বছর পাঁচেক আগের কথা। নেত্রকোনার বারহাট্টার চাট্টা গ্রামের শীলবাড়িতে ধামাইল গানের আসর। বৈশাখের ধুলা উড়িয়ে ভরদুপুরে আমরা হাজির হয়েছি। বাড়ির পুরুষ মানুষ কাজকামে সব বাইরে। এ মওকায় মেয়ে মেয়ে মিলে জোর গানবাজনা হবে—গত রাতে পয়লা বৈশাখের অনুষ্ঠান শেষে দলনেত্রী বেলা রানি শীল মঞ্চের পেছনে দাঁড়িয়ে আমাদের এমনই আশ্বাস দিয়েছিলেন। তিনি হয়তো ভাবতে পারেননি, তাঁর আলো-আঁধারি ইশারায় পরদিনই আমরা নেত্রকোনা থেকে বারহাট্টায় ছুটে আসব। বাড়িতে যেন ডাকাত পড়েছে, তিনি আমাদের দেখামাত্র হইচই জুড়ে দিলেন। ঘরে ঘরে লোক পাঠানো হলো গায়েনদের ধরে আনতে। চারদিকে হুলস্থুল। ঘরের পৈঠায়, মজা পুকুরের পাড়ে, উঠানে মানুষ ধরে না। এক-দুজন গায়েনও পায়ে পায়ে জড়ো হয়েছেন। তবে গত রাতে নেত্রকোনার মঞ্চে নেচে-গেয়ে গা ব্যথা, গলাও বসে গেছে। এর মধ্যে ঘরে অতিথি বসিয়ে বেলারানীর বাড়ি আগুন মাঙতে আসেন পড়শি সুরবালা। হাতে এক মুঠো পাটখড়ি। উঠানের কোনায় তাঁকে উজিয়ে উঠতে দেখে কে যেন বলে উঠল, ‘তাইনে রামায়ণী গীত করঐন।’ আর যায় কোথায়! ‘উঠ ছুঁড়ি তোর বিয়া’ বলে প্রৌঢ়া সুরবালাকে পাঁজাকোলা করে আমাদের সামনের পিঁড়িতে বসিয়ে দেওয়া হলো। বাঁশের মাচায় ঝুলছিল গত রাতের অনুষ্ঠানের গাঁদা ফুলের মালা। এ তুলে এনে নাতিপুতির বয়সীরা জোরজবরদস্তি করে তাঁকে পরাবেই। সুরবালার দম ফেলারও ফুরসত নাই, এর মধ্যে জিকির ওঠে—সীতার বনবাস, সীতার বনবাস।যদিও ধামাইল গান রেকর্ড করার জন্য আমাদের এত দূর ছুটে আসা, ‘শুন সখীগণ’ সুরবালার মুখে চন্দ্রাবতীর ধুয়ো শুনে আমরা নড়েচড়ে বসি। তারপর ‘ভূমিতে আঁকিলে রাবণ দেখবাম কতক্ষণ/পাঙ্খায় তুলিলে রাবণ দেখবাম সর্বক্ষণ’ এই বলে কুকুয়া ননদিনী যখন সীতাদেবীকে রাবণরাজার ছবি আঁকার ফরমাস করে, তখন মনে যেটুকু সংশয় ছিল, তা-ও উবে যায়। কেননা রাজা দশরথ আর কৈকেয়ীর কন্যা কুকুয়ার উল্লেখমাত্র নেই বাল্মীকি কিংবা কৃত্তিবাসে। তার সাক্ষাৎ মেলে কেবল চন্দ্রাবতীর রামায়ণ-এ। সেই গীত অতিথি সৎকার থুয়ে আকুল হয়ে গাইছেন সুরবালা।সীতা হরণকালে সাগরের বুকে ছায়া পড়েছিল দশমুণ্ডধারী, কুড়ি হস্তের লঙ্কেশ্বর রাবণের। ননদিনীর ছলনায় সীতাদেবী সেই তসবির তালপত্রের হাতপাখায় আঁকলেন। আঁকতে আঁকতে পঞ্চমাসের গর্ভবতী পেরেশানে ঘুমিয়ে পড়লেন। রাজা রামচন্দ্র তখন রাজদরবারে। সেখানে রটানো হলো, রাবণ বুকে লয়ে সীতা অঘোরে নিদ্রা যাচ্ছেন।