জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী সৈয়দ শহীদুল হককে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবী। জেরায় তিনি বলেন, কবি মেহেরুননিসা, তাঁর ভাই ও মাকে টুকরো টুকরো করে হত্যা এবং মিরপুর বাঙলা কলেজের ছাত্র পল্লবকে হত্যার নেতৃত্বে আবদুল কাদের মোল্লা জড়িত থাকার কথা তিনি পরিচিত ও সাধারণ জনগণের মুখে শুনেছেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ বুধবার দ্বিতীয় দিনের মতো এই জেরা হয়। আসামি পক্ষের আইনজীবী একরামুল হক সাক্ষীকে জেরা করেন। শারীরিক অবস্থার কারণে কাদের মোল্লা ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন না।একরামুল হক সাক্ষীকে জিজ্ঞাসা করেন, একাত্তরের ২৭ মার্চ কবি মেহেরুননিসা, তাঁর ভাই ও মাকে টুকরো টুকরো করে হত্যা ও মিরপুর বাঙলা কলেজের ছাত্র পল্লবকে হত্যার ঘটনায় কাদের মোল্লা জড়িত থাকার ঘটনা তিনি কার কাছে শুনেছেন?জবাবে শহীদুল হক বলেন, তিনি এই ঘটনাগুলো পরিচিত মানুষের কাছে এবং মিরপুরে জনতার কাছে শুনেছেন। এ পর্যায়ে সাক্ষী বলেন, ‘সে সময় তো আমার কাছে কোনো নোটবুক ছিল না যে আমি যার কাছে শুনেছি তাঁর নাম সেখানে লিখে রাখব।’অভিযান চালানোর সময় মিরপুরে কতবার গিয়েছেন?—এ প্রশ্নে সাক্ষী বলেন তিনি অসংখ্যবার গিয়েছেন। এ পর্যায়ে সাক্ষী বলেন, ‘যখনই আমার মনে হতো তারা এই দেশকে পাকিস্তান বানানোর চেষ্টা চালাচ্ছে, তখন কি আমি ঘরের মধ্যে মোমবাতি জ্বালিয়ে বসে থাকব?’শহীদুল হক একাত্তরের বিহারিদের একটি স্লোগানের কথা বলতে গিয়ে বলেন, ‘তারা বলত, “নয় মাহিনা মে তুমলোক বাংলাদেশ বানায়া, ইসকো হামলোক দোবারা পাকিস্তান বানায়েগা।” এই স্লোগান আমার যখনই মনে হতো তখনই আমি অস্ত্র ঝালাই দিতাম, কখন কাদের মোল্লা গংদের পাব। মনে হতো আমি তাদের গলা টিপে হত্যা করি।’এ পর্যায়ে আইনজীবী জেরা শেষ করেন। কাল বৃহস্পতিবার সাক্ষী শহীদুল হককে তৃতীয় দিনের মতো জেরা করবে আসামিপক্ষ।