কবরীর গাড়িবহরে শ্রমিক লীগ নেতার সমর্থকদের হামলা
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের আওয়ামী লীগের সাংসদ সারাহ্ বেগম কবরীর গাড়িবহরে হামলা চালিয়েছে জাতীয় শ্রমিক লীগের নেতা কাউসার আহম্মেদ ওরফে পলাশের সমর্থকেরা। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সাংসদ কবরী লোকজন নিয়ে সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জে পেট্রোলিয়াম করপোরেশনের একটি জমি পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে।গাড়িবহরে হামলার পর কাউসারের লোকজন কবরীর সমর্থকদের ওপর ইট-পাথর নিক্ষেপ করলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। দুই পক্ষের সমর্থকেরা ১০টি গাড়ি ভাঙচুর করে এবং ঢাকা-ফতুল্লা-নারায়ণগঞ্জ সড়কে এলোপাতাড়ি গাড়ি রেখে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে। আড়াই ঘণ্টা পর বিকেল চারটার দিকে অবরোধ তুলে নেয় উভয় পক্ষ।ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) রিয়াজুল কবির জানান, সাংসদ কবরীর ওপর হামলার ঘটনায় হেলাল নামের একজন কাউসার আহম্মেদসহ ৪০-৫০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আলীগঞ্জে ৩ দশমিক ৯০ একরের একটি জমি নিয়ে গণপূর্ত বিভাগ ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের মধ্যে বিরোধ রয়েছে। এ নিয়ে ৯ জানুয়ারি আন্তমন্ত্রণালয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বুড়িগঙ্গা নদীর তীরে এই জমিতে অবৈধভাবে পাথর ব্যবসার প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কার্গোযোগে পাথর এনে তা মেশিন দিয়ে ভাঙা হয়। পরে তা ট্রাকে করে সারা দেশে পাঠানো হয়। পাথর ওঠানো-নামানো ও ভাঙার কাজে বিপুলসংখ্যক শ্রমিক নিয়োজিত রয়েছেন। পাথর ব্যবসায়ীরা বিভিন্ন প্রভাবশালী মহলকে মোটা অঙ্কের টাকা মাসোহারা দিয়ে এখানে ব্যবসা চালাচ্ছেন।জানা যায়, গতকাল দুপুর দেড়টার দিকে সাংসদ কবরী লোকজন নিয়ে ওই জমি পরিদর্শন করেন। এ সময় তিনি জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সভাপতি কাউসার আহম্মেদের লোকজনের কাছে কাগজপত্র দেখতে চান। এ নিয়ে কাউসারের লোকজনের সঙ্গে সাংসদের লোকজনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে কাউসারের সমর্থকেরা কবরীর লোকজনকে ধাওয়া দেয় এবং কবরীর গাড়িবহরে হামলা চালায়। এতে জাতীয় সংসদের স্টিকার-সংবলিত সাংসদ কবরীর সাদা মাইক্রোবাসের ডান পাশের গ্লাস ভেঙে যায়।কাউসারের লোকজন কবরীর লোকজনের ওপর ইট-পাথর নিক্ষেপ করে ধাওয়া দেয়। শুরু হয়ে যায় দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া। খবর পেয়ে পুলিশ গিয়ে বেষ্টনী তৈরি করে কবরীকে গাড়িতে তুলে দেন। ফতুল্লা থানায় আশ্রয় নেন সাংসদ কবরী।সাংসদ সারাহ্ বেগম কবরী অভিযোগ করেন, ‘আলীগঞ্জের জমিটি গণপূর্ত বিভাগের। কাউসার এই জমি দখল করে তার নামে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে। আমি এই খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যাই। এ সময় কাউসারের নেতৃত্বে সন্ত্রাসীরা আমার গাড়িতে হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। কাউসার আমার প্রাণনাশের চেষ্টা চালায়। তাকে গ্রেপ্তার করতে পুলিশকে বলেছি।’কবরী জানান, সন্ত্রাসীদের হামলায় পাঁচজন আহত হয়েছেন। তাঁরা হলেন সেলিম, দেলোয়ার, নূর হোসেন, মানিক ও জুয়েল। এঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। সাংসদ কবরী অভিযোগ করেন, কাউসার ফতুল্লা শিল্পাঞ্চলের চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী। তাঁর বাহিনীর হাতে ফতুল্লার সাধারণ মানুষ, ব্যবসায়ীরা জিম্মি হয়ে পড়েছেন।অভিযোগ অস্বীকার করে শ্রমিক লীগের নেতা কাউসার আহম্মেদ দাবি করেন, ‘জমি নিয়ে পেট্রোলিয়াম করপোরেশন ও গণপূর্ত বিভাগের বিরোধ রয়েছে। তবে জমিটি পেট্রোলিয়াম করপোরেশনের দখলে রয়েছে। করপোরেশনের ডিলার হিসেবে জমিটি আমাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত লোকজনের বেতন দেওয়ার জন্য জমিতে কিছু দোকানও তোলা হয়েছে। আমি কোনোভাবেই অবৈধ দখলদার নই।’কাউসার অভিযোগ করেন, সাংসদ কবরী তাঁর লোকজন নিয়ে জমিটির নিয়ন্ত্রণ নিতে গেলে বিপত্তি ঘটে। তাঁর একান্ত সচিব সিরাজুল ইসলাম ওরফে সেন্টু গুলিবর্ষণ করে ত্রাসের সৃষ্টি করেন। একপর্যায়ে সিরাজুল পাথর ব্যবসায়ী মোয়াজ্জেম, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ফরিদ উদ্দিন ও বালু ব্যবসায়ী গাফ্ফারকে মারধর করেন। এতে শ্রমিকেরা উত্তেজিত হয়ে সাংসদ কবরী ও তাঁর লোকজনকে ধাওয়া দেন। পরে শ্রমিকেরা সিরাজুলকে গ্রেপ্তারের দাবিতে সড়কে ব্যারিকেড দেন।অতিরিক্ত জেলা পুলিশ সুপার সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, গুলিবর্ষণ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কে বা কারা গুলি করেছে, তারও খোঁজখবর নেওয়া হচ্ছে।