তিরিশের দশকের অন্যতম প্রধান কবি অশোকবিজয় রাহার জন্মশতবর্ষ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে সিলেটে পালিত হয়েছে চার দিনব্যাপী কর্মসূচি। ১২ নভেম্বর সকাল ১০টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অশোকবিজয় রাহা জন্মশতবর্ষ উদ্যাপন পর্ষদের আহ্বায়ক কবি-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম। উপস্থিত ছিলেন কবি তুষার কর, জন্মশতবর্ষ উদ্যাপন পর্ষদের সদস্যসচিব মইনুদ্দিন আহমদ, চিত্রশিল্পী অরবিন্দু দাশগুপ্ত, সুভাষ চন্দ্র নাথ প্রমুখ। পরে কবির প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৩ নভেম্বর বেলা চারটায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে কবির কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৪ নভেম্বর কবির জন্মশতবর্ষের দিনে বেলা চারটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়। ওই দিন শুরুতেই কবির প্রতিকৃতিতে প্রায় অর্ধশতাধিক সাংস্কৃতিক-সামাজিক-সাহিত্য সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করেছে। পরে শুভেন্দু ইমামের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন ব্যরিস্টার মো. আরশ আলী, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, কবি এ কে শেরাম, তুষার কর, সাংবাদিক আল-আজাদ, আইনজীবী কিশোর কুমার কর, কবি জফির সেতু, মোস্তাক আহমাদ দীন, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি সৈয়দ মনির হেলাল, মিহিরকান্তি চৌধুরী। স্বাগত বক্তব্য দেন মইনুদ্দিন আহমদ। সবশেষে একটি শোভাযাত্রা নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।১৫ নভেম্বর সন্ধ্যা সাতটায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ, আলোচনা ও আবৃত্তি করা হয়। প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জন্মশতবর্ষ উদ্যাপন পর্ষদের আহ্বায়ক শুভেন্দু ইমামের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন নির্বাচন কমিশনের সচিব ও কবি মোহাম্মদ সাদিক। বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নূহ-উল-আলম লেলিন, সিলেট মেট্টোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. আবদুল আজিজ, অনুবাদক সুরেশরঞ্জন বসাক, কবি তুষার কর প্রমুখ। স্বাগত বক্তব্য দেন জন্মশতবর্ষ উদ্যাপন পর্ষদের সদস্য সচিব মইনুদ্দিন আহমদ।আবৃত্তি পরিবেশন করেন ঢাকা থেকে আগত আবৃত্তিকার রোজিনা ওয়ালী লীনা, রফিকুল ইসলাম, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুল আলম, উর্বশী আবৃত্তি পরিষদের সভাপতি মোকাদ্দেস বাবুল, গুলজার আহমদ, অলকানন্দা দত্ত প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন অনিন্দিতা দাশ। পরে প্রধান অতিথি প্রতিযোগীদের মধ্যে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে শুভেন্দু ইমাম সম্পাদিত আশোকবিজয় রাহা জন্মশতবর্ষ স্মারক সংকলনের মোড়ক উন্মোচন করেন অর্থমন্ত্রীসহ অতিথিরা।