কবি তুষার করের হীরকজয়ন্তী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে প্রকাশিত দুর্জয় বাংলা পত্রিকার সম্পাদক ও কবি তুষার কর গত ৫ ডিসেম্বর ৬০ বছরে পদার্পণ করেছেন। দিনটি স্মরণীয় করে রাখতে কবির শুভানুধ্যায়ীরা ৪ ডিসেম্বর সন্ধ্যায় মিলিত হয়েছিলেন নগরের নয়াসড়ক এলাকার একটি অভিজাত রেস্তোরাঁয়। ওই সময় সবাই মিলে পালন করেছেন কবি তুষার করের হীরকজয়ন্তী। অনুষ্ঠানে কবিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন কবি-সাহিত্যিক-সাংবাদিক-সংস্কৃতিকর্মীরা।কবি-সম্পাদক-সাংস্কৃতিক সংগঠক শুভেন্দু ইমাম ছিলেন অনুষ্ঠানের সঞ্চালক। ‘প্রিয়জন-সঙ্গ’ শিরোনামের অনুষ্ঠানে সঞ্চালক শুরুতেই বলেন, ‘কবি তুষার কর আমাদের অতি আপনজন। তিনি সহজ-সরল জীবনের অধিকারী। আপদমস্তক প্রগতিশীল এই মানুষটির হীরকজয়ন্তীতে আমরা শুভানুধ্যায়ীরা মিলিত হয়েছি কবিকে অভিনন্দন জানাতে। তাঁর প্রতি আমাদের হূদয়ের গভীর থেকে ভালোবাসা জানাই।’ শুরুতেই সব শুভানুধ্যায়ীর পক্ষে কবিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আরশ আলী। পরে চাদর পরিয়ে কবিকে বরণ করে নেন প্রবীণ সংগীতজ্ঞ পণ্ডিত রামকানাই দাস। এরপর আগত সবাই একে একে কবিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে কবির শতায়ু কামনা করেন।কবিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন নাট্যব্যক্তিত্ব হেমচন্দ্র ভট্টাচার্য, অনুবাদক-লেখক সুরেশ রঞ্জন বসাক, সিপিবির সভাপতি বেদানন্দ ভট্টাচার্য, বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেটের নির্বাহী কর্মকর্তা শামসুল আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অম্বরীষ দত্ত, বিশিষ্ট সাংবাদিক তাপস দাস পুরকায়স্থ. শিশু একাডেমী সিলেটের সংগঠক মাহবুবুজ্জামান চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সুধাময় মজুমদার, গল্পকার তাপসী চক্রবর্তী লিপি, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাবেক সভাপতি নিরঞ্জন দে, কবি জফির সেতু, গল্পকার প্রশান্ত মৃধা, কবি মোস্তাক আহমাদ দীন, ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক শাহেদা আক্তার প্রমুখ। সংগীত পরিবেশন করেন পণ্ডিত রামকানাই দাস, চন্দ্রাবতী রায়বর্মণ, হিমাংশু বিশ্বাস, রানাকুমার সিনহা, প্রতীক এন্দ, চিত্রলেখা কর, অজন্তা অর্জুন চৈতি, অনামিকা রায় প্রমুখ। আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট আবৃত্তিকার অম্বরীষ দত্ত, সুবিমল সেনাপতি, জ্যোতি ভট্টাচার্য, তন্ত্রী ভট্টাচার্য প্রমুখ। কবি তুষার করের একমাত্র মেয়ে প্রজ্ঞা পারমিতা কর। সম্প্রতি সে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দিয়েছে। ওই দিন সে ‘বাবাকে যেমন পেলাম’ শিরোনামে স্বরচিত একটি কবিতা পাঠ করে। কচি কণ্ঠে সে এক নিঃশ্বাসে বলে যায়, ‘আজকে আমার বাবার জন্মদিন/বাবার জন্য শুভেচ্ছা আজ রইল অন্তহীন।’