কবরীকে প্রকাশ্যে হুমকি দিলেন নাসিম ওসমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল মঙ্গলবার বিকেলে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আওয়ামী লীগের সাংসদ সারাহ্ বেগম কবরীকে হুমকি দিলেন জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমান। তিনি কবরীকে উদ্দেশ করে বলেন, দুই মাসের মধ্যে তাঁকে দেখে নেওয়া হবে। এরপর সভার সভাপতি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক সামছুর রহমান বিব্রত হয়ে তড়িঘড়ি সভার সমাপ্তি ঘোষণা করেন।বৈঠকে অংশগ্রহণকারী জেলা আইনশৃঙ্খলা কমিটির একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, বৈঠকে কবরী অভিযোগ করেন, নারায়ণগঞ্জের একটি বিশেষ গোষ্ঠী তাঁর এবং তাঁর সমর্থকদের বিরুদ্ধে কিছু সাংবাদিকের মাধ্যমে নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। কবরীর সঙ্গে রাজনীতি করলে তাঁকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা হয়। আবার একই ব্যক্তি ওই বিশেষ গোষ্ঠীর সঙ্গে রাজনীতি করলে ভালো মানুষ হয়ে যায়। কবরীর বক্তব্যের একপর্যায়ে নাসিম ওসমান তাঁকে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। নাসিম ওসমান তখন সভায় উপস্থিত সবার সামনেই কবরীকে দুই মাসের মধ্যে দেখে নেওয়ার হুমকি দেন। এ ঘটনায় সভায় উপস্থিত জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ সবাই বিব্রত হন।নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সাংসদ নাসিম ওসমান সভায় কবরীর সঙ্গে তাঁর একান্ত সচিব (পিএস) সেন্টুর আসার ব্যাপারে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আইনশৃঙ্খলা কমিটির সভায় অন্য কেউ যেন থাকতে না পারে। তিনি কবরীর উদ্দেশে বলেন, ‘আপনি ওসমান পরিবারের বউ হিসেবেই এমপি নির্বাচিত হয়েছেন। না হলে আপনি এমপি হতে পারতেন না।’নারায়ণগঞ্জ-৪ (ফতল্লা) আসনের সাংসদ সারাহ্ বেগম কবরী টেলিফোনে প্রথম আলোকে বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জাপার সাংসদ নাসিম ওসমান তাঁকে দুই মাসের মধ্যে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। কবরী বলেন, ‘শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে এখানে পাঠিয়েছেন। আর নারায়ণগঞ্জ-৪ আসনের জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। বিশেষ কোনো গোষ্ঠীর সন্ত্রাস-হুমকিতে আমি ভীত নই। অন্যায়ের প্রতিবাদ জনগণকে সঙ্গে নিয়েই করে যাব।’ তিনি অভিযোগ করেন, একটি বিশেষ মহলের প্ররোচনায় কয়েকটি স্থানীয় ও জাতীয় পত্রিকায় উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করা হচ্ছে।এ ব্যাপারে মন্তব্য জানতে জেলা প্রশাসক ও সাসংদ নাসিম ওসমানের সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায়নি।ওই সভায় আরও বক্তব্য দেন সাংসদ নজরুল ইসলাম, গাজী গোলাম দস্তগীর, জেলা পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন, বিকেএমইএ, নারায়ণগঞ্জ চেম্বার ও নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি সেলিম ওসমান, জেলা সিভিল সার্জন মতিয়ার রহমান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান বাদল, সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সামিউল্লাহ মিলন, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান প্রমুখ।