কফিনে শায়িত হুইটনির ছবি প্রকাশে বিস্মিত ভক্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় ট্যাবলয়েড ম্যাগাজিন দ্য ন্যাশনাল এনকুয়ারার সম্প্রতি ‘হুইটনি: দ্য লাস্ট ফটো’ শিরোনামে ছবি ছেপে বিতর্কের ঝড় তুলেছে। কফিনে শায়িত হুইটনি হিউস্টনের এমন ছবি দেখে বিস্ময় ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর অগণিত ভক্ত। সদ্য প্রয়াত এই মার্কিন সংগীতশিল্পীর মরদেহের ছবিটি ছাপা হয়েছে ম্যাগাজিনটির প্রথম পৃষ্ঠাতেই। ধারণা করা হচ্ছে, গত শুক্রবার নিউজার্সির উইংহাম ফিউনেরাল হোমে এই ছবিটি তোলা হয়েছে। সেদিন সন্ধ্যায় হুইটনির পরিবারের সদস্যরা সেখানে একত্র হয়েছিলেন। সম্প্রতি এক খবরে এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের দৈনিক পত্রিকা ডেইলিনিউজ। প্রকাশিত ছবিটিতে দেখা গেছে, ব্রঞ্জের কফিনে শুয়ে আছেন হুইটনি। তাঁর পরনে রয়েছে বেগুনি রঙের পোশাক। পোশাকটির বুকের কাছে একটি সোনার পিন আটকানো। একজোড়া উজ্জ্বল কানের দুলও রয়েছে তাঁর কানে। ছবির পাশে লেখা শিরোনামে দাবি করা হয়েছে, পাঁচ লাখ ডলার মূল্যের গয়না পরিয়ে সমাহিত করা হয়েছে হুইটনিকে। সে সময় তাঁর পায়ে সোনার জুতা ছিল বলেও দাবি করা হয়েছে ওই শিরোনামে। এ ঘটনার পর ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ রক্ষার ওয়েবসাইটে নিন্দা প্রকাশ করেছেন হুইটনির ভক্তরা। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তারকারাও। তাঁদের মধ্যে ‘বাস্কেটবল ওয়াইভস’খ্যাত মার্কিন টিভি ব্যক্তিত্ব ও অভিনেত্রী এভলিন লোজাডা এক টুইটার বার্তায় লিখেছেন, ‘কফিনে বন্দী হুইটনির ছবি যেই তুলেছে এবং বিক্রি করেছে সে উন্মাদ না হয়ে পারে না।’ এ ছাড়া, লন্ডনে বসবাসরত হুইটনির এক ভক্ত টুইট করেছেন, ‘বিষয়টা অমানবিক, দানবীয় ও অসত্ উদ্দেশ্যেই এমনটা করা হয়েছে।’ উল্লেখ্য, এর আগে ১৯৭৭ সালে কফিনে শায়িত এলভিস প্রিসলির মরদেহের ছবি প্রকাশ করেছিল দ্য ন্যাশনাল এনকুয়ারার।