রামের দশা তখন, চন্দ্রাবতী কহে, ‘রক্তজবা আঙ্খি রামের গো, শিরে রক্ত উঠে/নাসিকার অগ্নিশ্বাস গো ব্রহ্মরন্ধ্র ফুটে।’ তখন, তখন সীতার নির্বাসনদণ্ড জারি হয়ে যায়। এর ভার পড়ে ভ্রাতা লক্ষ্মণের ওপর। সুরবালা গাইছেন, ‘গরু-মইষে যেইখানে খায় না বনের ঘাস/সেইখানে দিয়া আসো সীতা বনবাস।’মালা থেকে ঝুরঝুরিয়ে পড়ে বাসি ফুলের পাপড়ি, চোখে ঝরে ফোঁটা ফোঁটা অশ্রুবারি। সীতার দুঃখে কান্দে সুরবালা; কান্দে সখীগণ। তাঁদের কাঁদায় চার শতাধিক বছর আগেকার কিশোরগঞ্জের পাতুয়ারি গাঁয়ের কন্যা চন্দ্রাবতী।২.চন্দ্রাবতীর রামায়ণগীত রচনার আড়ালেও আছে এক মর্মন্তুদ কাহিনি। তা রচেছেন আরেক মৈমনসিংহ গীতিকার নয়ানচাঁদ ঘোষ, চন্দ্রাবতীর মৃত্যুর ৫০ বছর পর। গীতিকার নাম চন্দ্রাবতী। সেখানে চন্দ্রাবতীর বাল্যসখা জয়ানন্দ। বিহানে চারকোনা পুষ্কনির ধারে ধারে ঘুরে দুজনে ফুল তোলে। লম্বা গাছের ডাল টেনে ধরে জয়ানন্দ, বেছে বেছে রক্তজবা চয়ন করে চন্দ্রাবতী; বাবা দ্বিজ বংশীদাসের শিবের অর্ঘ্য। তা বাদে সখাসখী বসে কবিতা রচে। ভাব-বিনিময়ও হয় দুজনার। কাব্যচর্চা, চিঠি চালাচালি আর পুষ্প চয়নের দিন পলকে ফুরায়। নাগর জয়ানন্দের মন উড়ু উড়ু। দিন থাকতে সে ছুটে যায় সুন্ধা নদীর কূলে। সেখানে কলসি কাঙ্খে জল ভরতে আসে যবনকন্যা আসমানি। তার প্রেমে দেওয়ানা জয়ানন্দ। সে প্রেমপত্র লিখে সুন্ধার তীরে হিজলগাছের গোড়ায় থুয়ে দেয়, যেন ঘাট বেয়ে উঠতে-নামতে আসমানির তা নজরে পড়ে। বিষয়টা বোধ করি গোপনই ছিল। আচমকা দ্বিজ বংশীদাসের বাড়ি বার্তা আসে—আসমানিকে সাদি করে জয়ানন্দ ধর্মান্তরিত হয়েছে।নয়ানচাঁদের বয়ানে, এরপর বেশ কিছুদিন চন্দ্রা পাষাণ-প্রতিমা হয়েই রইলেন। মুখে কথা নেই। নাওয়া-খাওয়াও বন্ধ। ওদিকে বাড়িতে ঘটকের আনাগোনা। এ তরফ থেকে পাত্র বাছাইয়ের কাজও শুরু হয়ে গেছে। চন্দ্রা ধরনা দিলেন পিতার মন্দিরে। অবিবাহিত থাকার আরজি জানালেন। বললেন, শিবপূজা করেই বাকি জীবন কাটিয়ে দেবেন। কবি-পিতা তা কবুল করলেন, সেই সঙ্গে বললেন, ‘শিবপূজা কর আর লেখ রামায়ণ।’নয়ানচাঁদ কথিত ব্যর্থ প্রণয়ের কথা চন্দ্রাবতীর কাব্য-গাথায় অব্যক্তই রয়েছে। রামায়ণ-এর ভণিতার দুটি ছত্রে এর সামান্য ইঙ্গিত মেলে— ‘বাড়াতে দরিদ্রজ্বালা কষ্টের কাহিনী/তান ঘরে জন্ম নিলা চন্দ্রা অভাগিনী।’ তা ছাড়া পিতার কথাতেই যে চন্দ্রা রামায়ণ লিখতে শুরু করেন, এর উল্লেখ আছে ভণিতার শেষাংশে। যেমন, ‘বিধিমতে প্রণাম করি সকলের পায়/পিতার আদেশে চন্দ্রা রামায়ণ গায়।’রামায়ণ-এর ভণিতার আরেকটি তাৎপর্যময় দিক হলো, বাংলার শ্যামল-সজল নিসর্গ আর আমজনতার ঘর-গেরস্থালি তাতে বাঙ্ময় হয়ে উঠেছে। শুরুর অপূর্ব কটি চরণ: ‘ধারাস্রোতে ফুলেশ্বরী নদী বহে যায়/বসতি যাদবানন্দ করেন তথায়/ভট্টাচার্য বংশে জন্ম, অঞ্জনা ঘরনী/বাঁশের পালার ঘর ছনের ছাউনি।’ সেই যাদবানন্দ-অঞ্জনার পুত্র দ্বিজ বংশীদাস। মনসার ভাসান গীত গেয়ে বেড়ানো চারণকবি। একসময় মনসার বরে সংসারের দরিদ্রদশা খানিকটা ঘুচলো। বাবা-মা, শিব-শিবা আর তৃষ্ণা-নিবারক ফুলেশ্বরীর চরণ বন্দনা করে রামায়ণ লিখতে বসলেন চন্দ্রাবতী।পাষাণ-শিলা দিয়ে গড়া হয়েছে শিবমন্দির। চন্দ্রাবতী সেখানে পূজা-অর্চা করেন আর ছন্দে ছন্দে লেখেন রামায়ণ গীত। এভাবে বছর গুজরিয়া যায়। মন্দির চাতালে হাজির হয় জয়ানন্দ। হাতে মার্জনা চেয়ে লম্বা চিঠি। চিঠি পড়ে অতীতের অনেক স্বপ্নের কথা মনে পড়ে চন্দ্রাবতীর। কিন্তু পিতা অনঢ়, ‘শুন ওগো প্রাণের কন্যা আমার কথা ধর/একমনে পূজ তুমি দেব বিশ্বেশ্বর।’বছর তিনেক পর এক আমপাকা দিনে ফের জয়ানন্দ হাজির। মন্দিরে দোর লাগিয়ে চন্দ্রাবতী তখন গভীর তপস্যায় মগ্ন। চোখের পানি শুকিয়ে গেছে। শৈশবের ফুল তোলা, মালা গাঁথার স্মৃতিও অন্তর্হিত। বাইরে তুমুল বজ্রবৃষ্টি। ঘন ঘন দুয়ারের কড়া নড়ে। জয়ানন্দের কাকুতি-মিনতি ঝড়ের ঝাপটায় হারিয়ে যায়। যুবতী যোগিনীর সাড়া মেলে না। অধীর প্রেমিক রক্তমালতীর রসে মন্দিরগাত্রে লেখে শেষ বিদায়পত্র। সেই লেখা রাত পোহালে পর চন্দ্রাবতী দোর খুলে দেখলেন। নদীর ঘাটে ছুটে গেল নারী। তখন নদীতে জোয়ার বইছে, ঢেউয়ের দোলায় ভাসছে জয়ানন্দের মৃতদেহ। চন্দ্রাবতীর অবস্থা তখন, নয়ানচাঁদ জানাচ্ছেন, ‘আঁখিতে পলক নাহি মুখে নাই সে বাণী/পাড়েতে খাড়াইয়া দেখে উমেদা কামিনী।’ এরপর নাকি চন্দ্রাবতী বেশি দিন বাঁচেননি। তাঁর ‘খণ্ডিত’ রামায়ণ-এর হয়তো এই কারণ।৩.