কপিরাইটের আবেদন কীভাবে করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো সৃষ্টিকর্মের কপিরাইটের নিবন্ধনের জন্য আবেদন করতে হলে ঢাকার আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত কপিরাইট কার্যালয় থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এই আবেদনপত্রে যে কর্মটির কপিরাইট করতে চান তার সব বিবরণ, স্বত্ব কার নামে হবে, শর্ত কী হবে প্রভৃতি বিষয় পূরণ করতে হবে। আবেদনপত্র তিন কপি জমা দিতে হবে। যে কর্মটির কপিরাইট নিবন্ধন করার জন্য আবেদন করা হয়েছে, তার ধরন অনুযায়ী নির্ধারিত ফি ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। ট্রেজারি চালানের মূলকপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। কর্মটির হস্তান্তরসূত্রে মালিকানার ক্ষেত্রে ২৫০ টাকার স্ট্যাম্পে হস্তান্তর দলিল দাখিল করতে হবে। লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কোম্পানির মেমোরেন্ডাম জমা দিতে হবে। অঙ্গীকারনামা ১৫০ টাকার স্ট্যাম্পে লিখে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। প্রচ্ছদকর্মের ক্ষেত্রে প্রচ্ছদশিল্পীর ২৫০ টাকার স্ট্যাম্পে না দাবিনামা অথবা হস্তান্তর দলিল দাখিল করতে হবে। পাণ্ডুলিপি, সাহিত্যকর্ম, রেকর্ডকর্ম, সিডি, ক্যাসেট, সিনেমা ও কম্পিউটার সফটওয়্যারের ক্ষেত্রে দুই কপি কর্ম জমা দিতে হবে। চারুকর্মের ক্ষেত্রে তিন কপি জমা দিতে হবে। চারুকর্মের ক্ষেত্রে এক কপি শক্ত কভারে নাম-ঠিকানা ও কপিরাইট নোটিশসহ পেস্টিং করে জমা দিতে হবে। কেউ যদি আইনজীবীর মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে চান, সে ক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে ওকালতনামা দাখিল করতে হবে। আবেদনপত্রের যোগাযোগের স্থানে পূর্ণ ঠিকানা ও সম্ভব হলে ফোন বা মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। বিদেশি কর্মের ক্ষেত্রে যে দেশের মূল কর্ম, ওই দেশের মূল মালিকের হস্তান্তর দলিল সত্যায়িত করে দাখিল করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত সব কাগজপত্রের ফটোকপি সত্যায়িত করে দিতে হবে। তবে সত্যায়নকারীর নাম, পদবি ও ঠিকানা অবশ্যই উল্লেখ করতে হবে। কোনো কারণে উল্লিখিত বিষয়গুলোর কোনো একটি উপাদান না থাকলে এবং ত্রুটিপূর্ণ আবেদনের ক্ষেত্রে আবেদনটি বাতিল হয়ে যাবে।