানার ব্যবস্থা থাকলে ভালো হতো।’ তাঁর মতো আরও কয়েকজন জানান, এখানে যাঁরা চিরনিদ্রায় শায়িত, তাঁদের প্রত্যেকের আলাদা পরিচিতি ও বিভিন্ন তথ্য থাকলে ভালো হয়। ছোট ছেলেমেয়েরা এসে তা জানলে তাদের মনে থাকবে বলে তাঁরা মনে করেন।এখানে যে স্মৃতিকক্ষগুলো রয়েছে, সেখানে কাজী নজরুল ইসলাম ও অন্যদের তথ্য থাকার কথা। কিন্তু তিনটি কক্ষই ফাঁকা। কমপ্লেক্সের কেয়ারটেকার ওবায়দুর রহমান জানান, ছুটির দিনসহ প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকছে কমপ্লেক্সটি। যে কেউ এখানে আসতে পারবে। তবে কেউ অযথা আড্ডা দিতে পারবে না। গাছের ফুল ছেঁড়া নিষেধ। নিষেধাজ্ঞা রয়েছে কাজী নজরুল ইসলামের সমাধির ধাপগুলোতে ওঠার ব্যাপারেও। তিনি জানান, মাঝেমধ্যে বিশ্ববিদ্যালয়ের দু-একজন ছাত্র এসে নিষেধ করার পরও এসব কাজ করে।