নয়ানচাঁদের চন্দ্রাবতী পাঠের পর একরকম আন্দাজ হয়, ভাঙামন নিয়েই চন্দ্রাবতী রামায়ণ লিখতে বসেছিলেন। জয়ানন্দ কেবল তার প্রেমিক ছিল না; আবাল্য সখা, কাব্যচর্চার সঙ্গী। এমন লোকের প্রতারণা, আচমকা গায়েব হয়ে যাওয়া ফেলে আসা গোটা জীবনের ওপরই পর্দা টেনে দেয়। কবি চন্দ্রার জন্য তা মোকাবিলা সহজ ছিল না। সংবেদনশীল পিতাও সেটি অন্তর দিয়ে বুঝলেন। রামায়ণ নাম দিয়ে কন্যা আদতে লিখতে শুরু করলেন দুখিনী সীতারই কাহিনি। তাতে রামভক্তির বালাই নেই, আছে সীতার পক্ষ লয়ে মহাত্মা রামের প্রতি গাদা গাদা তিরস্কার, অভিসম্পাত। চন্দ্রাবতী যেন সীতার দুঃখে এক হাতে চোখ মুছচ্ছেন, আরেক হাতে কলম শানাচ্ছেন। রামচন্দ্রের নিস্তার নাই।চন্দ্রাবতীর রামায়ণ শুরু হয়েছে সুবর্ণলঙ্কা, রাবণরাজার বৃত্তান্ত আর সীতা ও রামের জন্মকথা দিয়ে। এখানে গুণে-মানে-বিস্তারে রামের জন্মকাহিনি সীতার চেয়ে খাটো। তারপর সখী পরিবেষ্টিত সীতাদেবী গাইছেন বারোমাসী; নারীমহলের গীত। এ পর্বে ‘শুন সখীগণ’ ধুয়ো ধরে বালকাণ্ড, অরণ্যকাণ্ড থেকে লঙ্কাকাণ্ড তিনি এক বসায় খতম করে দিলেন। তাতে সীতার সুখের দিনে শ্যামল-তরুণ স্বামীর জেল্লা দেখা গেছে। তবে এ রোশনাই প্রেমিকের, বীরপুঙ্গব রামের নয়। একবার স্বর্ণমৃগের বেশ ধরে রাক্ষস মারীচ যখন পঞ্চবটী বনে উদয় হয়, তখন রামের বীরত্ব ফলানোর মওকা মিলেছিল। তা-ও ভেস্তে গেল চন্দ্রাবতীর কলমের খোঁচায়।চন্দ্রাবতীর রামায়ণ-এ উত্তরকাণ্ডেরই প্রাধান্য বেশি। সে কলেবরের দিক দিয়ে, আর তা করুণ রসেও গভীর। সীতার বনবাস, বাল্মীকি মুনির আশ্রমে একা নারীর সন্তান পালন, অগ্নিপরীক্ষা, ধরিত্রী-প্রবেশ। চাট্টার সুরবালাও সীতার বনবাস দিয়েই রামায়ণ গীত শুরু করেন। নিজের জানাশোনা দুনিয়া থেকে তুলে আনা পথের বর্ণনা, ধূলি-বালি, ঘাম-জল। এর মিল, গরমিল দুই-ই আছে চন্দ্রাবতীর রামায়ণ-এর সঙ্গে।চন্দ্রাবতীর কাব্যের লক্ষ্মণ পুষ্পকরথে চড়িয়ে সীতাকে তপোবনে পৌঁছে দিয়েছিলেন। সুরবালা ধূলিমাখা দুস্তর পথ হাঁটিয়ে নিয়ে গেলেন দেওর-ভাজকে। তবে সড়কের পাশ দিয়ে, যেখানে গাছের ছায়া আছে। এ হচ্ছে মৌখিক সাহিত্যের মহিমা। মুখে মুখে তা নতুন হয়ে ওঠে।