কপোতাক্ষতীরে বাঁধ নির্মাণের টাকা লুটপাটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কপোতাক্ষ নদের অববাহিকায় জলাবদ্ধতা দূর করার প্রকল্পের অর্থ নিয়ে লুটপাট চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা কোনো কাজ না করেই ঝিকরগাছা উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে যোগসাজশে দুই কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে।মধুকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত মৃতপ্রায় কপোতাক্ষ নদে প্রাণ ফিরিয়ে আনতে কপোতাক্ষ নদ অববাহিকার জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প নেওয়া হয়। এই প্রকল্পের জন্য ২০১১-২০১২ অর্থবছরে একনেক ২৬১ কোটি টাকা অনুমোদন করে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রকল্পের আওতায় এ বছরের ফেব্রুয়ারি মাসে ঝিকরগাছা অঞ্চলে ১১টি গ্রুপে কাজের জন্য সাড়ে তিন কোটি টাকার দরপত্র আহ্বান করে। দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২২ ফেব্রুয়ারি।ঠিকাদারেরা বলেছেন, মে মাসের শেষ দিকে পাউবো যশোরের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান হঠাৎ মৌখিকভাবে দরপত্র বাতিল করেন, যা বিধিবহির্ভূত। এরপর কৌশলে অনুমোদনের মাধ্যমে টাকা ছাড় করিয়ে তা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিদের নামে তুলে নেওয়া হয়। এ ব্যাপারে সভার ভুয়া কার্যবিবরণী তৈরি করা হয় বলে অভিযোগ রয়েছে। সবচেয়ে বড় কথা, প্রকল্পের কোনো কাজই হয়নি।সরকারি নীতিমালা অনুযায়ী দরপত্র বাতিল করতে হলে অংশগ্রহণকারী ঠিকাদারদের লিখিতভাবে তা জানাতে হয়। পাউবো যশোরের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান এ ব্যাপারে বলেন, মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া দরপত্র বাতিলের জন্য কোনো লিখিত দেওয়ার প্রয়োজন ছিল না। তবু তিনি লিখিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে অংশগ্রহণকারী ঠিকাদারদের জামানতের টাকা ফেরত নেওয়ার ব্যাপারে অবহিত করেছিলেন বলে দাবি করেন।প্রকল্পের পরিচালক দীপক কুমার সরকার বলেছেন, দরপত্র মেয়াদোত্তীর্ণ হওয়া এবং বাতিল করার বিষয়টি তাঁর জানা ছিল না। তবে উপজেলা পরিষদের সঙ্গে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) করে কাজ শুরুর বিষয়টি তাঁকে অবগত করা হয়েছে বলে জানালেন তিনি।উপবিভাগীয় প্রকৌশলী (যশোর সদর ও মনিরামপুর) মোফাজ্জল হোসেন জানান, প্রকল্পে টাকা না থাকায় দরপত্র বাতিল করা হয়েছে। তবে তিনি ঠিকাদারদের লিখিতভাবে না জানানোর কারণ ব্যাখ্যা করতে পারেননি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যশোরের পাউবো মে মাসের শেষ দিকে দরপত্র বাতিলের পর সেই মাসের মধ্যেই ১৩ কোটি টাকা একনেক থেকে ছাড় করিয়ে নিয়ে আসে। এরপর অর্থবছর সমাপ্ত হলে টাকা ফেরত চলে যাবে বলে অজুহাত দেখিয়ে উপজেলা পরিষদের সঙ্গে সমঝোতার মাধ্যমে পিআইসি গঠন করে ঝিকরগাছা অঞ্চলের জন্য দুই কোটি পাঁচ লাখ টাকার ২১টি প্রকল্প তৈরি করা হয়। কৌশল হিসেবে প্রতিটি গ্রুপের কাজের প্রাক্কলিত ব্যয় রাখা হয় ১০ লাখের নিচে।এরপর ঝিকরগাছার উপজেলা চেয়ারম্যান ১৩ জুন তাঁর সভাপতিত্বে একটি সভা হয়েছে দেখিয়ে গঙ্গানন্দপুর ইউনিয়নের জন্য ১০টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের বিবরণ তৈরি করে অনুমোদনের জন্য নির্বাহী প্রকৌশলী বরাবর পাঠান। এতে নদীতীরের কোনো জায়গার নাম না দিয়ে শুধু মাইলেজ ও মিটার উল্লেখ করা হয়। কথিত ওই সভার কার্যবিবরণীতে দেখা যায়, উপজেলা পরিষদে পিআইসি গঠনের সভা হয়েছে ১৩ জুন। দেখা গেছে, একই দিন যশোর শহরে বসে নির্বাহী প্রকৌশলী ওই প্রকল্পগুলো অনুমোদনের সুপারিশ করে তাঁর স্বাক্ষর ও সিল মেরে দিয়েছেন। প্রকল্প ১০টির মোট ব্যয় ধরা হয়েছে ৯৬ লাখ ২২ হাজার টাকা। এরপর আবার ১৯ জুন পানিসারা ইউনিয়নের আটটি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে দেখিয়ে নির্বাহী প্রকৌশলীর কাছে কার্যবিবরণী পাঠানো হয়। কাগজপত্রে দেখা যায়, নির্বাহী প্রকৌশলী ২০ জুনই প্রকল্পগুলো অনুমোদনের জন্য সুপারিশ করে স্বাক্ষর ও সিল দিয়ে দিয়েছেন। এটি আমাদের আমলাতন্ত্রের স্বল্পতম সময়ে কাজ করতে পারার একটি উদাহরণ হতে পারে কি না—জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান বলেন, ‘তা কেন? ঝিকরগাছা থেকে যশোরে একটি কাগজ পৌঁছাতে তো আধা ঘণ্টার বেশি লাগার কথা নয়।’এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, ‘ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম আমাকে বলল, কপোতাক্ষ নিয়ে কিছু কাজ করার সুযোগ আছে। কাজগুলো করা হলে ২০ থেকে ২৫ শতাংশ লাভ হবে। তাড়াহুড়ার কারণে সভা করা যায়নি। তাই দুটি সভার বিবরণীতে স্বাক্ষর করে দিই আমি।...খোদার কসম, আমি এর বেশি কিছুই জানি না।’উপজেলার ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলামের কাছে উন্নয়নমূলক কাজে লাভালাভের সুযোগ কোথায় জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা উপজেলার তহবিল একটু বাড়িয়ে নেওয়ার জন্য এই কাজটা করছি।’গঙ্গানন্দপুর ইউনিয়নের ১০টি প্রকল্পের মধ্যে দুটি এবং পানিসারা ইউনিয়নের আটটি প্রকল্পের মধ্যে দুটির সভাপতি হলেন উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম। ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলামও গঙ্গানন্দপুরের দুটি এবং পানিসারার তিনটি প্রকল্পের সভাপতি। মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জুন্নাহার নাজনীন দুটি, গঙ্গানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান একটির সভাপতি হয়েছেন। পানিসারা ইউনিয়নের চেয়ারম্যান নওশের আলীকে তাঁর ইউনিয়নের তিনটি প্রকল্পের সভাপতি করা হয়েছে।জানা গেছে, ২৫ জুন প্রকল্পগুলোর বিপরীতে ২৫ শতাংশ টাকা প্রকল্প কমিটির সভাপতিরা আগাম তুলে নিয়েছেন। গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলামের (একটি প্রকল্পের সভাপতি) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মেইন কথা কি, আমি এসবকিছু জানি নে। উপজেলার চিয়ারম্যান আর ভাইস চিয়ারম্যান সিগনেচার করতি বললি আমি তা করে দিইছি। টাকা যদি তুলে থাকে অসুবিধে নেই। ওরা রেখে দেবেনে। বৃষ্টিবাদল গেলি এবং ধান কাটা শেষ হলিই কাজ শুরু হয়ে যাবেনে।’পানিসারা ইউনিয়নের প্রকল্পগুলো প্রণয়নের জন্য আয়োজিত সভার যে কার্যবিবরণী তৈরি করা হয়েছে, তাতে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য কবির হোসেনসহ ১৪ জনের স্বাক্ষর জাল করা হয়েছে বলে স্বয়ং কবির হোসেন অভিযোগ করেছেন।এ ছাড়া ঝিকরগাছা অঞ্চলের ১১, ১২ ও ১৩ নম্বর প্রকল্প তিনটি মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের তিনজন সদস্যের নামে দেখানো হয়েছে। জানা গেছে, মামলাজনিত কারণে এ ইউনিয়নে চেয়ারম্যান না থাকায় অল্প টাকার ‘ভাগের আশ্বাসে’ তিনজন সদস্যকে প্রকল্পের সভাপতি করে টাকা তুলে নেওয়া হয়েছে।সরেজমিন অনুসন্ধানে টাকা তোলার সাড়ে তিন মাস পরও কোথাও বাঁধের কোনো কাজ শুরু হতে দেখা যায়নি। পাউবোর নির্বাহী প্রকৌশলী ও ঝিকরগাছা উপজেলার চেয়ারম্যান এ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন। নির্বাহী প্রকৌশলী দাবি করেছেন, কোথাও কোথাও কিছু কাজ শুরু হয়েছে। তবে পুরোদমে কাজ হবে বর্ষা চলে যাওয়ার পর। অন্যদিকে উপজেলা চেয়ারম্যান জানিয়েছেন যে কাজ শুরু হয়নি। তিনি বলেন, স্থানীয় সাংসদ এবং নবনিযুক্ত বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ কিছুদিন পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পর পুরোদমে কাজ শুরু হবে।