সবশেষে কবি তুষার কর তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘জীবনে যা বিশ্বাস করেছি, তাই আমি কোনো ভণিতা না করেই এত দিন ধরে বলে আসছি। কোনো কপটতা কিংবা মিথ্যা আমাকে পথচলায় বিচ্যুত করতে পারেনি। বিশ্বাস করুন, আপনাদের ভালোবাসায় আমি ধন্য। এ ভালোবাসার ঋণ শোধ করার নয়। আজীবন আপনাদের সঙ্গে আমি পাশাপাশি পথ চলতে চাই।’উল্লেখ্য, কবি-ছড়াকার তুষার কর ১৯৫০ সালের ৫ ডিসেম্বর সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা-বাগানে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকাশিত একমাত্র গ্রন্থটি হচ্ছে আমার কিছু কথা আছে (২০০৫)। তিনি বাংলাদেশের প্রধান কবি শামসুর রাহমান ও সংগীতজ্ঞ ওয়াহিদুল হকের একান্ত সান্নিধ্য পেয়েছিলেন। কবিতা-ছড়া লেখার পাশাপাশি বিভিন্ন প্রগতিশীল আন্দোলনে তিনি কলমসৈনিকের ভূমিকা পালন করেছেন। তিনি পেশাগত জীবনে একজন ব্যাংক কর্মকর্তা হিসেবে অবসর নিয়েছেন। শ্রুতির প্রকাশনা উৎসব: সাহিত্য-সংস্কৃতির সংগঠন শ্রুতি প্রতিষ্ঠার ১০ম বর্ষ পূর্তি উপলক্ষে নবম বর্ষপূর্তি সংখ্যার প্রকাশনা উৎসব পালন করা হয়েছে। ৪ ডিসেম্বর বেলা পাঁচটায় নগরের জিন্দাবাজার এলাকার সিলেট নজরুল একাডেমীতে এ উৎসব হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট লেখক-অনুবাদক সুরেশ রঞ্জন বসাক, সচেতন নাগরিক কমিটির (সনাক) সিলেটের আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরী, কলাম লেখক রফিকুর রহমান লজু, প্রবীণ লোকসংগীত শিল্পী চন্দ্রাবতী রায়বর্মণ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবতোষ রায়বর্মণ রানা, কাউন্সিলর সালমা সুলতানা। সংগঠনের সহসভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব সুকান্ত গুপ্ত। উৎসবে গান ও কবিতা আবৃত্তিতে অংশ নেন সুমন্ত গুপ্ত, সুজিত বিশ্বাস, মৌসুমি তালুকদার, পরেশ পাল, কান্তা রায়, লোপা কর, সুমন্ত গুপ্ত প্রমুখ। মেঠোসুরের সম্মাননা প্রদান অনুষ্ঠান: ব্রিটিশবিরোধী আন্দোলনের কর্মী ও মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীণ বিপ্লবী লালমোহন রায়কে সম্মাননা প্রদান করা হয়েছে। সিলেটের লোকসংস্কৃতিবিষয়ক সংগঠন মেঠোসুর গত ৩ ডিসেম্বর বিকেলে মালনীছড়া চা-বাগান এলাকায় এ সম্মাননা দেয়। সংগঠনের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যুৎকুমার বিশ্বাস, বিমান তালুকদার, মাসুদুর রহমান, মো. নবী হোসেন, নুরুল হক, আলমগীর হোসেন, মিজানুর রহমান, সেলিম ভূঁইয়া, সুবল পাল, বিপ্রেশ রায়, প্রভা ভৌমিক, কৃষ্ণা তালুকদার, শেলী রায় প্রমুখ। শিল্পী সুষমা দাশের সংবর্ধনা: প্রবীণ লোকসংগীতশিল্পী সুষমা দাশকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ২৫ নভেম্বর সন্ধ্যায় উপশহরের একটি ফাইভ স্টার হোটেলে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। লালন শাহ ফাউন্ডেশন ইউকে ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন সংগঠনের চেয়ারম্যান এইচ এম বাবুল হোসাইন।