বীররসে বিমুখ চন্দ্রাবতী চার লাইনেই লঙ্কাকাণ্ডের ইতি টেনেছিলেন। কিন্তু যুদ্ধের ক্ষত তো সহজে শুকায় না। সীতাও যুদ্ধ-ফ্যাসাদের বলি। লঙ্কাপুরীর অঙ্গনাদের হাহাকার আচমকাই সীতা নির্বাসনকালে চন্দ্রার কাব্যে ফিরে আসে। পুষ্পকরথ থেকে নেমে সীতা নির্জন বনের ধারে গাছের ছায়ায় দাঁড়িয়েছেন। দাদার কুমতলব ফাঁস করে দিয়ে বিদায় হবেন লক্ষ্মণ। সীতার পায়ের নিচের জমিন টলে ওঠে। রাজসুখে যে নিকট-অতীতের কথা ভুলে বসেছিলেন সীতারানি, বড় দুঃখে আজ তা মনে পড়ে, ‘আমার লাইগা সোনার লঙ্কা গো হইল ছারখার/আমি ত শুইনাছি লক্ষ লক্ষ নারীর হাহাকার/পতি-হারা পুত্র-হারা গো, লক্ষ লক্ষ নারী/অভিশাপ দিয়াছে মোরে গো, বড়ো দুঃখে পড়ি।’কারণ যা-ই থাক, এ যেন পেছন ফিরে নারীর অন্তরের দগদগে ঘা দেখা, মিশিয়ে নেওয়া নিজের সঙ্গে। সে শত্রু-মিত্র যে-ই হোক। লক্ষ্মণ অধোবদন। চোখের জল ফেলতে ফেলতে রথে চড়ে ফিরতিপথ ধরলেন।সুরবালাও অন্যত্র লক্ষ্মণের প্রতি বেশ সদয়। সীতা তখনো অযোধ্যাপুরীতে ঘুমে অচেতন। রামের আজ্ঞায় লক্ষ্মণ শমন নিয়ে কেঁদে কেঁদে হাজির হন অন্দরমহলে। সুরবালা গাইছেন, ‘উঠো উঠো বউদি গো কত নিদ্রা যাও/ঠাহুরদাদার হুকুম হইছে সীতা বনে দাও।’লক্ষ্মণের ডাক সীতা শুনেছেন, তবে মর্মে পশেনি। ‘সাজিয়া-পরিয়া সীতা রামের সামনে যায়/তবু পাপিষ্ঠী রাম ফিরিয়া না চায়।’রাম অবতার পাপিষ্ঠী! চন্দ্রাবতীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সুরবালাও যেন উচিত কথা কওয়ার স্পর্ধা রাখেন। নারীমহলে হয়তো অনাদিকাল থেকেই এর চল ছিল। বাইরের দুনিয়ায় যতই প্রজাপালক, ধর্মপ্রাণ রাজা রামচন্দ্রের জয়গান গাওয়া হোক, তাঁকে জুতসই গাল পেড়ে নারীকুলই সীতার প্রতি সমবেদনা সর্বদা জারি রেখেছে। কবি চন্দ্রাবতী এর পুরোধা কি না, কে জানে?রামায়ণ ছাড়াও চন্দ্রাবতীর আরও দুটি প্রণীত কাব্য—সুন্দরী মলুয়া, দস্যু কেনারাম। সব কটাই লোকমুখ থেকে সংগৃহীত, লিখিত আকারে পাওয়া যায়নি। সংগ্রাহক চন্দ্রকুমার দে। তিনি আরও জানাচ্ছেন, বিয়ে, ভাসান, ব্রত মিলিয়ে বিস্তর মনমাতানো গান রয়েছে চন্দ্রাবতীর। তাঁর পাশা খেলার গানের দুটি কলি ‘কি আনন্দ হইল সইগো রস বিন্দাবনে/শ্যাম নাগরে খেলায় পাশা মন-মোহিনীর সনে।’খাতা না, বই না; আজ অবধি মুখে মুখে জিইয়ে আছে চন্দ্রাবতীর নাম-যশ, কবিকীর্তি।তথ্যসূত্রমৈমনসিংহ-গীতিকা (প্রথম ও দ্বিতীয় খণ্ড)—দীনেশচন্দ্র সেন সম্পাদিত; গতিধারা, ঢাকা।চন্দ্রকুমার দে অগ্রন্থিত রচনা (প্রথম খণ্ড)—শামসুজ্জামান খান সম্পাদিত; বাংলা একাডেমী, ঢাকা।চন্দ্র-মল্লিকা—নবনীতা দেবসেন; সাপ্তাহিক দেশ, ২৫ জানুয়ারি ১৯৯৭, কলকাতা।