লাতিন আমেরিকার পুরোধা কবি অক্তাভিও পাস (১৯১৪-১৯৯৮) ১৯৯০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। কবি চিন্তাশীল প্রবন্ধেও অনন্যতার স্বাক্ষর রেখে গেছেন। এই লেখাটি তাঁর ইন লাইট অব ইন্ডিয়া বইয়ের একটি প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। রবীন্দ্রনাথের চিত্রকলা নিয়েও তাঁর একটি স্বতন্ত্র প্রবন্ধ রয়েছে।ভারতীয় সংস্কৃতির যে ছবিটি (ভারতীয়) জাতীয়তাবাদীদের মনে আঁকা, সেটি বিকলাঙ্গ। ওর মধ্যে সম্রাট আকবর, কবি আমির খসরু, দিল্লির লাল কেল্লা বা আগ্রার তাজমহলের কোনো স্থান নেই; শিখসম্প্রদায় বা মহান বৌদ্ধ সিদ্ধাচার্যদের কথা তো বলাই বাহুল্য। সংস্কৃতি ও ইতিহাসের বিচারে হিন্দুধর্মের চেয়ে ভারত অনেক মহত্তর। হিন্দু জাতীয়তাবাদ তাই এক চিরন্তন স্ববিরোধের মধ্যে পড়ে রয়েছে: ভারতীয় সংস্কৃতি সম্পর্কে এর ধারণাটি ধর্মভিত্তিক; হিন্দুধর্ম সম্পর্কে এর দূরকল্পনা একে একটি রাজনৈতিক বিশ্বাসে পর্যবসিত হতে বাধ্য করে। সংস্কৃতিকে একটি ধর্মে রূপান্তরের প্রক্রিয়ার পরিসমাপ্তি ঘটে ধর্মকে একটি রাজনীতিতে রূপান্তরিত করে।হিন্দু ভাষ্যটিও সব জাতীয়তাবাদের মতো একটি রাজনৈতিক ধর্ম; মানে, ধর্মের এক রাজনৈতিক বিকৃতি। ইসলামি ঐতিহ্যেও এই দ্বন্দ্ব বারবার ফিরে এসেছে। এটি আরব সভ্যতার ইতিহাসের একটি নেতিবাচক দিক। এক ঈশ্বর, এক আইন, এক শাসক—এমন একটি ছকের জন্য তিনটি মহান একেশ্বরবাদই নিজেদের ভেতর এক মস্ত অবকাশ তৈরি করে দিয়েছে। হিন্দু জাতীয়তাবাদও একেশ্বরবাদের ক্যারিকেচার দিয়ে তার বহুবাচনিকতা ও বহু-ঈশ্বরবাদকে স্থানচ্যুত করেছে। ভাবাদর্শের যে একটিমাত্র দেবতাকে তুষ্ট করার জন্য সে তা করেছে, তার নাম জাতি। হিন্দু ও মুসলিম জাতীয়তাবাদের মধ্যে যা আছে, সেটি সাদৃশ্যের চেয়েও বেশি। পরেরটির মূলে আছে ধর্ম ও কোরআন। তাই পাকিস্তান বা যেকোনো মুসলিম রাষ্ট্রে ইসলামি জাতীয়তাবাদের পর্যালোচনা শুরু হয় শরিয়াহর (সুন্নি বিশ্বাস মোতাবেক) এই পর্যালোচনার মাধ্যমে যে এর কোনো অংশ এখনো সজীব ও চিরন্তন, আর কোনোটি আনুষঙ্গিক ও নিপাট রাজনৈতিক। হিন্দু বুদ্ধিজীবীদের সমস্যাও একই রকম। ঐতিহাসিক পরিস্থিতির যে দিকটি বিশেষ করে প্রতিকূল, দুই ধারার পর্যালোচনাতেই তাকে বিরাটভাবে বিবেচনায় নিতে হয়। বিশ্বব্যাপী ধর্মীয় ও জাতীয়তাবাদী উগ্রতার পুনরুত্থানই যে এর একমাত্র কারণ, তা নয়; উভয় সংস্কৃতির মধ্যে আধুনিক সমালোচনামূলক এতিহ্যের অনুপস্থিতিও এর আরেক কারণ। ইউরোপের মতো হিন্দু বা ইসলামধর্মে কোনো রেনেসাঁ ঘটেনি, ফলে কোনো জ্ঞানালোকও আসেনি।