কপোতাক্ষ নদে বাঁধ নির্মাণ বন্ধে নির্দেশ
সাতক্ষীরার তালা উপজেলার কপোতাক্ষ নদে সব ধরনের মাটি ভরাট, অবৈধ দখল ও বাঁধ নির্মাণ বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।৪৮ ঘণ্টার মধ্যে এই নির্দেশ বাস্তবায়ন করতে সাতক্ষীরার জেলা প্রশাসক, পুলিশ সুপার, তালা উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা প্রকৌশলী, তালা থানার ওসিসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দুই সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতেও বলা হয়েছে।আজ সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে অন্তর্বর্তীকালীন এ নির্দেশনার পাশাপাশি রুলও জারি করেন।কপোতাক্ষের বুকে বাঁধ দেওয়া হচ্ছে উল্লেখ করে ৪ মার্চ মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ রিটটি দাখিল করেন। আবেদনের পক্ষে শুনানি করেন মনজিল মোরশেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।গত ২৬ ফেব্রুয়ারি একটি দৈনিকে ‘কপোতাক্ষ নদের বুকে বাঁধ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এ প্রতিবেদনসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিটটি করা হয়। রিট আবেদনে স্থানীয় সরকারসচিব, সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, তালা উপজেলা চেয়ারম্যান, ইউএনও, উপজেলা প্রকৌশলী, তালা থানার ওসি, বেসরকারি সংস্থা কারিতাসের রূপসা স্ট্যান্ড কার্যালয়ের পরিচালক (দুর্যোগ ও উন্নয়ন), বাঁধ নির্মাণ প্রকল্প পরিচালক, সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বিবাদী করা হয়।রুলে কপোতাক্ষ নদ রক্ষায় বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ এবং আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে তালা উপজেলার কপোতাক্ষ নদে মাটি ভরাট, অবৈধ দখল ও বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। বাঁধ নির্মাণের নামে ভরাট করা মাটি বিবাদীদের নিজ খরচে সরিয়ে নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে। বিবাদীদের ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।