কবি কাজী কাদের নওয়াজের জন্মদিন পালনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব শিক্ষক দিবসে ‘শিক্ষকের মর্যাদা’ নামের অমর কবিতার লেখক কবি কাজী কাদের নওয়াজের জন্মদিন ১৫ জানুয়ারি পালনের দাবি জানানো হয়েছে। মাগুরায় ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওই দাবি জানানো হয়। মাগুরা জেলা প্রশাসনের সহযোগিতায় মাগুরা ডা. আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশন স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে এই আলোচনা ও সুধী সমাবেশের আয়োজন করা হয়। এর আগে শহরে শোভাযাত্রা বের হয়। এবার শিক্ষা দিবসের প্রতিপাদ্য ছিল ‘জাতি গঠনে শিক্ষক সমাজের ভূমিকা’। ফাউন্ডেশনের সভাপতি কুচিয়ামোড়া ইউপি চেয়ারম্যান সাজজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সাংসদ এম এস আকবর। বিশেষ অতিথি ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবুল বাসার মোল্লা, মাগুরা জেলা প্রশাসক সুশান্ত কুমার সাহা, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. সুজায়েত ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু ও শালিখা উপজেলা চেয়ারম্যান শ্যামল কুমার দে। অন্যান্যের মধ্যে কুষ্টিয়া জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার রুহুল আমিন, মাগুরা জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন খান, টাঙ্গাইল জেলার ৩০ বছর ছুটি না নেওয়া শিক্ষক মো. বাহাজ উদ্দিন ফকির, মো. তারিকুজ্জামান, কুদ্দুস বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শিক্ষা কর্মকর্তা মো. ওহিদুজ্জামান। বক্তারা ‘শিক্ষকের মর্যাদা’ শীর্ষক কবিতার লেখক কবি কাজী কাদের নওয়াজের জন্মদিন ১৫ জানুয়ারিকে ‘বিশ্ব দিবস’ হিসেবে ঘোষণার জন্য সরকারের কাছে দাবি জানান। অনুষ্ঠানে ‘শিক্ষকের মর্যাদা’ কবিতাটি পাঠ করে শোনানো হয়। অনুষ্ঠানে মাগুরা জেলার সেরা ১০টি মাধ্যমিক বিদ্যালয়কে ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়। বিদ্যালয়গুলো হলো—মাগুরা সরকারি বালক ও বালিকা উচ্চবিদ্যালয়, মহম্মদপুর আরএসকেএইচ ইনস্টিটিউশন, শালিখার শতখালী, শ্রীহট্ট ও সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয়, আড়পাড়া আইডিয়াল হাইস্কুল, আমিয়ান বালিকা বিদ্যালয়, কুল্লিয়া-কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী মাধ্যমিক বিদ্যালয় ও শ্রীপুর মহেশচন্দ্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়। অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. ওহিদুজ্জামানের ‘মাধ্যমিক শিক্ষার উত্তরণ’ শীর্ষক দুটি গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে মাগুরা ও কুষ্টিয়া জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, মাগুরার বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন অংশ নেন।