এখানে অবশ্যই আমাকে এ কথা বিশেষভাবে বলতে হবে যে আধুনিক সমালোচনামূলক ভাবনার অনুপস্থিতি মানে এই নয় যে এখানে মহৎ সাহিত্যেরও অভাব আছে। রবীন্দ্রনাথ ঠাকুর এর এক উদাহরণ। তিনি কোনো ভাবুক ছিলেন না, ছিলেন একজন মহান শিল্পী। তাঁর জীবন ও কর্ম ছিল ভারত ও পৃথিবীর মধ্যে এক সেতুবন্ধ। ডব্লিউ বি ইয়েটস ও আঁদ্রে জিদের মতো ইউরোপের সেরা মানুষেরা তাঁর প্রতি মুগ্ধ হয়েছেন, এমনকি হিস্পানিক জগতেও অনেক উৎসাহী পাঠক তিনি পেয়েছেন। তিনি বুয়েনেস এইরেস ভ্রমণ করেছেন; ছিলেন ভিক্তোরিয়া ওকাম্পোর বন্ধু। একটি কাব্যগ্রন্থও উৎসর্গ করেছিলেন তাঁকে। মহান কবি হুয়ান রামোন হিমেনেথ তাঁর স্ত্রী সেনোবিয়া কামপ্রুবির সঙ্গে যৌথভাবে অনুবাদ করেছিলেন রবীন্দ্রনাথের অনেক কবিতা। ওই অনুবাদগুলো পাবলো নেরুদাসহ সেকালের বহু তরুণ কবিকে প্রভাবিত করেছিল। নেরুদার প্রথম দিকের একটি বই বিশটি প্রেমের কবিতা ও একটি হতাশার গান-এর কোনো কোনো মুহূর্তে রবীন্দ্রনাথের কণ্ঠের প্রতিধ্বনি পাওয়া যায়। রবীন্দ্রনাথ রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নেননি বটে, কিন্তু তিনি ছিলেন ভারতের স্বাধীনতা এবং এর মূল্যচেতনার একজন আবেগপ্রবণ প্রহরী (তাঁর বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ভারতীয় সংস্কৃতি ক্ষেত্রে সংঘটিত বাংলা রেনেসাঁর অন্যতম কেন্দ্রীয় চরিত্র)। গান্ধিবাদী রাজনীতির সুনির্দিষ্ট কিছু দিক, যেমন—পশ্চিমা সভ্যতার সামগ্রিক বর্জন এবং বিদেশি বস্ত্র ও পণ্যের বহ্নি উৎসব ইত্যাদি নিয়ে কবির সমালোচনা ছিল (রবীন্দ্রনাথ বলতেন, ওই সব কাপড়চোপড় নির্বস্ত্র মানুষগুলোকে দিতে পারলে বরং আমার ভালো লাগত)। এ নিয়ে গান্ধী ও রবীন্দ্রনাথের মধ্যে সামান্য টানাপোড়েন হয়।গান্ধী ও রবীন্দ্রনাথের মধ্যে পরস্পরের প্রতি যে শ্রদ্ধাবোধ ছিল, এসব মতভেদের কারণে অবশ্য তাতে গভীর কোনো চিড় ধরেনি। তবে এ কথা স্মরণে রাখা ভালো, কবিদের সম্পর্কে ধারণাটি যদিও উল্টো, কিন্তু কবিরা সচরাচর কাণ্ডজ্ঞানেরই পরিচয় দিয়ে এসেছেন, সাধুদের সম্পর্কে যা অনেক সময় কেউ বলতে পারবেন না। কবি ও সাধুর মধ্যে সংলাপের বিনিময় কঠিন; কারণ, কোনোকিছু বলার আগে কবিকে অন্যদের শুনতে হয়— যেমন ধরা যাক, ভাষাকে, যা প্রত্যেকের এবং কারোরই নয়। আর সাধু কথা বলেন ঈশ্বরের বা নিজের সঙ্গে—নীরবতার দুই প্রতিমূর্তি।অনুবাদ: সাজ্জাদ শরিফ